মালয়েশিয়ার বৃহত্তম কোরআন মুদ্রণকেন্দ্র

নাশরুল কোরআন কমপ্লেক্স। মালয়েশিয়ার সবচেয়ে বড় কোরআন মুদ্রণকেন্দ্র। রাজধানী কুয়ালালামপুর থেকে প্রায় ২৮ কিলোমিটার দূরে পুত্রজায়ায় অবস্থিত এই কমপ্লেক্সে প্রতিদিন প্রায় ১৫ হাজার কোরআনের কপি ছাপা হয়।

মালয়েশিয়া কর্তৃপক্ষের দাবি, সৌদি আরবের মদিনায় অবস্থিত কিং ফাহাদ কোরআন কমপ্লেক্সের পর এটি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম কোরআন মুদ্রণকেন্দ্র।

সম্প্রতি আন্তর্জাতিক সংবাদমাধ্যম আইকিউএনএ-এর এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। নাশরুল কোরআন কমপ্লেক্সের গাইড মুহাম্মদ আশরাফ আমির বলেন, ‘কোরআন স্পর্শ করতে কিংবা এ নিয়ে কাজ করতে হলে কর্মীদের সব সময় অজু অবস্থায় থাকতে হয়। মুদ্রণকাজের সঙ্গে যুক্ত প্রায় ৫০ থেকে ৮০ জন কর্মী সতর্কতার সঙ্গে প্রতিটি ধাপ সম্পন্ন করেন।’

মালয়েশিয়ার বৃহত্তম কোরআন মুদ্রণকেন্দ্র। ছবি : সংগৃহীত

কমপ্লেক্সটিতে বছরে সর্বোচ্চ ৩০ লাখ কোরআনের কপি ছাপানোর সক্ষমতা রয়েছে। এসব কোরআন ৩০টি ভাষায় প্রকাশ করা হয়। অন্যদিকে সৌদি প্রেস এজেন্সির তথ্য অনুযায়ী, মদিনার কিং ফাহাদ কোরআন কমপ্লেক্সে বছরে দুই কোটির বেশি কপি ছাপা হয়। সেখানে ৭৯টি ভাষায় কোরআনের অনুবাদ পাওয়া যায়।

নাশরুল কোরআনে কোরআন ছাপার কাজ শুরু হয় বড় কাগজে পৃষ্ঠা মুদ্রণের মাধ্যমে। এরপর প্রতিটি পৃষ্ঠার রং ও মান পরীক্ষা করা হয়। কোনো ভুল আছে কি না, তা যাচাই করেন বিশেষজ্ঞরা। ‘লাজনাহ তাশেহ’ নামে পরিচিত এসব বিশেষজ্ঞকে আরবি ভাষায় দক্ষ হতে হয় এবং পুরো কোরআন মুখস্থ থাকতে হয়।

অনুমোদনের পর কাগজগুলো ভাঁজ করার যন্ত্রে পাঠানো হয়। একটি যন্ত্রে ঘণ্টায় প্রায় আট হাজার কাগজ ভাঁজ করা সম্ভব। এরপর আবার পরীক্ষা করে পৃষ্ঠাগুলো সঠিক ক্রমে সাজানো হয়। পরে সেলাই করে শক্ত মলাটে বাঁধাই করা হয়।

মালয়েশিয়ার বৃহত্তম কোরআন মুদ্রণকেন্দ্র। ছবি : সংগৃহীত

দ্বিতীয় দফায় বিশেষজ্ঞরা কোরআন পরীক্ষা করেন। প্রতিটি কপির ওজনও আলাদাভাবে মাপা হয়, যাতে কোনো পৃষ্ঠা কম বা বেশি থাকার বিষয়টি শনাক্ত করা যায়। প্রতিটি কোরআনের ওজন সাধারণত এক কেজির কাছাকাছি হওয়ার কথা। ওজনে অস্বাভাবিক তারতম্য থাকলে ত্রুটির আশঙ্কা করা হয়।

নাশরুল কোরআনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আবদুল লতিফের স্বপ্ন ছিল মালয়েশিয়ার নিজস্ব শিল্প ও সংস্কৃতির পরিচয় বহন করে এমন কোরআন তৈরি করা। তার উদ্যোগে ১৯৮৭ সালে মাত্র দুজনকে নিয়ে এ প্রকল্পের যাত্রা শুরু হয়। প্রথম পাণ্ডুলিপি সম্পন্ন করতে সময় লাগে ১০ বছর।

মালয়েশিয়ার বৃহত্তম কোরআন মুদ্রণকেন্দ্র। ছবি : সংগৃহীত

লতিফের ভাষ্য অনুযায়ী, কোরআন নকল করা একটি শিল্প। কারণ এর সঙ্গে জড়িয়ে আছে আরবি ক্যালিগ্রাফি বা লিপিশিল্প। আরবি ভাষাভাষী নয় এমন দেশ হওয়ায় শুরুতে ভাষা শেখা ছিল বড় চ্যালেঞ্জ। পরে ক্যালিগ্রাফি ও আরবি প্রশিক্ষণের পাশাপাশি পাণ্ডুলিপি অলংকরণের কাজ শুরু হয়। ফুল, জ্যামিতিক নকশা ও স্বর্ণালি নকশায় প্রতিটি সংস্করণে সংশ্লিষ্ট দেশের সংস্কৃতির ছাপ রাখা হয়।

চীনা ভাষার কোরআন প্রস্তুত করতে তাদের সাত বছর লেগেছে। চীনা ও আরবি ভাষায় দক্ষ শিক্ষক ও অধ্যাপকরা এ কাজে যুক্ত ছিলেন। প্রতিষ্ঠানটি নিজস্ব প্রশিক্ষণকেন্দ্রেও ক্যালিগ্রাফার তৈরি করে। হাতে লেখা প্রায় ৬০০ পৃষ্ঠার একটি কোরআন সম্পন্ন করতে দুই থেকে সাত বছর সময় লাগতে পারে।

কমপ্লেক্সটি কোরআন বিক্রির পাশাপাশি দাতব্য বিতরণও করে। কোনো বেসরকারি সংস্থা বিনা মূল্যে বিতরণের জন্য কোরআন চাইলে তা বিনা মূল্যে দেওয়া হয়। আগামী কয়েক বছরে আরও ৩০টি ভাষায় কোরআনের অনুবাদ প্রকাশের পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির। শিল্প ও সৌন্দর্যের মাধ্যমে মানুষের কাছে ইসলামের শান্তির বার্তা পৌঁছে দেওয়াই তাদের অন্যতম লক্ষ্য।