হার্টের সবচেয়ে বড় শত্রু পোড়াতেল: বিএফএসএ চেয়ারম্যান

হৃদ্‌রোগের ঝুঁকি বাড়ানোর ক্ষেত্রে পোড়াতেল বা বারবার ব্যবহৃত রান্নার তেল অন্যতম ক্ষতিকর উপাদান। তাই সুস্থ থাকতে ব্যক্তি পর্যায়ের পাশাপাশি খাদ্য ব্যবসায়ীদেরও পোড়াতেল ব্যবহার থেকে বিরত থাকতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের (বিএফএসএ) চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম।

বুধবার (১১ নভেম্বর) সকালে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও বায়োটেক এনার্জি লিমিটেডের যৌথ উদ্যোগে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‘মানবস্বাস্থ্য ও পরিবেশের ওপর ব্যবহৃত রান্নার তেলের ক্ষতিকর প্রভাব’ শীর্ষক সেমিনারটি বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের প্রধান কার্যালয়ের প্রশিক্ষণ কক্ষে অনুষ্ঠিত হয়।

শফিকুল ইসলাম বলেন, মানুষের শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গগুলোর মধ্যে মস্তিষ্ক ও হৃদ্‌যন্ত্র অন্যতম। শরীরের অন্যান্য অঙ্গের মতো হৃদ্‌যন্ত্রের সুরক্ষাও অত্যন্ত জরুরি। অথচ পোড়াতেল সরাসরি হৃদ্‌যন্ত্রের ক্ষতি করে। হার্টের শত্রুদের মধ্যে পোড়াতেল সবচেয়ে মারাত্মক। এ কারণে সবাইকে এ ধরনের তেল পরিহার করতে হবে।

খাদ্য ব্যবসায়ীদের উদ্দেশে তিনি বলেন, সিঙ্গাড়া পোড়াতেলের পরিবর্তে নতুন তেলে ভেজে দাম কিছুটা বেশি রাখলেও ক্রেতারা মানসম্মত খাবার কিনতে আগ্রহী হবেন। এ জন্য ব্যবসায়ীদের মধ্যে নিরাপদ ও সতেজ তেল ব্যবহারের বিষয়ে আস্থা তৈরি করতে হবে।

পোড়াতেলের ব্যবস্থাপনা প্রসঙ্গে বিএফএসএ চেয়ারম্যান বলেন, ব্যবহৃত রান্নার তেল বিভিন্নভাবে ফেলে দেওয়া হয়। তবে বায়োটেকের মতো প্রতিষ্ঠানের কাছে এসব তেল হস্তান্তর করা হলে তা পরিবেশসম্মত ও টেকসই ব্যবস্থাপনার আওতায় আনা সম্ভব। এতে একদিকে আর্থিক সাশ্রয় হবে, অন্যদিকে পরিবেশও সুরক্ষিত থাকবে। এ ধরনের উদ্যোগে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সহযোগিতা অব্যাহত থাকবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বিএফএসএ সদস্য (যুগ্ম সচিব) মো. আনোয়ারুল ইসলাম সরকারের সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন কর্তৃপক্ষের সদস্য ড. মোহাম্মদ সোয়েব। তিনি পোড়াতেল তৈরির প্রক্রিয়া, বারবার ব্যবহৃত ভোজ্যতেলের স্বাস্থ্য ও পরিবেশগত ক্ষতি, খাদ্যতেলে ট্রান্সফ্যাটি অ্যাসিডের উপস্থিতি এবং তা নিয়ন্ত্রণের উপায় নিয়ে বৈজ্ঞানিক আলোচনা করেন।

মূল প্রবন্ধে তিনি বলেন, ব্যবহৃত ভোজ্যতেল বারবার গ্রহণের ফলে উচ্চ রক্তচাপ, হৃদ্‌রোগ ও হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ে। পাশাপাশি রক্তনালিতে চর্বি জমা, যকৃতের ক্ষতি এবং ক্যানসারের আশঙ্কাও তৈরি হতে পারে।

সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সদস্য আ ন ম নাজিম উদ্দীন ও ড. মোহাম্মদ মোস্তফা। তাঁরা ব্যবহৃত রান্নার তেল বারবার ব্যবহার না করে তা বায়োডিজেলে রূপান্তরের ওপর গুরুত্ব দেন। তাঁদের মতে, এতে মানবস্বাস্থ্য ও পরিবেশের ক্ষতি কমানোর পাশাপাশি যানবাহন ও বিভিন্ন যন্ত্র চালানোর বিকল্প জ্বালানি পাওয়া সম্ভব।

বায়োটেক এনার্জির ব্যবস্থাপনা পরিচালক আবদুল্লাহ আল হামিদ জানান, বর্তমানে প্রতিষ্ঠানটি দেশের প্রায় তিন হাজার খাদ্যপ্রতিষ্ঠান থেকে প্রতি মাসে ১০০ টনের বেশি ব্যবহৃত রান্নার তেল সংগ্রহ করছে। ২০৩০ সালের মধ্যে এ সংগ্রহের পরিমাণ মাসে এক হাজার টনে উন্নীত করার লক্ষ্য রয়েছে। সাভারে অবস্থিত নিজস্ব কারখানায় সংগৃহীত তেল থেকে বায়োডিজেল উৎপাদন করা হচ্ছে।

তিনি আরও জানান, মাত্র এক লিটার ব্যবহৃত ভোজ্যতেল প্রায় ১০ লাখ লিটার পানি দূষিত করতে পারে।

সেমিনারে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কর্মকর্তা-কর্মচারী, বায়োটেক এনার্জি লিমিটেডের প্রতিনিধি, ব্যবসায়ী, গণমাধ্যমকর্মী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।