এক-তৃতীয়াংশ মানুষ ব্যাংক হিসাবের বাইরে

আর্থিক সেবায় পিছিয়ে নারীরা

দেশে ব্যাংক ও আর্থিক সেবার পরিধি বাড়লেও এর সুফল সমানভাবে পাচ্ছেন না নারী ও নিম্ন আয়ের মানুষ। বিশেষ করে নারীদের আর্থিক অন্তর্ভুক্তিতে পুরুষের তুলনায় বড় ব্যবধান রয়ে গেছে। ২০২৫ সালে প্রাপ্তবয়স্ক পুরুষদের ৬৯ দশমিক ৫ শতাংশ আনুষ্ঠানিক আর্থিক সেবার আওতায় এলেও নারীদের ক্ষেত্রে এ হার ৬০ দশমিক ৯ শতাংশ।

অর্থাৎ নারী-পুরুষের মধ্যে ব্যবধান ৮ দশমিক ৬ শতাংশীয় পয়েন্ট। সামগ্রিকভাবে দেশের ৩৫ দশমিক ৫ শতাংশ প্রাপ্তবয়স্ক মানুষ এখনো আনুষ্ঠানিক আর্থিক সেবার বাইরে।

বাংলাদেশ ব্যাংকের ‘ফিন্যান্সিয়াল ইনক্লুশন রিপোর্ট বাংলাদেশ, ২০২৫’-এ এ চিত্র উঠে এসেছে। প্রতিবেদনে দেখা যায়, আর্থিক সেবার হিসাব ও গ্রাহকসংখ্যা বাড়লেও সঞ্চয়, ঋণ গ্রহণ এবং ব্যবসায়িক অর্থায়নে নারীদের অংশগ্রহণ এখনো সীমিত। ব্যাংকের মোট আমানত হিসাবের ৩৮ দশমিক ৫ শতাংশ নারীদের নামে হলেও নারীদের মালিকানাধীন ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোক্তারা (সিএমএসএমই) মোট ঋণের মাত্র ৭ দশমিক ৫ শতাংশ পেয়েছেন।

অর্থনীতিবিদরা বলছেন, শুধু ব্যাংক হিসাব খোলা কিংবা ডিজিটাল আর্থিক সেবার গ্রাহক বাড়ালেই প্রকৃত আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিত হবে না। নারীদের আয়, কর্মসংস্থান, ঋণপ্রাপ্তি এবং আর্থিক সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা বাড়াতে হবে। একই সঙ্গে নিম্ন আয়ের মানুষের জন্য ব্যাংকিং সেবা সহজ ও সাশ্রয়ী করতে হবে।

প্রতিবেদন তৈরিতে জাতীয় আর্থিক অন্তর্ভুক্তি জরিপের তথ্য ব্যবহার করা হয়েছে। দেশের আট বিভাগ ও ৬৪ জেলার ৬ হাজার ৯১২টি পরিবারের ১৫ বছর বা তার বেশি বয়সী একজন করে সদস্যের কাছ থেকে তথ্য সংগ্রহ করা হয়।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে প্রাপ্তবয়স্ক পুরুষদের ৬৯ দশমিক ৫ শতাংশ আনুষ্ঠানিক আর্থিক সেবার আওতায় ছিলেন। নারীদের ক্ষেত্রে এ হার ৬০ দশমিক ৯ শতাংশ। সব মিলিয়ে প্রাপ্তবয়স্ক জনগোষ্ঠীর ৬৪ দশমিক ৫ শতাংশ আর্থিক সেবা গ্রহণের সুযোগ পেয়েছেন। বাকি ৩৫ দশমিক ৫ শতাংশ মানুষ এখনো এ সেবার বাইরে রয়েছেন।

শিক্ষার সঙ্গে আর্থিক অন্তর্ভুক্তির সম্পর্কও স্পষ্ট। প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই, এমন মানুষের ৫৫ দশমিক ১ শতাংশ আর্থিক সেবার আওতায় রয়েছেন। বিপরীতে উচ্চশিক্ষিতদের ক্ষেত্রে এ হার ৮৯ দশমিক ৬ শতাংশ। আবার শহরাঞ্চলে আর্থিক অন্তর্ভুক্তির হার ৬৬ দশমিক ৮ শতাংশ, গ্রামাঞ্চলে ৬৩ দশমিক ৬ শতাংশ।

গ্রামাঞ্চলে আর্থিক সেবা পৌঁছে দিতে এজেন্ট ব্যাংকিং গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ২০২৫ সালের ডিসেম্বর শেষে দেশে এজেন্ট ব্যাংকিং আউটলেট ছিল ২০ হাজার ৫০১টি। এর মধ্যে ৮৫ দশমিক ৫ শতাংশই গ্রামে। এ ব্যবস্থায় হিসাবের সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৫৮ লাখ ৩২ হাজার ৯৮১টি। এর ৮৪ দশমিক ৬ শতাংশ গ্রামীণ এলাকার।

