ঢাকার চারপাশের নদী রক্ষায় শ্যামপুর-কদমতলী শিল্প এলাকায় মনিটরিং 

ঢাকার চারপাশের নদীর পরিবেশ রক্ষায় গঠিত কেন্দ্রীয় সেলের নির্দেশনা অনুযায়ী পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে বুধবার (১১ নভেম্বর) বুড়িগঙ্গা নদী দূষণ নিয়ন্ত্রণে শ্যামপুর-কদমতলী শিল্প এলাকা ৪টি শিল্পপ্রতিষ্ঠানে মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়।

মনিটরিং কার্যক্রমে ৪টি প্রতিষ্ঠান (মেসার্স সিবা টেক্সটাইল, মেসার্স আল ফাত্তাহ টেক্সটাইল, নূরে মদিনা ডাইং এবং শারমিন টেক্সটাইল) হতে তরল বর্জ্যের নমুনা সংগ্রহ করা হয়।

মনিটরিংয়ের সময় ৪টি প্রতিষ্ঠানের মধ্যে মেসার্স সিবা টেক্সটাইলের বাইপাস লাইনের মাধ্যমে তরল বর্জ্য সরাসরি পরিবেশে নির্গমন করতে দেখা যায়। সংগ্রহকৃত তরল বর্জ্যের নমুনা পরিবেশ অধিদপ্তরের গবেষণাগারে বিশ্লেষণপূর্বক ‘বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫’ এবং ‘পরিবেশ সংরক্ষণ বিধিমালা, ২০২৩’ অনুযায়ী পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

মনিটরিং কার্যক্রমে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আক্তার, বাংলাদেশ নৌবাহিনীর প্রতিনিধি, পরিবেশ অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইংয়ের উপপরিচালক সৈয়দ আহমদ কবীর, ঢাকা মহানগর ও ঢাকা গবেষণাগার কার্যালয়ের প্রতিনিধি। এছাড়াও অভিযানে বাংলাদেশ কোস্ট গার্ড, নৌপুলিশের প্রতিনিধিরা সক্রিয়ভাবে অংশ নেন। বর্তমান ও ভবিষ্যত নাগরিকদের জন্য দুষণমুক্ত ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতকরণে দূষণকারী শিল্প-প্রতিষ্ঠানের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মোবাইল কোর্ট ও এনফোর্সমেন্ট কার্যক্রম অব্যাহত থাকবে।