বৈশ্বিক উষ্ণতা ১.৫ ডিগ্রির লক্ষ্য ধরে রাখতে দ্রুত পদক্ষেপের আহ্বান

বিশ্বে গত বছর পরিচ্ছন্ন জ্বালানি খাতে ২ দশমিক ২ ট্রিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ হয়েছে, যা জীবাশ্ম জ্বালানি খাতে বিনিয়োগের দ্বিগুণ। জলবায়ু পরিবর্তন মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতার ফলে এই অগ্রগতি সম্ভব হয়েছে বলে জানিয়েছেন কপ৩১-এর প্রেসিডেন্ট অব নেগোশিয়েশনস ক্রিস বোয়েন। তবে বৈশ্বিক উষ্ণতা ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমিত রাখার লক্ষ্য ধরে রাখতে আরও দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

আজ বুধবার (১১ নভেম্বর) তুরস্কের আন্তালিয়ায় জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ৩১-এর লিডার্স সামিটের রাষ্ট্র ও সরকারপ্রধানদের উচ্চপর্যায়ের অধিবেশনে দেওয়া বক্তব্যে এসব কথা বলেন ক্রিস বোয়েন। একই অধিবেশনে বক্তব্য রাখেন জাতিসংঘের জলবায়ু পরিবর্তন বিষয়ক নির্বাহী সচিব সাইমন স্টিয়েল। 

ক্রিস বোয়েন বলেন, প্যারিস চুক্তির আগে বিশ্ব চার ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধির দিকে এগোচ্ছিল। বর্তমানে সেই পূর্বাভাস কমে প্রায় ২ দশমিক ৬ ডিগ্রিতে এসেছে। অতীতের কপ সম্মেলনগুলোতে আন্তর্জাতিক সহযোগিতা ও সুস্পষ্ট অঙ্গীকার পরিচ্ছন্ন জ্বালানিতে বিনিয়োগ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। গত বছর এ খাতে ২ দশমিক ২ ট্রিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ হয়েছে, যা জীবাশ্ম জ্বালানি খাতে বিনিয়োগের দ্বিগুণ। বিশ্বে পরিচ্ছন্ন জ্বালানি খাতে কর্মসংস্থানের সংখ্যাও এখন জীবাশ্ম জ্বালানি খাতের চেয়ে বেশি।

তিনি বলেন, বিশ্ব এখন একসঙ্গে নানা সংকটের মুখোমুখি। জ্বালানি নিরাপত্তার সংকট, বিভিন্ন অঞ্চলে যুদ্ধ ও সংঘাত, কৃত্রিম বুদ্ধিমত্তার বিস্তার এবং ডেটা সেন্টারের বিদ্যুতের চাহিদা বৃদ্ধির কারণে প্রতিটি দেশেই জীবনযাত্রার ব্যয়ের ওপর চাপ তৈরি হচ্ছে। এর সঙ্গে যুক্ত হয়েছে জলবায়ু সংকট। এই বহুমুখী সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা কমানোর পরিবর্তে আরও বাড়াতে হবে।

জ্বালানি খাতে করণীয় তুলে ধরে বোয়েন বলেন, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে হবে, কারণ এটি সবচেয়ে সাশ্রয়ী জ্বালানির উৎস। ডেটা সেন্টারের বাড়তি বিদ্যুৎ চাহিদাকে পরিচ্ছন্ন জ্বালানির ব্যবহার ত্বরান্বিত করার সুযোগ হিসেবে কাজে লাগাতে হবে। একইসঙ্গে জ্বালানির উৎসে বৈচিত্র্য আনতে হবে, বিদ্যুতায়ন সম্ভব এমন খাতগুলোতে বিদ্যুতের ব্যবহার বাড়াতে হবে।

