তুরস্কের আনতালিয়া শহরে অনুষ্ঠিত জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন (কপ-৩১)-এর গ্রিন জোনে বিশ্বনেতাদের সম্মানে এক জাঁকজমকপূর্ণ নৈশভোজের আয়োজন করা হয়। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ও ফার্স্ট লেডি এমিনে এরদোয়ানের আমন্ত্রণে এই নৈশভোজে সস্ত্রীক অংশ নিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।
স্থানীয় সময় বুধবার (১১ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ছয়টায় এই নৈশভোজ অনুষ্ঠিত হয়। কপ-৩১ সম্মেলনে যোগ দিতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আনতালিয়াতে উপস্থিত হওয়া রাষ্ট্র ও সরকারপ্রধানদের সম্মানে এই সংবর্ধনা ও নৈশভোজের আয়োজন করা হয়েছিল।
নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার স্ত্রী জুবাইদা রহমান যোগ দেন। এ সময় তারা অনুষ্ঠানে উপস্থিত বিভিন্ন দেশের শীর্ষ নেতা এবং তাদের জীবনসঙ্গীদের সঙ্গে কুশল বিনিময় ও সৌহার্দ্যপূর্ণ আলাপচারিতায় অংশ নেন।
এর আগে সকালে প্রধানমন্ত্রী তারেক রহমান কপ-৩১ সম্মেলনের মূল ভেন্যুতে পৌঁছালে আয়োজকদের পক্ষ থেকে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধনী পর্বের আগে লিডার্স লাউঞ্জে সমবেত বিশ্বনেতাদের সঙ্গে অনানুষ্ঠানিক ও সংক্ষিপ্ত আলাপচারিতায় অংশ নেন তিনি। এ সময় পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বৈশ্বিক ও আঞ্চলিক বিষয় নিয়ে বিশ্বনেতাদের সঙ্গে তাঁর মতবিনিময় হয়।
এই জলবায়ু সম্মেলনের ফাঁকেই মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যায় তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হয়েছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আনতালিয়ার ম্যাক্স রয়েল হোটেলে অনুষ্ঠিত ওই উচ্চপর্যায়ের বৈঠকে রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান এবং তাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে আঙ্কারার রাজনৈতিক ও মানবিক সহায়তা অব্যাহত রাখার জোরালো আহ্বান জানান প্রধানমন্ত্রী।
পাশাপাশি, বৈঠকে বাংলাদেশ ও তুরস্কের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করতে প্রতিরক্ষা খাতের সহযোগিতা সম্প্রসারণ, দ্বিপক্ষীয় বাণিজ্য বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় যৌথ অংশীদারত্ব জোরদার করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
কপ-৩১ সম্মেলনের বিভিন্ন সেশনে সক্রিয় অংশগ্রহণ এবং বিশ্বনেতাদের সঙ্গে বৈঠকের মাধ্যমে বাংলাদেশের কূটনৈতিক অবস্থান আরও সুসংহত হচ্ছে বলে মনে সংশ্লিষ্টরা করছেন।