বীর মুক্তিযোদ্ধাদের মাঝে ১,৯৩,৫১৮টি ডিজিটাল সনদ বিতরণ: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক জীবিত ও মৃত বীর মুক্তিযোদ্ধাদের মাঝে ১,৯৩,৫১৮টি ডিজিটাল সনদ বিতরণ করা হয়েছে। বিতরণকৃত ডিজিটাল সনদে ১৪ (চৌদ্দ)টি বিশেষ নিরাপত্তামূলক বৈশিষ্ট রয়েছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান।

বুধবার (১১ নভেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্ন উত্তর পর্বে সংসদ সদস‌্য রফিকুল ইসলাম হিলালীর এক প্রশ্নের লিখিত উত্তরে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এ সব কথা জানান। এ সময় ডেপুটি স্পিকার ব‌্যারিস্টার কায়সার কামাল অধিবেশনে সভাপতিত্ব করেন।

প্রশ্নে রফিকুল ইসলাম হিলালী জানতে চান প্রকৃত বীর মুক্তিযোদ্ধাদের তথ্য, গেজেট, সনদ ও সংশ্লিষ্ট নথিপত্র সমন্বিতভাবে সংরক্ষণের লক্ষ্যে একটি নির্ভুল ও হালনাগাদ ডিজিটাল ডাটাবেজ প্রণয়ন এবং ভুয়া সনদ শনাক্তকরণের জন্য তথ্য যাচাই ব্যবস্থা চালুর বিষয়ে সরকারের কোনো পরিকল্পনা রহিয়াছে কিনা; থাকিলে, তাহা বাস্তবায়নের সম্ভাব্য সময়সীমা কত?

উত্তরে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী  আহমেদ আযম খান বলেন, বীর মুক্তিযোদ্ধাদের সমন্বিত তালিকা এবং মুক্তিযোদ্ধার ৩৩ ধরনের প্রমাণক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইটে সংরক্ষিত ও প্রদর্শিত হচ্ছে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক জীবিত ও মৃত বীর মুক্তিযোদ্ধাদের মাঝে ১,৯৩,৫১৮টি ডিজিটাল সনদ বিতরণ করা হয়েছে। বিতরণকৃত ডিজিটাল সনদে ১৪ (চৌদ্দ)টি বিশেষ নিরাপত্তামূলক বৈশিষ্ট রয়েছে। এ বৈশিষ্টসমূহ সনাক্তকরণের মাধ্যমে আসল বা প্রকৃত ও নকল/জাল সার্টিফিকেট আলাদাভাবে চিহ্নিত করা যাবে। বিশেষ নিরাপত্তামূলক বৈশিষ্ট্যগুলো খুবই সুরুক্ষিত যা ভেদ করে/বাইপাস করে সাধারণভাবে জাল সার্টিফিকেট তৈরি করা প্রায় অসম্ভব।