জলবায়ু পরিবর্তনের প্রভাব তুলে ধরে তিনি বলেন, নেপালে হিমবাহ ধস, ইউরোপে তাপপ্রবাহে মানুষের মৃত্যু এবং শক্তিশালী এল নিনোর আশঙ্কা প্রমাণ করছে, জলবায়ু পরিবর্তন আর ভবিষ্যতের পূর্বাভাস নয়। এর ভয়াবহ প্রভাব এখনই দেখা যাচ্ছে। প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র টুভালু এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা অন্যান্য দেশের মানুষের জন্য ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের লক্ষ্য ধরে রাখা অস্তিত্বের প্রশ্ন। সাময়িকভাবে হলেও এই সীমা অতিক্রমের আশঙ্কা রয়েছে। তবে জরুরি পদক্ষেপ, সংহতি ও দৃঢ়তার মাধ্যমে পরিস্থিতি মোকাবিলা করা সম্ভব। তাপমাত্রা বৃদ্ধির প্রতিটি ভগ্নাংশ মানুষের জীবন, জনপদ, অর্থনৈতিক স্থিতিশীলতা ও পরিবেশের জন্য গুরুত্বপূর্ণ।

কপ৩১-এর অগ্রাধিকার তুলে ধরে বোয়েন বলেন, বিশ্বের জ্বালানি ব্যবস্থায় বিদ্যুতের অংশ বর্তমানে প্রায় এক-পঞ্চমাংশ। এটিকে এক-তৃতীয়াংশে উন্নীত করতে হবে। এ লক্ষ্য অর্জনে ‘৩৫ বাই ৩৫’ অঙ্গীকার একটি বাস্তবসম্মত পথ তৈরি করতে পারে। পাশাপাশি জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় অভিযোজন ও সহনশীলতা বাড়াতে হবে।

জলবায়ু অর্থায়নের বিষয়ে তিনি বলেন, অর্থায়ন আরও দ্রুত, সহজ ও ন্যায্য করতে হবে, যাতে দেশগুলো তাদের জাতীয় জলবায়ু অঙ্গীকার ও অভিযোজন পরিকল্পনাকে বাস্তবায়নযোগ্য প্রকল্পে রূপ দিতে পারে। ক্ষুদ্র দ্বীপরাষ্ট্রগুলোর অভিযোজনের জন্য জলবায়ু অর্থায়নের মাত্র শূন্য দশমিক ২ শতাংশ বরাদ্দ হচ্ছে। এই পরিস্থিতির পরিবর্তন জরুরি। ঝুঁকিপূর্ণ দেশগুলোর অর্থায়ন পাওয়ার সুযোগ বাড়াতে ‘অ্যাকসেস টু ফাইন্যান্স স্টেটমেন্ট’ ও অ্যাকশন প্ল্যান গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে উল্লেখ করেন তিনি।

সমুদ্র সুরক্ষার ওপর গুরুত্ব দিয়ে বোয়েন বলেন, মানুষের কর্মকাণ্ড থেকে নিঃসৃত কার্বন ডাই-অক্সাইডের প্রায় ৩০ শতাংশ এবং বৈশ্বিক উষ্ণতার কারণে সৃষ্ট অতিরিক্ত তাপের ৯০ শতাংশের বেশি সমুদ্র শোষণ করছে। কপ৩১-এ সমুদ্র ও জলবায়ু কার্যক্রমকে আলোচনা থেকে বাস্তবায়নের পর্যায়ে নিতে হবে। এ ক্ষেত্রে তুরস্কের নেতৃত্বে নেওয়া ‘আন্তালিয়া ওশান ডিক্লারেশন’ এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ‘তাকু পাকাসোয়া ডিক্লারেশন’ ও প্যাসিফিক রেজিলিয়েন্স ফ্যাসিলিটির কথা উল্লেখ করেন তিনি।

অধিবেশনে সাইমন স্টিয়েল বলেন, প্রতিটি দেশের নিরাপত্তা জলবায়ু পরিবর্তন মোকাবিলার কার্যক্রমের ওপর নির্ভরশীল। জাতীয় উদ্যোগের পাশাপাশি আন্তর্জাতিক জলবায়ু সহযোগিতা বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির পূর্বাভাস কমাতে ভূমিকা রেখেছে। একসময় বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির পূর্বাভাস চার ডিগ্রি সেলসিয়াসের অনেক বেশি থাকলেও বর্তমানে তা প্রায় ২ দশমিক ৬ ডিগ্রিতে নেমে এসেছে।

