যে কারণে আমল না করেও সওয়াব মেলে

আপডেট : ১০ নভেম্বর ২০২৬, ০৮:১৮ পিএম

আমাদের দৈনন্দিন জীবনের অবস্থা পরিবর্তনশীল। কখনো সুস্থতা ও স্বাভাবিক কর্মব্যস্ততায় আমাদের দিন কাটে। আবার কখনো অসুস্থতা কিংবা সফরের কারণে স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হয়। এমন পরিস্থিতিতে অনেক সময় নিয়মিত ইবাদত ও নেক আমল করা সম্ভব হয় না। তবে মুমিনের জন্য রয়েছে আশার সংবাদ। মহান আল্লাহ তার বান্দার প্রতি অত্যন্ত দয়াশীল। কোনো বান্দা নিয়মিত নেক আমল করার অভ্যাস গড়ে তুললে এবং অসুস্থতা বা সফরের কারণে তা করতে না পারলেও আল্লাহ তাকে সেই আমলের সওয়াব দান করেন। 

রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘কোনো বান্দা অসুস্থ হলে অথবা সফরে গেলে সে সুস্থ ও বাড়িতে অবস্থানকালে যে আমল করত, তার জন্য সেই আমলের সমপরিমাণ সওয়াব লেখা হয়।’ (সহিহ বুখারি)

হাদিসটি মুমিনের জন্য আল্লাহর অসীম দয়া ও অনুগ্রহের একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত। সাধারণত মানুষ কোনো কাজ সম্পন্ন করার পর তার প্রতিদান পেয়ে থাকে। কিন্তু আল্লাহর অনুগ্রহ এমন যে, তার কোনো বান্দা নিয়মিত নেক আমল করতে অভ্যস্ত হলে বিশেষ কোনো কারণে তা করতে না পারলেও সওয়াব থেকে বঞ্চিত হন না। অসুস্থতা কিংবা সফরের মতো পরিস্থিতিতে তার আমলের প্রতিদান অব্যাহত থাকে।

উদাহরণ হিসেবে বলা যায়, কোনো ব্যক্তি নিয়মিত তাহাজ্জুদ পড়েন, নফল রোজা রাখেন, কোরআন তেলাওয়াত করেন কিংবা মসজিদে গিয়ে জামাতে নামাজ আদায় করেন। এসব আমল তার প্রতিদিনের অভ্যাসে পরিণত হয়েছে। কিন্তু হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় কিংবা দূরবর্তী সফরে থাকার কারণে আগের মতো আমল করা সম্ভব হচ্ছে না। এমন অবস্থায় তিনি যদি নিয়মিত আমল করার আন্তরিক আগ্রহ ধরে রাখেন, তাহলে হাদিসের সুসংবাদ অনুযায়ী আল্লাহ তার জন্য আগের মতোই সওয়াব লিখে দেবেন। 

এখানে লক্ষণীয় বিষয় হলো, আমলগুলো নিয়মিত করার অভ্যাস থাকতে হবে। সুস্থ ও স্বাভাবিক অবস্থায় যে ব্যক্তি ইবাদতে গুরুত্ব দিতেন না, পরে অসুস্থ হয়ে পড়লে কিংবা সফরে গিয়ে আগের আমলের সওয়াব পাওয়ার আশা করলেই তা পাওয়া যাবে না। কারণ, হাদিসে সেই ব্যক্তির কথা বলা হয়েছে, যিনি সুস্থ ও বাড়িতে অবস্থানকালে নিয়মিত নেক আমল করতেন।

সুস্থতা আল্লাহর বড় নেয়ামত। এই নেয়ামতের যথাযথ মূল্যায়ন করা উচিত। শরীর সুস্থ থাকলে ইবাদত-বন্দেগি, কোরআন তেলাওয়াত, জিকির-আজকার, দান-সদকা ও মানুষের কল্যাণে কাজ করার সুযোগ থাকে। একইভাবে বাড়িতে অবস্থানকালে নিয়মিত ইবাদতের অভ্যাস তৈরি করা প্রয়োজন।

পাশাপাশি অসুস্থ হলে সামর্থ্য অনুযায়ী ইবাদত চালিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে। ইসলাম মানুষের সাধ্যের বাইরে কোনো দায়িত্ব চাপিয়ে দেয়নি। দাঁড়িয়ে নামাজ পড়তে অক্ষম হলে বসে, বসেও অক্ষম হলে শুয়ে নামাজ আদায়ের সুযোগ রয়েছে। অর্থাৎ পরিস্থিতি অনুযায়ী ইবাদতের পদ্ধতি সহজ করা হয়েছে।

প্রকৃত মুমিনের জীবন হওয়া উচিত নেক আমলে পরিপূর্ণ। সুস্থতা ও অসুস্থতা, ঘরে থাকা কিংবা সফর, সব অবস্থায় আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করা তার দায়িত্ব। তাই সময় ও সুযোগ থাকতে নিয়মিত ইবাদতের অভ্যাস গড়ে তোলা উচিত। এতে স্বাভাবিক অবস্থায় যেমন সওয়াব অর্জিত হবে, তেমনি অনিবার্য কারণে আমল করতে না পারলেও আল্লাহর অনুগ্রহে সেই আমলের প্রতিদান পাওয়ার সৌভাগ্য হবে।

সর্বশেষ সর্বাধিক পঠিত