ফেনীতে চারজনকে অপহরণের ঘটনায় করা চাঞ্চল্যকর মামলার দুই পলাতক আসামিকে কক্সবাজারের টেকনাফ থেকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৫। গ্রেপ্তার দুজন ওই মামলার এজাহারভুক্ত ও অভিযোগপত্রে নাম থাকা আসামি।
মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে টেকনাফের হ্নীলা ইউনিয়নের রংগীখালী বাজারের মাইনউদ্দিন মার্কেটে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- খালেকুজ্জামান ওরফে খুইল্যা (২৮) ও নবী হোসেন (৩৪)। তারা দুজনই হ্নীলা ইউনিয়নের রংগীখালী জুম্মাপাড়ার বাসিন্দা।
এসআরবি-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-১৫ এর সিপিসি-১, টেকনাফ ক্যাম্পের একটি আভিযানিক দল এ অভিযান চালায়। ফেনীতে চারজনকে অপহরণের ঘটনায় করা মামলায় তারা দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।
গ্রেপ্তারের পর তাদের পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।