ফটিকছড়িতে সেপটিক ট্যাংকে পড়ে শিশুর মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়িতে ভবনের পাশে থাকা ঢাকনাবিহীন সেপটিক ট্যাংকে পড়ে সাঈম (৫) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। 

বুধবার (১১ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার সুন্দরপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের গোলাম রহমান চৌধুরী বাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

এ ঘটনায় ভবনমালিকের অবহেলা ও অসতর্কতাকে দায়ী করেছেন নিহত শিশুর স্বজনেরা। নিহত সাঈম ওই এলাকার বাসিন্দা কৃষক মো. আখতারের ছেলে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার সময় ভবনের দুই ভাড়াটিয়ার শিশুর সঙ্গে খেলছিল সাঈম। একপর্যায়ে খেলতে গিয়ে ভবনের পাশে থাকা ঢাকনাবিহীন সেপটিক ট্যাংকে পড়ে যায় সে। বিষয়টি টের পেয়ে শিশুটির চাচা হেলাল ও ফারুক দ্রুত তাকে উদ্ধার করেন। পরে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্ঘটনাস্থলটি গোলাম রহমান চৌধুরী বাড়ির পাশে অবস্থিত সাদেক নগর আজ-তাকওয়া মাদ্রাসার সুপার মাওলানা শামসুদ্দীনের ভবন।

নিহত শিশুর চাচা হেলাল অভিযোগ করে বলেন, ভবনের পাশে দীর্ঘদিন ধরে ময়লা-আবর্জনাযুক্ত পানি ফেলা হতো। এতে জায়গাটি পিচ্ছিল হয়ে পড়েছিল। পাশাপাশি সেপটিক ট্যাংকের ঢাকনাও প্রায়ই খোলা রাখা হতো। ভবনমালিকের অবহেলা ও অসতর্কতার কারণেই তাঁর ভাতিজার মৃত্যু হয়েছে।

তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এ বিষয়ে ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান বলেন, সাংবাদিকের কাছ থেকে তিনি দুর্ঘটনার বিষয়টি জেনেছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হচ্ছে। বিস্তারিত তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।