মৌলভীবাজারের জুড়ীতে থানা থেকে বাসায় ফেরার পথে এক নারী পুলিশ কনস্টেবলকে তুলে নেওয়ার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১০ নভেম্বর) রাত আটটার দিকে উপজেলা সদরের হরিরামপুর এলাকায় পশ্চিম জুড়ী ইউনিয়ন পরিষদ কার্যালয়ের কাছে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত দুই তরুণকে শনাক্ত করে আটকের চেষ্টা চালাচ্ছে পুলিশ।
ওই নারী কনস্টেবল জুড়ী থানায় কর্মরত। তার স্বামীও একই থানায় কনস্টেবল হিসেবে দায়িত্ব পালন করছেন। তারা পশ্চিম জুড়ী ইউনিয়ন পরিষদের কাছে একটি বাসায় ভাড়া থাকেন।
নারী পুলিশ সদস্যের স্বামী জানান, থানায় দায়িত্ব পালন শেষে তাঁর স্ত্রী প্রায়ই হেঁটে একা বাসায় ফেরেন। মঙ্গলবার রাত আটটার দিকে দায়িত্ব শেষ করে বাসায় ফেরার সময় তিনি পুলিশের ইউনিফর্ম পরা ছিলেন না। পশ্চিম জুড়ী ইউনিয়ন পরিষদের কাছে নির্জন স্থানে পৌঁছালে পেছন দিক থেকে এক তরুণ তাঁর স্ত্রীর মুখ চেপে ধরেন। পরে তাঁকে জোর করে সড়কের পাশের একটি ফাঁকা জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় সেখানে একটি মোটরসাইকেলে আরেক তরুণ অপেক্ষা করছিলেন।
তাঁর স্ত্রী চিৎকার শুরু করলে দুই তরুণ মোটরসাইকেল নিয়ে দ্রুত রেলস্টেশনের দিকে চলে যান। এ ঘটনায় তাঁর স্ত্রীর কাছ থেকে কোনো কিছু ছিনিয়ে নেওয়া হয়নি বলেও জানান তিনি। বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে পরামর্শ করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
ঘটনাস্থলের কাছেই স্থানীয় বিএনপি নেতা এমদাদুল হকের বাড়ি। তিনি জানান, হঠাৎ চিৎকার শুনে আশপাশের লোকজনের সঙ্গে তিনিও তাঁর স্ত্রীকে নিয়ে ঘটনাস্থলে ছুটে যান। প্রতিবেশী হওয়ায় তাঁরা ওই নারী পুলিশ সদস্যকে চিনতে পারেন। পরে থানার অন্য কর্মকর্তারাও ঘটনাস্থলে আসেন।
জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, ঘটনাস্থলটি অন্ধকার ছিল। তবে আশপাশের বিভিন্ন স্থানে থাকা সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করা হয়েছে। একটি ফুটেজে মোটরসাইকেলে থাকা দুই তরুণকে দেখা গেছে। নারী পুলিশ সদস্য হেঁটে যাওয়ার সময় তাঁদের একজন পিছু নেন। এর কিছুক্ষণ পর আশপাশের লোকজনকে ঘটনাস্থলের দিকে দৌড়ে যেতে দেখা যায়।
ওসি আরও জানান, প্রাথমিকভাবে ঘটনাটিকে ছিনতাইয়ের চেষ্টা বলে ধারণা করা হচ্ছে। এতে জড়িত দুই তরুণকে শনাক্ত করে আটকের চেষ্টা চলছে।