চিটাগাং চেম্বারে ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত

ইন্দোনোশিয়ায় বাংলাদেশি ওষুধের বাজার সম্প্রসারণে যোগাযোগ বাড়ানোর আহ্বান

বাংলাদেশের ঔষধের গুণগতমানের প্রশংসা করে ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত লিস্টিওয়াতি ইন্দোনেশিয়ায় বাংলাদেশি ঔষধের বাজার সম্প্রসারণে সেখানকার ব্যবসায়ীদের সাথে আরো কার্যকর যোগাযোগ বাড়ানোর আহ্বান জানিয়েছেন। 

বুধবার (১১ নভেম্বর) সকালে চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের কনফারেন্স হলে ব্যবসায়ীদের সাথে আয়োজিত মতবিনিময় সভায় তিনি একথা বলেন। 

রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার দ্বিপাক্ষিক বাণিজ্যে ভারসাম্য ইন্দোনেশিয়ার পক্ষে হলেও সাম্প্রতিক সময়ে বাংলাদেশ থেকে থেকে ইন্দোনেশিয়ার আমদানি প্রায় ৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে।  দুই দেশের মধ্যে বিদ্যমান বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করার পাশাপাশি নতুন নতুন খাতে সহযোগিতা সম্প্রসারণের যথেষ্ট সুযোগ রয়েছে উল্লেখ করে তিনি বলেন, হালাল খাদ্যশিল্প, জ্বালানি, ওষুধ, রাসায়নিক পণ্য ও শিল্পের কাঁচামাল খাতে যৌথ উদ্যোগ গ্রহণ করা যেতে পারে। 

তিনি বলেন, চট্টগ্রাম বাংলাদেশের অন্যতম প্রধান অর্থনৈতিক ও বাণিজ্যিক কেন্দ্র। এ অঞ্চলের বন্দর, শিল্প ও ব্যবসায়িক সম্ভাবনাকে কাজে লাগিয়ে দুই দেশের বাণিজ্য আরও সম্প্রসারণ করা সম্ভব। 

এ লক্ষ্যে চট্টগ্রাম চেম্বার ও ইন্দোনেশিয়ার সংশ্লিষ্ট ব্যবসায়ী সংগঠনগুলোর মধ্যে প্রাতিষ্ঠানিক যোগাযোগ বৃদ্ধি, ব্যবসায়ী প্রতিনিধিদলের পারস্পরিক সফর বিনিময়, সমুদ্রপথে যোগাযোগ ও লজিস্টিকস ব্যবস্থার উন্নয়ন এবং সরাসরি বিমান যোগাযোগ প্রতিষ্ঠার উপর গুরুত্বারোপ করেন তিনি। পাশাপাশি দুই দেশের ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়ায় এবং বিনিয়োগ ও বাণিজ্যিক যোগাযোগ সহজ করতে ইন্দোনেশিয়ার দূতাবাসের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তা প্রদানের আশ্বাস দেন।

মত বিনিময়কালে চেম্বার সভাপতি মোহাম্মদ আমিরুল হক বলেন, ইন্দোনেশিয়া বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্য অংশীদার। বাংলাদেশ ইন্দোনেশিয়া থেকে উল্লেখযোগ্য পরিমাণ কয়লা, ক্লিংকার, পামওয়েল, জ্বালানি ও বিভিন্ন শিল্পের কাঁচামাল আমদানি করে। বাংলাদেশের সিমেন্ট শিল্পের বিকাশে ইন্দোনেশিয়ার ক্লিংকার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। পাশাপাশি বাংলাদেশের কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের প্রধান কাঁচামাল কয়লাও ইন্দোনেশিয়া সরবরাহ করে বাংলাদেশের জ্বালানী খাতে উল্লেখযোগ্য ভূমিকা রাখছে। তিনি বলেন, ইন্দোনেশিয়া বিশ্বব্যাপী হালাল ইন্ডাস্ট্রি ও পণ্য সরবরাহে শীর্ষস্থানে অবস্থান করছে। 

এ খাতে বাংলাদেশের সাথে অভিজ্ঞতা ও প্রযুক্তি বিনিময় এবং বাংলাদেশে যৌথ বা একক ইন্দোনেশিয়ান বিনিয়োগের সুযোগ রয়েছে। বিশেষ করে হালাল খাদ্যশিল্প, শিল্পের কাঁচামাল এবং অন্যান্য সম্ভাবনাময় খাতে যৌথ উদ্যোগ গ্রহণ করা গেলে আগামী পাঁচ বছরে দ্বিপক্ষীয় বাণিজ্য ১০ বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে বর্তমানে দুই দেশের মধ্যে বাণিজ্যে বিশাল বাণিজ্য ঘাটতি রয়েছে। এই ঘাটতি মোকাবেলায় অন্তত বাংলাদেশ থেকে ১ বিলিয়ন ডলারের পণ্য আমদানির জন্য রাষ্ট্রদূতকে ভূমিকা রাখার আহবান জানান তিনি। 

সাবেক চেম্বার সভাপতি ও পোর্ট ইউজার্স ফোরামের চেয়ারম্যান আমীর হুমায়ুন মাহমুদ চৌধুরী বলেন-বাংলাদেশ ইন্দোনেশিয়া থেকে  রেলওয়ে কোচ আমদানি করে। বাংলাদেশে রেলওয়ে ওয়ার্কশপ উন্নয়নের মাধ্যমে ইন্দোনেশিয়ার সহযোগিতায় রেল কোচ উৎপাদনে ভূমিকা রাখার আহবান জানান তিনি। 

 মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ভিয়েতনামের অনারারী কনসাল এস.এম আবু তৈয়ব, স্পেনের অনারারি কনসাল মিয়া এম আবদুর রহমান, কোরিয়ার অনারারি কনসুলেট মোহাম্মদ মহসিন, সাবেক চেম্বার পরিচালক ডা. মইনুল ইসলাম মাহমুদ, বর্তমান চেম্বার পরিচালক ইঞ্জিনিয়ার গোলাম সরওয়ার, শহীদুল আলম, সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক শওকত আলী চৌধুরী, সাইনশাইন গ্রামার স্কুলের অধ্যক্ষ সাফিয়া রহমান গাজী, উইমেন চেম্বারের পরিচালক নুজহাত নূরী কৃষ্টি, আবুল খায়ের গ্রুপের নির্বাহী পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল (অব) শহীদুল্লাহ্ চৌধুরী। এ সময় দূতাবাসের থার্ড সেক্রেটারী রব্বি ফিরলি হারখা ও অর্থনৈতিক বিষয়ক কর্মকর্তা সাপতো রুদিয়ান্তো, চেম্বার সহ-সভাপতি মোহাম্মদ মসিউল আলম স্বপন, পরিচালক কামাল মোস্তফা চৌধুরী, আবু হায়দার আমজাদ, সরোয়ার আলম খান, নুরুল ইসলাম,  আসাদ ইফতেখার ও সেলিম নুর, ফিলিপিনের অনারারি কনসাল মোহাম্মদ এ আউয়ালসহ বিভিন্ন সেক্টরের ব্যবসায়ী প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।