টেকসই উন্নয়ন ও সমন্বিত মহাপরিকল্পনা

সমুদ্রসৈকতে পর্যটকের ভিড় বাড়লেই কি একটি দেশের পর্যটনশিল্প সফল হয়? চীনের হাইনান প্রদেশের সানইয়া শহরে ছয় দিন কাটিয়ে আমার মনে হয়েছে, প্রকৃত সাফল্যের মাপকাঠি আরও কঠিন। পর্যটক কী অভিজ্ঞতা পেলেন, স্থানীয় মানুষের আয় কতটা বাড়ল এবং সমুদ্র-প্রকৃতি কতটা অক্ষত থাকল। বাংলাদেশের কক্সবাজার বা কুয়াকাটা নিয়ে পরিকল্পনা করার সময় এই তিনটি প্রশ্নকে একই গুরুত্ব দিতে হবে। সানইয়ায় লুহুইতোউ, থিয়ানইয়া হাইজিয়াও ও দাসিয়াওদোংথিয়ানের পাহাড়-সমুদ্রের দৃশ্য আমাকে মুগ্ধ করেছে। উঝিঝৌ দ্বীপে সামুদ্রিক পরিবেশ ও প্রবালপ্রাচীর সংরক্ষণের উদ্যোগ সম্পর্কে জেনেছি। ওয়েস্ট আইল্যান্ডের শতবর্ষী জেলেপল্লী দেখিয়েছে, স্থানীয় মানুষের জীবনও পর্যটনের অনন্য আকর্ষণ। অন্যদিকে ইয়াঝৌ প্রাচীন নগরীর স্থাপত্য, লোকসংগীত ও লি জনগোষ্ঠীর সাংস্কৃতিক পরিবেশনা মনে করিয়ে দিয়েছে, ঐতিহ্য কোনো প্রদর্শন সামগ্রী নয়; এটি মানুষের জীবন্ত পরিচয়। স্বাস্থ্য পর্যটনকেন্দ্রে চীনা চিকিৎসা পদ্ধতি, হাইনান লুজান পর্যটন বিশ্ববিদ্যালয়ে দক্ষ জনবল গঠন এবং ডুরিয়ান ভ্যালিতে কৃষিভিত্তিক পর্যটন সম্পর্কে জেনেছি। পর্যটন মানে শুধু হোটেল তৈরি নয়; পর্যটন মানে পরিবহন, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা ও সংস্কৃতির মধ্যে কার্যকর সংযোগ গড়ে তোলা।

