ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ভাবমূর্তি ও স্বচ্ছতা রক্ষায় দলমতনির্বিশেষে সবাইকে আইন ও বিধিমালা মেনে চলার নির্দেশ দিয়েছেন সংস্থাটির প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টন।
তিনি বলেছেন, আইন ও বিধিমালার পরিপন্থী কোনো কাজ সহ্য করা হবে না।
মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে জাতীয় সংহতি ও বিপ্লব দিবস উপলক্ষে ঢাকা উত্তর সিটি করপোরেশনের জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী ইউনিয়ন আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রশাসক বলেন, সিটি করপোরেশন একটি সেবামূলক প্রতিষ্ঠান। নগরবাসীকে সেবা দেওয়াই এর প্রধান কাজ। দীর্ঘদিন ধরে বিভিন্ন সেবা নিতে এসে মানুষ যে অনীহা ও অস্বস্তির মুখোমুখি হতেন, তা দূর করে স্বচ্ছ ও জবাবদিহিমূলক শাসনব্যবস্থা প্রতিষ্ঠায় কাজ করছে সংস্থাটি।
কর্মচারীদের অভ্যন্তরীণ তথ্য ফাঁস ও শৃঙ্খলাভঙ্গের বিষয়ে সতর্ক করে তিনি বলেন, অফিসের গোপনীয় তথ্য ও আদেশ বাইরে পাঠানোর মতো কাজ কোনোভাবেই বরদাশত করা হবে না। এ বিষয়ে ইতোমধ্যে তদন্ত চলছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে কঠোর আইনি ও বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।
ঠিকাদারদের কাজের মান ও সরকারি বিধি অনুসরণের বিষয়ে প্রশাসক বলেন, যৌক্তিক ও বিধিসম্মত বিষয়গুলো বিবেচনা করে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হবে। তবে অসৎ ও মানহীন ঠিকাদারদের জন্য করপোরেশনের দরজা বন্ধ থাকবে। কোনো বেআইনি দাবির সুযোগ দেওয়া হবে না।
রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে তিনি বলেন, গণতান্ত্রিক ধারা বজায় রেখে দেশে সুস্থ ও ইতিবাচক রাজনীতির চর্চা হওয়া প্রয়োজন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ স্মরণ করে তিনি বলেন, মুখে নীতির কথা বলার পাশাপাশি তা বাস্তবে প্রয়োগ করতে হবে। কথার সঙ্গে কাজের মিল না থাকলে আদর্শ বাস্তবায়ন সম্ভব নয়।
শ্রমিক ও কর্মচারীদের যৌক্তিক দাবি-দাওয়া প্রসঙ্গে প্রশাসক জানান, মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে সেসব দাবি সমাধানের চেষ্টা চলছে। একই সঙ্গে সবাইকে নিয়ম ও সীমার মধ্যে থেকে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেন তিনি।
আলোচনা সভায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন জোনের প্রতিনিধি এবং জাতীয়তাবাদী শ্রমিক দল ও কর্মচারী ইউনিয়নের নেতারা উপস্থিত ছিলেন।