বীর মুক্তিযোদ্ধা ও চিত্রশিল্পী সাঈদা কামাল মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ রবিবার (১৮ অক্টোবর) সকাল সাড়ে সাতটার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৭৪ বছর।
সাঈদা কামাল কবি সুফিয়া কামাল ও কামালউদ্দীন আহমদের মেয়ে। তিনি সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও ‘আমরাই পারি’র চেয়ারপারসন সুলতানা কামালের ছোট বোন।
রবিবার ‘আমরাই পারি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে তার মৃত্যুর খবর জানান।
সাঈদা কামাল দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। সর্বশেষ তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছিল। সেখানেই তার মৃত্যু হয়।
তার একমাত্র মেয়ে তিয়া আনসারি বিদেশে থাকায় তিনি দেশে ফেরার পর আগামী মঙ্গলবার সাঈদা কামালের দাফন হওয়ার কথা রয়েছে। এর আগে ধানমন্ডির তাকওয়া মসজিদে জানাজা অনুষ্ঠিত হবে। পরে আজিমপুর কবরস্থানে তাকে দাফন করা হবে।
সাইদা কামাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে পড়াশোনা করেন। পরে শান্তিনিকেতনের কলাভবনে নকশা বিষয়ে প্রশিক্ষণ নেন। দেশ-বিদেশে তার একাধিক একক ও যৌথ চিত্রপ্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় বড় বোন সুলতানা কামালের সঙ্গে বাংলাদেশ ফিল্ড হাসপাতালে কাজ করেন সাঈদা কামাল।