ব্রিটিশ রাজপরিবারের সদস্যের সঙ্গে ডা. জুবাইদা রহমানের বৈঠক

আপডেট : ০৯ নভেম্বর ২০২৬, ০৪:৩২ পিএম

ডা. জুবাইদা রহমানের সঙ্গে ঢাকায় বৈঠক করেছেন ব্রিটিশ রাজপরিবারের সদস্য এডিনবরার ডাচেস সোফি। সোমবার (৯ নভেম্বর) অনুষ্ঠিত এ বৈঠকে নারী ক্ষমতায়ন, মাতৃ ও শিশুস্বাস্থ্য, শিক্ষা, তরুণদের উন্নয়ন এবং রোহিঙ্গা সংকটসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। 

বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন এবং বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ডা. জুবাইদা রহমান বাংলাদেশ সফরে আসায় ডাচেসকে স্বাগত জানান। নারীর ক্ষমতায়ন, মেয়েদের শিক্ষা এবং শিশু-কিশোরদের কল্যাণে তাঁর দীর্ঘদিনের ভূমিকার প্রশংসা করেন। পাশাপাশি চোখের স্বাস্থ্য সুরক্ষা ও প্রতিরোধযোগ্য অন্ধত্ব দূরীকরণে তাঁর অব্যাহত প্রচেষ্টার কথাও উল্লেখ করেন।

বৈঠকে ডা. জুবাইদা রহমান স্বাস্থ্যসেবার উন্নয়ন ও মাতৃমৃত্যু কমাতে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন। তিনি জানান, স্বাস্থ্যসেবা জোরদারে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে। এ ছাড়া পরিবার কার্ড ও কৃষক কার্ডের মতো সামাজিক সুরক্ষা কর্মসূচির মাধ্যমে পরিবার ও প্রান্তিক জনগোষ্ঠীকে আর্থিক সহায়তা দেওয়ার বিষয়েও আলোচনা করেন তিনি। মেয়েদের বিনা মূল্যে শিক্ষা এবং নারীদের জন্য কর্মসংস্থান ও উন্নয়নের সুযোগ বাড়ানোর ওপরও গুরুত্ব দেন।

এ সময় জিয়াউর রহমান ফাউন্ডেশন ও সুরভির দীর্ঘদিনের সামাজিক কর্মকাণ্ড এবং সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে তাদের অবদানের কথা তুলে ধরেন ডা. জুবাইদা রহমান। নারীর অর্থনৈতিক স্বাবলম্বিতা, দক্ষতা উন্নয়ন ও আত্মনির্ভরশীলতা নিশ্চিত করতে এসব প্রতিষ্ঠানের উদ্যোগের বিষয়েও তিনি আলোচনা করেন। প্রতিষ্ঠান দুটির অভিজ্ঞতা ও কার্যক্রম সরকারের নীতিনির্ধারণী অগ্রাধিকার এবং নির্বাচনী ইশতেহারে প্রতিফলিত হয়েছে বলেও জানান তিনি।

এ ছাড়া শিক্ষা, শিশুর সুরক্ষা, স্বাস্থ্য, পুষ্টি, নিরাপদ পানি ও স্যানিটেশন এবং দক্ষতা উন্নয়নে সুরভির কার্যক্রম তুলে ধরা হয়। বিশেষ করে দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর নারী ও শিশুদের জন্য নেওয়া বিভিন্ন উদ্যোগের কথা উল্লেখ করেন তিনি। শহরের বস্তি এলাকায় সুবিধাবঞ্চিত শিশুদের উন্নয়নে শিশু স্বর্গ মডেল, ব্লু স্কাই কর্মসূচি এবং বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের বিকাশে প্রয়াসের কার্যক্রম নিয়েও আলোচনা হয়।

পরিবেশ সচেতনতা বাড়াতে সরকারের বৃক্ষরোপণ উদ্যোগ, বিশেষ করে ‘এক শিক্ষার্থী, এক গাছ’ কর্মসূচির বিষয়টিও তুলে ধরেন ডা. জুবাইদা রহমান।

বাংলাদেশ সরকারের স্বাস্থ্যসেবা, শিক্ষা, নারী ক্ষমতায়ন ও সুবিধাবঞ্চিত শিশুদের কল্যাণে নেওয়া উদ্যোগের প্রশংসা করেন ডাচেস। বিশেষ করে জিয়াউর রহমান ফাউন্ডেশন ও সুরভির কর্মকাণ্ডের প্রশংসা করে সরকারি নীতিনির্ধারণে এসব প্রতিষ্ঠানের অভিজ্ঞতা কাজে লাগানোর উদ্যোগকে স্বাগত জানান তিনি। নারীর ক্ষমতায়ন এবং নারীর প্রতি সহিংসতা বন্ধে প্রধানমন্ত্রীর অবস্থান ও অঙ্গীকারেরও প্রশংসা করেন ডাচেস।

বৈঠকে রোহিঙ্গা সংকটের বিষয়টিও গুরুত্ব পায়। ডা. জুবাইদা রহমান রোহিঙ্গা ও তাঁদের আশ্রয়দাতা জনগোষ্ঠীর জন্য আন্তর্জাতিক সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানান। পাশাপাশি রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনের ওপর গুরুত্বারোপ করেন।

বাংলাদেশে বিপুলসংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ার ক্ষেত্রে দেশের মানবিক ভূমিকা ও উদারতার প্রশংসা করেন ডাচেস। এ বিপুল জনগোষ্ঠীকে আশ্রয় দেওয়ার দায়িত্ব পালনে বাংলাদেশের ওপর যে বড় চাপ রয়েছে, সেটিও তিনি স্বীকার করেন। রোহিঙ্গা সংকটকে আন্তর্জাতিক আলোচনায় গুরুত্বের সঙ্গে তুলে ধরার প্রচেষ্টা অব্যাহত রাখার আশ্বাস দেন তিনি।

বৈঠকে নারী ক্ষমতায়ন, স্বাস্থ্য ও শিক্ষার উন্নয়ন এবং ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সুরক্ষায় দুই পক্ষের অভিন্ন অগ্রাধিকার নিয়ে মতবিনিময় হয়। এসব ক্ষেত্রে ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর সম্ভাবনাও আলোচনায় উঠে আসে।

সর্বশেষ সর্বাধিক পঠিত