নিষিদ্ধ বিদেশি প্রসাধনী বিক্রি, ফেনীতে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

ফেনীতে নিত্যপণ্য ও প্রসাধনসামগ্রী বিক্রিতে অনিয়মের দায়ে দুটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার (১১ নভেম্বর) দুপুরে শহরের শহীদ শহীদুল্লা কায়সার সড়ক ও বড় বাজার এলাকায় পরিচালিত বাজার তদারকি অভিযানে এ জরিমানা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ফেনী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আছাদুল ইসলাম অভিযানে নেতৃত্বে দেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, মূল্যতালিকা প্রদর্শন না করা, নিষিদ্ধ কেওড়াজল বিক্রি ও অনুমোদনহীন বিদেশি প্রসাধনসামগ্রী বিক্রির অভিযোগে প্রতিষ্ঠান দুটিকে জরিমানা করা হয়েছে। অভিযানে মেসার্স পারুল বাণিজ্য বিতানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৮ ও ৪৫ ধারায় ৫ হাজার টাকা ও মেসার্স কাতার চুড়ি হাউজ-কসমেটিকসকে ৩৭ ধারায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানকালে বিভিন্ন প্রতিষ্ঠানের ক্রয়ের ভাউচার ও বিক্রির তথ্য যাচাই করা হয়। পাশাপাশি দৃশ্যমান স্থানে মূল্যতালিকা প্রদর্শন, পণ্যের সরবরাহ, মজুত ও মূল্য পরিস্থিতি পর্যবেক্ষণ করা হয়। ভোক্তাদের সচেতন করতে ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে লিফলেট বিতরণ করা হয়। এসময় জেলা ব্যাটালিয়ন আনসারের একটি দল সহযোগিতা করে।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ফেনী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আছাদুল ইসলাম জানান, জনস্বার্থে এ ধরনের বাজার তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।