গোলের সুযোগ যেহেতু তৈরি করতে পারছি, গোলও আসবে: হামজা

আপডেট : ১০ নভেম্বর ২০২৬, ০৫:০৫ পিএম

দীর্ঘ দুই দশকের বেশি সময় ধরে সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা অধরা রয়েছে বাংলাদেশের। ২০০৩ সালের পর আর এই ট্রফি ঘরে তোলা হয়নি। তবে এবার ঘরের মাঠে সেই দীর্ঘ খরা কাটাতে মুখিয়ে আছে লাল-সবুজের দল। আর এই মিশনে আত্মবিশ্বাসী দলের তারকা ফুটবলার হামজা চৌধুরী। শুধু শিরোপার লড়াইয়ে থাকা নয়, আসন্ন সাফ টুর্নামেন্টে বাংলাদেশকেই হট ফেভারিট হিসেবে দেখছেন তিনি।

জাতীয় স্টেডিয়ামে দীর্ঘদিন পর দেশের দর্শকদের সামনে নামার আগে গণমাধ্যমের মুখোমুখি হন হামজা। তার মতে, এবারের সাফ কেবল আরেকটি সাধারণ টুর্নামেন্ট নয়; বরং দীর্ঘ ২৩ বছরের অপেক্ষা ঘুচিয়ে দেশের মানুষের হাতে ট্রফি তুলে দেওয়ার সেরা সুযোগ।

কিংস অ্যারেনায় অনুশীলনের ফাঁকে নিজের প্রত্যাশার কথা জানিয়ে হামজা বলেন, ‘আমরা জানি, পুরো দেশ কী চায়। তবে দলের ওপর আমার অনেক আত্মবিশ্বাস আছে। সিঙ্গাপুর, হংকংয়ের মতো দলের সঙ্গে আমরা প্রতিদ্বন্দ্বিতা করেছি। ভারতকেও হারিয়েছি। আমরা জানি, আমাদের আরও ভালো খেলার সামর্থ্য আছে। আশা করি, এই টুর্নামেন্টে আমরা জিততে পারব।’

বাংলাদেশের ফুটবলে শিরোপার খরাটা দীর্ঘ ২৩ বছরের। ২০০৩ সালে ঘরের মাঠে ঢাকাতেই শেষবার সাফ জিতেছিল লাল-সবুজের দল। সেই সাফল্যের ইতিহাস এবার পুনরাবৃত্তি করতে চান এই মিডফিল্ডার। সতীর্থদের নিয়ে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, ‘ফুটবল দলীয় খেলা। এখানে শুধু আমাকে নিয়ে ভাবলে হবে না, পুরো দলকে নিয়ে ভাবতে হবে। আমরা ধীরে ধীরে উন্নতি করছি। ঘরের দর্শকদের সামনে আবার বড় টুর্নামেন্টে খেলতে পারছি, এটা দারুণ ব্যাপার। ২৩ বছর হয়ে গেছে আমরা শিরোপা জিতিনি। আশা করি, এবার সেটি ঘরে ফিরিয়ে আনতে পারব।’

শিরোপা জয়ের পথে দলের ফিনিশিং নিয়ে চিন্তিত নন হামজা। বরং সুযোগ তৈরি হওয়াকেই পজিটিভ হিসেবে দেখছেন তিনি। তার ভাষ্যমতে, ‘আমি উদ্বিগ্ন হতাম, যদি আমরা গোলের সুযোগ তৈরি করতে না পারতাম। কিন্তু আমরা সুযোগ তৈরি করছি। মালয়েশিয়ার বিপক্ষেও আমি নিজে সুযোগ নষ্ট করেছি। শেষ দিকে আমার গোল করা উচিত ছিল। তবে আমরা সুযোগ তৈরি করতে পারছি। আশা করি, সেগুলো কাজে লাগানোও শুরু করব।’

আক্রমণভাগে ফারহান আলী ওয়াহিদ ও শেখ মোরসালিনের উপস্থিতি দলটিকে আরও ধারালো করবে বলে বিশ্বাস তার। এছাড়া দেশের জার্সিতে খেলার অনুভূতি প্রকাশ করে হামজা জানান, প্রবাসেও বাংলাদেশের মানুষের যে সমর্থন তিনি পেয়েছেন, তা তাকে দারুণভাবে অনুপ্রাণিত করে। তিনি বলেন, ‘বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে পেরে আমি গর্বিত। মানুষ আমাকে যে ভালোবাসা ও সমর্থন দেখায়, তা অনেক বড় ব্যাপার। ইংল্যান্ডে থাকতেও বাংলাদেশের সমর্থকরা আমাদের খেলা দেখতে যেতেন। এটা আমার ও আমার পরিবারের কাছে অনেক অর্থ বহন করে। আশা করি, মাঠের পারফরম্যান্স দিয়ে তাদের সেই ভালোবাসার প্রতিদান দিতে পারব।’

দেশের ফুটবলের বর্ধিত উন্মাদনাকে মাঠের সাফল্যে রূপ দেওয়ার সময় এসেছে উল্লেখ করে হামজা বলেন, ‘আমরা সবাই একটা ভালো সময়ে একসঙ্গে এসেছি। ফুটবল নিয়ে উন্মাদনা অনেক বেড়েছে। তবে এখন আমাদের ম্যাচ জিততে হবে। সমর্থকরা আমাদের খেলা দেখতে অনেক সময় ও অর্থ ব্যয় করেন। তাদের সেই ভালোবাসার প্রতিদান দিতে হলে আমাদের টুর্নামেন্ট ও ম্যাচ জিততে হবে।’

মাঠে নিজের অতিরিক্ত দায়িত্ব ও ভূমিকা নিয়ে কোচের সঙ্গে আলোচনা হয়েছে জানিয়ে তিনি যোগ করেন, ‘মাঝেমধ্যে হয়তো আমি একটু বেশি কিছু করার চেষ্টা করি। শুধু দলকে সাহায্য করার জন্যই এমনটা করি। কীভাবে আক্রমণ কিংবা রক্ষণে দলকে আরও ভালোভাবে সাহায্য করতে পারি, তা নিয়ে কোচের সঙ্গে কথা হয়েছে। আমাদের দলে আক্রমণ ও রক্ষণে ভালো করার মতো অনেক সক্ষম খেলোয়াড় আছে। আমার কাজ হলো তাদের সঙ্গে সমন্বয় করা এবং দলকে সাহায্য করা। আন্তর্জাতিক ফুটবলে একসঙ্গে কাজ করার সময় খুব বেশি পাওয়া যায় না। তবে আমরা ধীরে ধীরে একই জায়গায় আসছি।’

সবশেষে টুর্নামেন্টে ফেভারিট কে—এমন প্রশ্নে নিজের দলের ওপর পূর্ণ আস্থা রেখে হামজা স্পষ্ট জানিয়ে দেন, ‘আমার মনে হয়, বাংলাদেশই ফেভারিট। আমি অন্তত সেটাই মনে করতে চাই!’

সর্বশেষ সর্বাধিক পঠিত