ডিজিটাল আর্থিক সেবায়ও সম্প্রসারণ ঘটেছে। ২০২৫ সালের ডিসেম্বর শেষে মোবাইল আর্থিক সেবার (এমএফএস) হিসাব দাঁড়িয়েছে ২৫ কোটি ২ লাখ ৪০ হাজার। আগের বছরের তুলনায় যা ৪ দশমিক ৮৪ শতাংশ বেশি। এর মধ্যে নারী গ্রাহকের হিসাব ১০ কোটি ৫৬ লাখ ৭০ হাজার। এ সময়ে এমএফএসে লেনদেন ২৫ দশমিক ৫৮ শতাংশ বেড়ে ২১ লাখ ৮৩ হাজার ১০০ কোটি টাকায় পৌঁছেছে।

অন্যদিকে ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানের হিসাব ৭ দশমিক ৬৭ শতাংশ বেড়ে ৪ কোটি ৫৯ লাখে দাঁড়িয়েছে। ঋণ হিসাব বেড়েছে ৬ দশমিক ৯৪ শতাংশ। তবে ঋণের স্থিতি কমেছে ১ দশমিক ২১ শতাংশ। অর্থাৎ হিসাব ও ঋণগ্রহীতার সংখ্যা বাড়লেও অর্থায়নের পরিমাণে প্রত্যাশিত অগ্রগতি নেই।

ব্যাংক আমানতে নারীদের অংশগ্রহণ কিছুটা বাড়লেও ঋণপ্রাপ্তিতে বৈষম্য রয়ে গেছে। ২০২৫ সালের ডিসেম্বর শেষে ব্যাংকের মোট আমানত হিসাবের ৩৮ দশমিক ৫ শতাংশ নারীদের নামে ছিল। আগের বছর এ হার ছিল ৩৭ দশমিক ৭ শতাংশ। অথচ নারীদের মালিকানাধীন সিএমএসএমই উদ্যোক্তারা ব্যাংক খাতের মোট ঋণের মাত্র ৭ দশমিক ৫ শতাংশ পেয়েছেন।

দেশে প্রায় সাড়ে ১৩ কোটি সঞ্চয়ী হিসাব থাকলেও এর উল্লেখযোগ্য অংশ নিষ্ক্রিয়। নিম্ন আয়ের মানুষের ব্যাংকিং সেবায় প্রবেশের ক্ষেত্রেও নানা বাধা রয়েছে। অভিযোগ রয়েছে, বেসরকারি ব্যাংকগুলোর একটি অংশ কম স্থিতির হিসাব খুলতে আগ্রহ দেখায় না। ২০ হাজার টাকার কম স্থিতির হিসাব খুলতে অনাগ্রহ এবং ১০ হাজার টাকা জমা না থাকলে চেকবই দিতে না চাওয়ার মতো প্রবণতা আর্থিক অন্তর্ভুক্তির পথে বাধা হয়ে দাঁড়িয়েছে।

জাতীয় আর্থিক অন্তর্ভুক্তি কৌশলের ৬৯টি লক্ষ্যের মধ্যে ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত ৫৩টি বা ৭৬ শতাংশ পুরোপুরি বাস্তবায়িত হয়েছে। বাকি ১৬টি লক্ষ্য আংশিক বাস্তবায়িত হয়েছে। এসব লক্ষ্যের মধ্যে আর্থিক সাক্ষরতা, গ্রাহক সুরক্ষা এবং সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর কাছে আর্থিক সেবা পৌঁছে দেওয়ার বিষয় রয়েছে।

অর্থনীতিবিদদের মতে, আর্থিক অন্তর্ভুক্তির ক্ষেত্রে শুধু হিসাব খোলার সংখ্যাকে সাফল্য হিসেবে বিবেচনা করলে প্রকৃত চিত্র পাওয়া যাবে না। একজন গ্রাহক নিয়মিত হিসাব ব্যবহার করছেন কি না, সঞ্চয় করতে পারছেন কি না এবং প্রয়োজনের সময় ঋণ পাচ্ছেন কি না, সেটিও বিবেচনায় নিতে হবে। বিশেষ করে নারীদের উদ্যোক্তা ঋণ, সহজ শর্তে ব্যাংক হিসাব খোলা এবং আর্থিক সাক্ষরতা বাড়ানোর উদ্যোগ প্রয়োজন।

তাদের মতে, এক-তৃতীয়াংশ মানুষকে আর্থিক সেবার বাইরে রেখে ক্যাশলেস অর্থনীতি গড়ে তোলা সম্ভব নয়। এ জন্য ব্যাংক, মোবাইল আর্থিক সেবা, পেমেন্ট সেবা প্রদানকারী প্রতিষ্ঠান (পিএসপি) এবং টেলিযোগাযোগ খাতের মধ্যে সমন্বয় বাড়াতে হবে। পাশাপাশি প্রযুক্তিগত সক্ষমতা, গ্রাহকের আস্থা ও কার্যকর নীতিমালা নিশ্চিত করতে হবে।