শ্রীমঙ্গলে ছাত্রশক্তি নেতার ওপর হামলার প্রতিবাদে সড়ক অবরোধ

আপডেট : ১১ নভেম্বর ২০২৬, ০৫:১৩ এএম

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার সভাপতি হাসিব আল ইসলামের ওপর হামলার ঘটনার প্রতিবাদে ও হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছেন বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা।   

মঙ্গলবার (১০ নভেম্বর) রাতে শহরের চৌমুহনা চত্বরে ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ করে বিক্ষুব্ধ নেতাকর্মীরা। প্রায় আধা ঘণ্টাব্যাপী চলা এই কর্মসূচিতে বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং জুলাই যোদ্ধারা অংশ নেন।   

বিক্ষোভ সমাবেশ থেকে হামলায় জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। একইসঙ্গে হামলায় জড়িত নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ নেতা হাবিবুর রহমানকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের আলটিমেটাম দেয়া হয়।

জানা যায়, গত ৮ নভেম্বর হাসিব আল ইসলাম সস্ত্রীক শ্রীমঙ্গলের রাধানগর এলাকার বালিশিরা রিসোর্টে ওঠেন। মঙ্গলবার দুপুর ১২টার দিকে রিসোর্ট থেকে বের হয়ে অটোরিকশায় করে শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে রওনা হওয়ার সময় রাধানগর এলাকায় তাদের পথরোধ করা হয়।   

ঘটনার ব্যাপারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক প্রীতম দাশ বলেন, জাতীয় ছাত্র শক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হাসিব আল ইসলাম তার স্ত্রীকে নিয়ে শ্রীমঙ্গলে বেড়াতে এসেছিলেন। ফেরার পথে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতা হাবিবুর রহমান ধারালো অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালান। পর্যটননগরী শ্রীমঙ্গলে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এবং এলাকায় অস্থিতিশীলতা সৃষ্টির যেকোনো অপচেষ্টা প্রতিহত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর পদক্ষেপ নিতে হবে। হাসিব তার শ্বশুরবাড়ি কুমিল্লা গিয়েছেন। সেখানে স্ত্রীকে রেখে পুনরায় শ্রীমঙ্গলে আসার পর এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হবে।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) সরকার আব্দুল্লাহ আল মামুন জানান, ঘটনার খবর পেয়ে পুলিশের একটি টহল টিম দ্রুত ঘটনাস্থলে পাঠানো হয়েছিল। ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে এই এখনো থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি।

সর্বশেষ সর্বাধিক পঠিত