ফুটপাত দখলমুক্ত করতে চসিকের অভিযান: ৫০ দোকান উচ্ছেদ

চট্টগ্রাম নগরীর খুলশী থানাধীন আমবাগান এলাকায় ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ দোকান ও স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত। এসময় ফুটপাত থেকে অর্ধ শতাধিক দোকান ও অবৈধ স্থাপনা অপসারণ করা হয়। পাশাপাশি ৭ জন ব্যবসায়ীকে সাড়ে ২২ হাজার টাকা জরিমানা করা হয়।

বুধবার দুপুরে পরিচালিত এই অভিযানে নেতৃত্ব দেন চসিকের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা।

চসিকের জনসংযোগ শাখা থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিযান চলাকালে আমবাগান এলাকায় অবৈধভাবে ফুটপাত দখল করে গড়ে তোলা দোকানপাট এবং ছড়িয়ে-ছিটিয়ে রাখা নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়া হয়। পথচারীদের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় প্রায় ৫০টি অবৈধ দোকান ও স্থাপনা উচ্ছেদ করে ফুটপাতটি পথচারীদের চলাচলের জন্য উন্মুক্ত করা হয়।

একই সঙ্গে ফুটপাতের ওপর ব্যবসা প্রতিষ্ঠানের মালামাল রেখে জনদুর্ভোগ সৃষ্টি করার অপরাধে ৭ জন ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয় এবং তাদের কাছ থেকে মোট ২২ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করে ভ্রাম্যমাণ আদালত।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সিটি করপোরেশনের এই উচ্ছেদ ও জরিমানা অভিযানে চসিকের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি খুলশী থানা পুলিশের একটি দল সহায়তা প্রদান করে।