চলমান সময়ের সবচেয়ে বেশি বিতর্কিত চিত্রনায়িকা পরীমনির সঙ্গে সাংবাদিকদের সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া ঘটনা নিয়ে ফের খোলামেলা মন্তব্য করলেন চিত্রনায়ক জয় চৌধুরী। পরীমনির সেই সময়ের আচরণ এবং পারিপার্শ্বিক পরিস্থিতি নিয়ে নিজের মতামত ব্যক্ত করেছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির এই সাধারণ সম্পাদক।
ভাইরাল হওয়া ফ্যাশন শোতে ‘ভুয়া ভুয়া’ স্লোগান শুনে ক্ষুব্ধ পরীমনির ইঙ্গিতপূর্ণ অঙ্গভঙ্গি ও স্টেজ ছেড়ে যাওয়া প্রসঙ্গে জয় বলেন, ‘ওই ঘটনার সময় আমি নিজে উপস্থিত ছিলাম না। নিশ্চয়ই এমন কোনো পরিস্থিতি তৈরি হয়েছিল যার কারণে পরীকে ওই ধরনের আচরণ করতে হয়েছে।’
স্টেজে পরীমনির আঙুল দেখানোর বিষয়টি নিয়ে জয় বলেছেন, ‘এটা সম্পূর্ণ তার ব্যক্তিগত ব্যাপার। তার ১০টি আঙুল, সে কোন আঙুল দেখাবে সেটা একান্তই তার ব্যক্তিগত বিষয়, যা দেখার দায়িত্ব আমাদের বা অন্য কারও নয়।’
অভিনেতা বলেন, ‘অন্তর্বর্তী সরকারের আমল থেকেই দেশে মব কালচার সৃষ্টি হয়েছে, যা এর আগে ছিল না। শিল্পীরা কোনো প্রোগ্রামে, শুটিংয়ে বা উদ্বোধনে যেতে পারত না, সবখানেই তাদের ভুয়া ভুয়া স্লোগান দিয়ে হেনস্তা করা হতো। সেদিনও তাই হলো।’তিনি আরও বলেন, ‘গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলে আমি জানতে পেরেছি সাংবাদিকরা এসবের সঙ্গে জড়িত নন। সাধারণ জনগণ ও দর্শকরা এগুলো করছে। তবে দর্শকরা যদি এমন বাজে আচরণ করেই থাকে, তবে পরী তাদের ১০টি আঙুল কেন, যা ইচ্ছে দেখাতে পারে, তাতে তার কিছু যায় আসে না।’