মিস ইউনিভার্স ২০২৬

আরও একধাপ এগিয়ে সামিরা মাহি

২০১৯ সালে শিরিন শিলা, ২০২৪ সালে আনিকা আলম এবং ২০২৫ সালে তানজিয়া জামান মিথিলার পর এবার ‘মিস ইউনিভার্স’ প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন মডেল-অভিনেত্রী সামিরা খান মাহি। সম্প্রতি মিস বাংলাদেশ নির্বাচিত হওয়া মাহি আন্তর্জাতিক মঞ্চে দেশের প্রতিনিধিত্ব করার লড়াইয়ে আরও এক ধাপ এগিয়ে গেলেন।  এরইমধ্যে শুরু হয়ে গেছে মিস ইউনিভার্সের অফিশিয়াল ফ্যান ভোটিং। আর এই প্রতিযোগিতায় বাংলাদেশকে শীর্ষে নিয়ে যেতে দেশবাসীর কাছে ভোট ও পূর্ণ সমর্থন চেয়েছেন তিনি। 

বুধবার (১১ নভেম্বর) দুপুরে সামাজিক মাধ্যমে এক পোস্টে এই আহ্বান জানান মাহি। সেই পোস্টে ভক্ত ও দেশবাসীর উদ্দেশে মাহি লিখেছেন, ‘চলুন, বাংলাদেশকে নিয়ে যাই শীর্ষে! মিস ইউনিভার্সের ফ্যান ভোটিং আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে! আসুন, আমরা সবাই একসঙ্গে বাংলাদেশের পাশে দাঁড়াই এবং আমাদের পূর্ণ সমর্থন জানাই।’

গত ৭ নভেম্বর রাতে রাজধানীতে এক জমকালো আয়োজনে সামিরা খান মাহির মাথায় ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’-এর মুকুট পরিয়ে দেন গত বছরের বিজয়ী ও তার কাছের বন্ধু তানজিয়া জামান মিথিলা। এই খেতাব অর্জনের সুবাদে ২৪ নভেম্বর ক্যারিবীয় দ্বীপাঞ্চল পুয়ের্তো রিকোতে অনুষ্ঠিত হতে যাওয়া মিস ইউনিভার্সের ৭৫তম আসরে বিশ্বের বিভিন্ন দেশের সেরা সুন্দরীদের সঙ্গে লড়বেন মাহি।