বাংলাদেশে কার্যক্রম শুরুর ৭৫ বছর পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য আয়োজন করেছে ব্রিটিশ কাউন্সিল। এ উপলক্ষে ঢাকায় সংস্থাটির কার্যালয়ে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে শিক্ষা, ইংরেজি ভাষা শিক্ষা, শিল্প ও সংস্কৃতির প্রসারে দীর্ঘদিনের কার্যক্রম তুলে ধরার পাশাপাশি বিভিন্ন কর্মসূচি ও অংশীদারত্বের সঙ্গে যুক্ত তরুণদের অভিজ্ঞতা ও অর্জনের কথা তুলে ধরা হয়।
অনুষ্ঠানে ব্রিটিশ কাউন্সিলের শিক্ষা, সৃজনশীলতা ও আন্তর্জাতিক অংশীদারত্বমূলক কার্যক্রমের সঙ্গে যুক্ত সাবেক শিক্ষার্থী, পরিবর্তনকর্মী, বিভিন্ন প্রতিষ্ঠানের নেতৃত্বস্থানীয় ব্যক্তি এবং অংশীদারেরা অংশ নেন।
এবারের আয়োজনে বিশেষ মাত্রা যোগ করেন হার রয়্যাল হাইনেস সোফি, ডাচেস অব এডিনবরা। বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে দীর্ঘমেয়াদি শিক্ষা ও সাংস্কৃতিক সম্পর্কের স্বীকৃতি জানাতে তিনি এ উদযাপনে যোগ দেন।
সফরকালে নারী ক্ষমতায়ন, সবুজ উদ্যোক্তা কার্যক্রম এবং আন্তর্জাতিক শিক্ষা নিয়ে কাজ করা তরুণদের সঙ্গে মতবিনিময় করেন ডাচেস অব এডিনবরা। এ সময় তিনি তাদের বিভিন্ন উদ্যোগ, কাজ ও অভিজ্ঞতার কথা শোনেন।
অনুষ্ঠানে ডাচেস অব এডিনবরাকে ব্রিটিশ কাউন্সিলের ‘ইয়াং লার্নার আর্ট কম্পিটিশন’-এর একজন বিজয়ীর আঁকা চিত্রকর্ম উপহার দেওয়া হয়। আন্তর্জাতিক ‘শু বিং স্পেস আর্ট রেসিডেন্সি কম্পিটিশন ২০২৬–২৭’-এর সঙ্গে সংশ্লিষ্ট এ প্রতিযোগিতার মাধ্যমে তরুণ শিক্ষার্থীদের পৃথিবীর বাইরের জগতে শিল্পের সম্ভাবনা নিয়ে ভাবতে উৎসাহিত করা হয়।
সৃজনশীলতা, বিজ্ঞান ও মহাকাশের সমন্বয়ে আরও সংযুক্ত ও শান্তিপূর্ণ ভবিষ্যৎ কেমন হতে পারে, সে বিষয়ে নিজেদের ভাবনা প্রকাশের সুযোগ পান প্রতিযোগিতায় অংশ নেওয়া শিক্ষার্থীরা।
১৯৫১ সালে ঢাকায় প্রথম কার্যালয় চালুর মাধ্যমে বাংলাদেশে কার্যক্রম শুরু করে ব্রিটিশ কাউন্সিল। এরপর থেকে শিক্ষা গ্রহণের সুযোগ বাড়ানো, ইংরেজি ভাষা শিক্ষার প্রসার এবং সাংস্কৃতিক বিনিময়ে দেশের বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠান ও জনগোষ্ঠীর সঙ্গে কাজ করে আসছে সংস্থাটি। এর বিভিন্ন কর্মসূচি ও অংশীদারত্বের মাধ্যমে বিভিন্ন প্রজন্মের শিক্ষার্থী, শিক্ষক, শিল্পী, উদ্যোক্তা ও নেতৃত্বস্থানীয় ব্যক্তিরা যুক্ত হয়েছেন।
প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে ব্রিটিশ কাউন্সিলের কার্যক্রমের তিনটি প্রধান দিক তুলে ধরা হয়। এগুলো হলো তরুণদের ক্ষমতায়ন, সংস্কৃতি ও সৃজনশীল কার্যক্রমে সহায়তা এবং আন্তর্জাতিক পর্যায়ে যোগাযোগ ও সম্পর্কের ক্ষেত্র বিস্তৃত করা।
