বাংলাদেশে ভারতীয় সিনেমা আমদানি ও মুক্তির ক্ষেত্রে শুরু থেকেই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন নির্মাতা ও চলচ্চিত্র পরিবেশক অনন্য মামুন। তার প্রতিষ্ঠান অ্যাকশন কাট এন্টারটেইনমেন্টের মাধ্যমে দেশে এসেছে একাধিক আলোচিত বলিউড সিনেমা। এবারও শাহরুখ খানের নতুন সিনেমা নিয়ে আগ্রহী এই পরিচালক। তার ইচ্ছা, বছরের বহুল প্রতীক্ষিত ছবি ‘কিং’ যেন বাংলাদেশের প্রেক্ষাগৃহেও মুক্তি পায়। সবকিছু ঠিক থাকলে দেশের দর্শকরাও বড় পর্দায় দেখতে পারবেন শাহরুখের নতুন এই সিনেমা।
সম্প্রতি ভারতীয় সিনেমা আমদানির বিষয়ে কথা বলতে গিয়ে নিজের ফেসবুকে বাংলাদেশে ‘কিং’ মুক্তির আগ্রহের কথা জানিয়েছেন অনন্য মামুন। তবে বিষয়টি এখনো চূড়ান্ত নয়। সিনেমাটি আমদানির জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি প্রয়োজন হবে। সাফটা চুক্তির নিয়ম ও সরকারি নীতিমালা অনুসরণ করেই প্রক্রিয়াটি এগিয়ে নিতে চান অনন্য মামুন। অনুমতি পাওয়া গেলে বাংলাদেশের প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তির পথ তৈরি হবে।
‘কিং’ নিয়ে দর্শকদের আগ্রহের বড় কারণ শাহরুখ খানের প্রত্যাবর্তন। ২০২৩ সালে ‘পাঠান’, ‘জওয়ান’ ও ‘ডানকি’ দিয়ে বক্স অফিসে দারুণ সাফল্য পাওয়ার পর বড় পর্দায় নতুন সিনেমা নিয়ে ফিরছেন বলিউড বাদশাহ। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ছবিটি ঘিরে এরই মধ্যে তৈরি হয়েছে ব্যাপক প্রত্যাশা।
ছবিটির গল্পে অপরাধজগতের এক প্রভাবশালী ডনকে কেন্দ্র করে ঘটনাপ্রবাহ এগিয়েছে। শহরের অপরাধজগত পরিচালিত হয় তার ইশারা ও সিদ্ধান্তে। সেই ডনের সঙ্গে রয়েছে এক শিষ্যার সম্পর্ক, যে তার নির্দেশ অক্ষরে অক্ষরে মেনে চলে। সিনেমায় ডন ও তার শিষ্যার চরিত্রে অভিনয় করছেন বাস্তব জীবনের বাবা-মেয়ে শাহরুখ খান ও সুহানা খান। ‘কিং’-এ শাহরুখের বিপরীতে নয়, বরং গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন দীপিকা পাড়ুকোন। এ ছাড়া অভিনয় করছেন অভিষেক বচ্চন, রানি মুখার্জি, অনিল কাপুর, জয়দীপ আহলাওয়াত, রাঘব জুয়াল, জ্যাকি শ্রফ, আরশাদ ওয়ারসি, সৌরভ শুক্লা, অভয় ভার্মাসহ আরও অনেকে। বড় তারকাদের এই সমাবেশ ছবিটিকে ঘিরে দর্শকদের আগ্রহ আরও বাড়িয়েছে।
ছবিটির পরিচালক সিদ্ধার্থ আনন্দ এর আগে ‘পাঠান’, ‘ওয়ার’ ও ‘ফাইটার’-এর মতো বড় বাজেটের সিনেমা নির্মাণ করেছেন। অ্যাকশনধর্মী গল্প, বড় আয়োজন এবং তারকাবহুল অভিনয়শিল্পীদের সমন্বয়ে ‘কিং’কেও বিশেষভাবে সাজানো হচ্ছে। ছবিটির পোস্টার প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শাহরুখভক্তদের মধ্যে আলোচনা চলছে। সিনেমাটি ২০২৬ সালের ২৪ ডিসেম্বর বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তির পরিকল্পনা রয়েছে। মুক্তির আগেই আন্তর্জাতিক পরিবেশনা স্বত্ব নিয়ে বড় অঙ্কের বাণিজ্যিক আলোচনা তৈরি হয়েছে।