সাফ চ্যাম্পিয়নশিপের গ্রুপ পর্বে নিজেদের আধিপত্য ধরে রেখে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে ভারত। বুধবার গ্রুপ ‘বি’-তে নিজেদের শেষ ম্যাচে মালদ্বীপকে ১-০ গোলে হারিয়ে গ্রুপসেরা হয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা।
ভারতের জয়ের নায়ক সুহাইল ভাট। প্রথমার্ধে পেনাল্টি থেকে করা তার একমাত্র গোলেই জয় নিশ্চিত হয় ব্লু টাইগার্সদের। দুই ম্যাচের দুটিতেই জিতে অপরাজিত থেকেই গ্রুপ পর্ব শেষ করেছে ভারত।
ম্যাচের শুরু থেকেই বলের দখল ও আক্রমণে আধিপত্য বিস্তার করে ভারত। প্রতিপক্ষের রক্ষণে একের পর এক চাপ সৃষ্টি করলেও প্রথম দিকে পরিষ্কার গোলের সুযোগ তৈরি করতে পারছিল না তারা। অন্যদিকে রক্ষণ সামলে পাল্টা আক্রমণের অপেক্ষায় ছিল মালদ্বীপ। ৩৮ মিনিটে পেনাল্টি থেকে এগিয়ে যায় ভারত। নর্থইস্ট ইউনাইটেডের ডিফেন্ডার আবদুল রবিহ প্রতিপক্ষের কাছ থেকে বল কেড়ে নিয়ে বক্সে ঢোকার সময় ফাউলের শিকার হন। রেফারি পেনাল্টির নির্দেশ দিলে স্পটকিক থেকে গোল করতে ভুল করেননি সুহাইল ভাট। গোলরক্ষককে ভুল দিকে পাঠিয়ে বল জালে জড়ান তিনি। চলতি টুর্নামেন্টে এটি তার তৃতীয় গোল।
বিরতির পরও ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখে ভারত। তবে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে আক্রমণে ধার বাড়ায় মালদ্বীপ। ৭৯ মিনিটে হামধানের ফ্রি-কিক থেকে সমতা ফেরানোর সুযোগ তৈরি হলেও দারুণ দক্ষতায় তা ঠেকিয়ে দেন ভারতীয় গোলরক্ষক দুবে। পাঁচ মিনিট পর মুজধান হাসানের দূরপাল্লার শটও রুখে দেন তিনি। যোগ করা সময়ে সমতা ফেরানোর সবচেয়ে বড় সুযোগ পেয়েছিল মালদ্বীপ। জাকি গোলের সামনে একা পেয়ে গেলেও দুবে দ্রুত এগিয়ে এসে মুখ দিয়ে বল ঠেকিয়ে ভারতের জয় নিশ্চিত করেন।
এদিকে ৮৩ মিনিটে কাছ থেকে হেড করেও ব্যবধান বাড়াতে পারেননি ভারতের ইরফান ইয়াদওয়াদ। শেষ দিকে মালদ্বীপের মরিয়া চেষ্টা সত্ত্বেও রক্ষণ সামলে জয় নিয়ে মাঠ ছাড়ে ভারত।
এই জয়ে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ ‘বি’-এর শীর্ষস্থান নিশ্চিত করেছে ভারত। একই সঙ্গে অপরাজিত থেকেই সাফ চ্যাম্পিয়নশিপের শেষ চারে জায়গা করে নিয়েছে তারা। ভারতের সঙ্গে ‘বি’ গ্রুপ থেকে রানার্সআপ হিসেবে শেষ চারে নাম লিখিয়েছে পাকিস্তান। দিনের আরেক ম্যাচে স্বাগতিক বাংলাদেশ ও শ্রীলঙ্কা ম্যাচের ফলাফলের পর নির্ধারণ হয়ে যাবে সেমির লাইন-আপ।