অনুষ্ঠানে সংস্থাটির সবুজ উদ্যোক্তা কার্যক্রম, ‘ওমেন অব দ্য ওয়ার্ল্ড’ (ওয়াও) এবং আন্তর্জাতিক শিক্ষা ও বৃত্তি কার্যক্রমের সঙ্গে যুক্ত অংশগ্রহণকারী ও সাবেক শিক্ষার্থীরা নিজেদের অভিজ্ঞতা তুলে ধরেন। এসব কর্মসূচি তাদের কাজের ধরনে কীভাবে পরিবর্তন এনেছে এবং বাংলাদেশের বাইরেও যোগাযোগ ও কাজের সুযোগ তৈরি করেছে, তা জানান তারা।
ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর স্টিফেন ফোর্বস বলেন, শিক্ষা, ইংরেজি ভাষা ও শিল্পের মাধ্যমে মানুষের জন্য নতুন সুযোগ তৈরিতে গত ৭৫ বছর ধরে বাংলাদেশের বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করছে ব্রিটিশ কাউন্সিল। সময়ের সঙ্গে দেশের চাহিদা ও মানুষের প্রত্যাশা পরিবর্তিত হচ্ছে। সেই পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে সংস্থাটির কাজের ধরনও বদলাতে হবে।
তিনি বলেন, তরুণেরা যেন নিজেদের ভবিষ্যৎ নিজেরাই গড়ে তোলার জন্য প্রয়োজনীয় দক্ষতা ও আত্মবিশ্বাস অর্জন করতে পারে এবং আন্তর্জাতিক পর্যায়ে যোগাযোগের সুযোগ পায়, সেটিই তাদের লক্ষ্য। বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে সহযোগিতার ক্ষেত্র আরও বিস্তৃত করা এবং দুই দেশের বিদ্যমান সম্পর্ক এগিয়ে নিতে ব্রিটিশ কাউন্সিল কাজ করে যাবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, ব্রিটিশ কাউন্সিল ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস দীর্ঘদিনের। প্রতিবেশী প্রতিষ্ঠান হিসেবে দীর্ঘ সময় ধরে পাশাপাশি অবস্থানের পাশাপাশি শিক্ষা, সংস্কৃতি, মতবিনিময় ও আন্তর্জাতিক যোগাযোগের বিভিন্ন ক্ষেত্রে একসঙ্গে কাজ করেছে প্রতিষ্ঠান দুটি।
তিনি বলেন, সামনে তরুণেরা এমন অনেক সুযোগ ও চ্যালেঞ্জের মুখোমুখি হবে, যা আগের প্রজন্মের কাছে কল্পনার বাইরে ছিল। এসব পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নিতে তাদের নতুন দক্ষতা, বিশ্ব সম্পর্কে বিস্তৃত ধারণা, ডিজিটাল জ্ঞান, সৃজনশীলতা ও প্রতিকূলতা মোকাবিলার সক্ষমতা প্রয়োজন। ভবিষ্যৎ প্রজন্মের জন্য প্রয়োজনীয় জ্ঞান, যোগাযোগ ও সুযোগ নিশ্চিত করতে ব্রিটিশ কাউন্সিলের মতো প্রতিষ্ঠানের সঙ্গে বিশ্ববিদ্যালয়গুলোকে একসঙ্গে কাজ করতে হবে।
বাংলাদেশে ৭৫ বছর পূর্তি উপলক্ষে ব্রিটিশ কাউন্সিলের বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে এ আয়োজন করা হয়। কয়েক দশক ধরে সংস্থাটির কার্যক্রম এগিয়ে নেওয়ার ক্ষেত্রে ভূমিকা রাখা ব্যক্তি ও অংশীদারদের অবদানও অনুষ্ঠানে তুলে ধরা হয়।
বাংলাদেশ ও যুক্তরাজ্যের মানুষের মধ্যে পারস্পরিক শিক্ষা ও দীর্ঘস্থায়ী যোগাযোগের সম্পর্ক গড়ে তুলতে ইংরেজি ভাষা শিক্ষা, শিক্ষা, শিল্প ও সংস্কৃতি নিয়ে কাজ অব্যাহত রাখার কথা জানিয়েছে ব্রিটিশ কাউন্সিল।