স্টিয়েল বলেন, আন্তর্জাতিক সহযোগিতা অভিযোজন কার্যক্রমকে আরও গুরুত্বের জায়গায় নিয়ে এসেছে এবং জ্বালানি খাতে পরিবর্তন ঘটিয়েছে। পরিচ্ছন্ন জ্বালানিতে বিনিয়োগ এখন জীবাশ্ম জ্বালানিকে ছাড়িয়ে গেছে। তবে জলবায়ু কার্যক্রমের গতি এখনো যথেষ্ট নয় এবং এর সুফল সব দেশের মধ্যে সমানভাবে পৌঁছায়নি। বিশেষ করে জলবায়ু সংকট সৃষ্টিতে যেসব দেশের দায় খুবই সামান্য, অথচ যারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত, তাদের আরও বেশি সহায়তা প্রয়োজন।

জ্বালানি বাজারের অস্থিরতা ও জলবায়ু দুর্যোগ মূল্যস্ফীতি বাড়াচ্ছে উল্লেখ করে স্টিয়েল বলেন, এর ফলে সরকারের বাজেটের ওপর চাপ তৈরি হচ্ছে, পরিবারের ব্যয় বাড়ছে এবং জীবনযাত্রার মান কমছে। জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতার রাজনৈতিক ও অর্থনৈতিক মূল্য অনেক বেশি। পরিচ্ছন্ন জ্বালানি জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি অর্থনীতিকে আরও টেকসই ও স্থিতিশীল করতে পারে। একই সঙ্গে দুর্যোগ মোকাবিলায় সক্ষমতা বাড়ালে মানুষের জীবন সুরক্ষিত হবে এবং বৈশ্বিক সরবরাহব্যবস্থাও শক্তিশালী হবে।

কপ৩১-এ আলোচনার অগ্রাধিকার সম্পর্কে স্টিয়েল বলেন, বৈশ্বিক অঙ্গীকার ও দেশগুলোর জাতীয় জলবায়ু পরিকল্পনাকে বাস্তবসম্মত সমাধানে রূপ দিতে হবে। প্রতিটি অর্থনীতিতে বিদ্যুতের ব্যবহার বাড়ানো, অভিযোজন খাতে অর্থায়ন তিন গুণ করা এবং অর্থায়নে প্রবেশাধিকার সহজ করার ওপর গুরুত্ব দিতে হবে।

আগের চুক্তিগুলো পুনরায় আলোচনায় না এনে অর্থায়ন সরবরাহ ও অর্থায়ন পাওয়ার সুযোগ উন্নত করতে হবে।
তিনি বলেন, কপ৩১-এ একদিকে আলোচনা চলবে, অন্যদিকে ‘গ্লোবাল ক্লাইমেট অ্যাকশন এজেন্ডা’র মাধ্যমে বাস্তব অর্থনীতির সঙ্গে জলবায়ু কার্যক্রমের সংযোগ বাড়ানো হবে। সম্মেলন শেষে শক্তিশালী আলোচনাভিত্তিক সিদ্ধান্ত এবং এই কর্মসূচিতে অর্থবহ ফলাফল অর্জন করতে হবে।

তুরস্কের আন্তালিয়ায় ৯ নভেম্বর শুরু হওয়া কপ৩১ চলবে ২০ নভেম্বর পর্যন্ত। এবারের সম্মেলনে জলবায়ু অর্থায়ন, জ্বালানি রূপান্তর, অভিযোজন, দুর্যোগ মোকাবিলায় সক্ষমতা বৃদ্ধি এবং বৈশ্বিক জলবায়ু কার্যক্রম বাস্তবায়নের বিষয়গুলো গুরুত্ব পাচ্ছে।