চট্টগ্রামের চন্দনাইশে বিশেষ অভিযান চালিয়ে ৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১০ নভেম্বর) রাত সাড়ে ১০টা থেকে বুধবার (১১ নভেম্বর) সকাল ৮টা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন একই উপজেলার সিরাজুল ইসলাম (৫৩), উপজেলার পূর্ব চন্দনাইশ এলাকার নুরুল আমিন (৩৮), ধোপাছড়ি ইউনিয়নের ইসপাতুল ইসলাম আকিব প্রকাশ আলভি (২০), দোহাজারী পৌরসভার মো. আরাফাত ইসলাম (২০), আরাফাতুল ইসলাম জিসান (২২), সাতবাড়িয়া ইউনিয়নের শাহরিয়া হোসেন মিজবা (২০), সাতবাড়িয়া ইউনিয়নের মো. তারিকুল নেওয়াজ (২২) ও সাতবাড়িয়া ইউনিয়নের নাইমুল ইসলাম (২০)। গ্রেপ্তাররা চন্দনাইশ থানার সন্ত্রাসবিরোধী ও বিস্ফোরক আইনের মামলার আসামি।
এছাড়া মাদকদ্রব্য আইনে মো. ইলিয়াস (৩০), হাশিমপুর, চন্দনাইশকে গ্রেপ্তার করা হয়। তাদের প্রত্যেককে ১শত টাকা জরিমানাসহ সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।
চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম দিদারুল ইসলাম সিকদার জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ জানায়, চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলসের নির্দেশনায় এবং চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম দিদারুল ইসলাম সিকদারের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। গ্রেপ্তারদের মধ্যে আটজনকে বিভিন্ন নিয়মিত মামলায় এবং একজন মাদক সেবন মামলায় গ্রেপ্তার করা হয়েছে।