স্থানীয় কর্র্তৃপক্ষের উপস্থাপিত তথ্য অনুযায়ী, বিভিন্ন ভিসামুক্ত প্রবেশব্যবস্থা মিলিয়ে ৮৮টি দেশের নাগরিক হাইনান ভ্রমণের সুবিধা পান। সানইয়ার ৩৮টি আন্তর্জাতিক যাত্রীবাহী বিমানরুট রয়েছে। বাংলাদেশে আন্তর্জাতিক পর্যটন বাড়াতে তাই শুধু নতুন বিমানরুট নয়, ভ্রমণের পুরো প্রক্রিয়াকে সহজ করার কথা ভাবতে হবে। ভিসানীতিতে যেকোনো পরিবর্তন অবশ্যই নিরাপত্তা ও পারস্পরিক স্বার্থ বিবেচনায় নিতে হবে। আন্তর্জাতিক পর্যটকদের জন্য নির্ভরযোগ্য তথ্য পাওয়াও একটি দেশের ভাবমূর্তি গড়ার অংশ। বাংলাদেশের জন্য আরেকটি নীতিগত শিক্ষা হলো, পরিকল্পনা কাগজে আটকে রাখা যাবে না। সরকার দেশের পর্যটন খাতের টেকসই উন্নয়ন এবং দেশি-বিদেশি পর্যটকদের আকর্ষণের লক্ষ্যে দেশজুড়ে প্রায় ১ হাজার ৪৯৮টি পর্যটন আকর্ষণ ও গন্তব্য নিয়ে সমন্বিত জাতীয় মহাপরিকল্পনা চূড়ান্ত করার কাজ এগিয়ে নিচ্ছে। প্রয়োজন সম্ভাবনা, পরিবেশগত ঝুঁকি ও স্থানীয় অংশগ্রহণের ভিত্তিতে কয়েকটি অগ্রাধিকার অঞ্চল নির্বাচন, নির্দিষ্ট বাজেট এবং প্রকাশ্য বাস্তবায়নসূচি। উপকূলীয় গন্তব্যে পর্যটক ধারণক্ষমতা নির্ধারণ করতে হবে। সৈকতের কোন অংশে নির্মাণ চলবে, কোথায় হবে না, বর্জ্য ও পয়োনিষ্কাশন কীভাবে ব্যবস্থাপিত হবে এবং প্রবাল বা সংবেদনশীল বাস্তুতন্ত্র কীভাবে রক্ষা পাবে, তার বাধ্যতামূলক বিধান প্রয়োজন। নতুন প্রকল্প অনুমোদনের আগে পরিবেশগত প্রভাব যাচাই এবং অনুমোদনের পর নিয়মিত স্বাধীন পর্যবেক্ষণ জরুরি। পর্যটকের সংখ্যা বাড়ানোর নামে প্রকৃতি নষ্ট করা অর্থনৈতিকভাবেও আত্মঘাতী। স্থানীয় মানুষকে কেবল কর্মচারী নয়, অংশীদার করতে হবে। বড় হোটেলের সঙ্গে স্থানীয় সরবরাহকারীর চুক্তি এবং স্বচ্ছ রাজস্ব-বণ্টনব্যবস্থা থাকলে পর্যটনের অর্থ এলাকায় বেশি থাকবে। তবে লোকসংস্কৃতিকে বাণিজ্যিক প্রদর্শনীতে নামিয়ে আনা নয়; সম্প্রদায়ের সম্মতি ও সাংস্কৃতিক মর্যাদা রক্ষা করতে হবে।

পর্যটকের দৈনন্দিন অভিজ্ঞতা সহজ করাও জরুরি। সানইয়ার ‘পাসপোর্ট ফ্রেন্ডলি’ উদ্যোগ বুঝিয়েছে, আন্তর্জাতিক পর্যটন শুধু বিমানবন্দর বা পাঁচতারকা হোটেলে তৈরি হয় না। বাংলাদেশের প্রধান গন্তব্যে বহুভাষিক তথ্য, স্পষ্ট মূল্যতালিকা, নিরাপদ যাতায়াত, পরিচ্ছন্ন গণশৌচাগার, কার্যকর ডিজিটাল পেমেন্ট ও দ্রুত অভিযোগ নিষ্পত্তির ব্যবস্থা প্রয়োজন। পর্যটকদের জন্য তথ্য ও সহায়তার একটি সমন্বিত ডিজিটাল প্ল্যাটফর্মও কাজে আসতে পারে। বিনিয়োগনীতিতেও অগ্রাধিকার বদলানো প্রয়োজন। বড় রিসোর্টে জমি বরাদ্দের আগে নিশ্চিত করতে হবে রাস্তা, পানি, বর্জ্য পরিশোধন ও জনসাধারণের সৈকতে প্রবেশাধিকার। পরিবেশগত শর্ত পূরণ, স্থানীয় কর্মসংস্থান এবং নিয়মিত তথ্য প্রকাশের সঙ্গে বিনিয়োগ অনুমোদন বা প্রণোদনা যুক্ত করা যেতে পারে। বেসরকারি বিনিয়োগ প্রয়োজন, কিন্তু তার ঝুঁকি যদি স্থানীয় মানুষ বহন করেন আর লাভ চলে যায় সীমিত কয়েকটি প্রতিষ্ঠানের কাছে, তবে সেটিকে টেকসই উন্নয়ন বলা যায় না।

দক্ষতা উন্নয়নকে বিনিয়োগের অংশ হিসেবে ধরতে হবে। বিদেশি ভাষা, আতিথেয়তা, নিরাপত্তা, প্রাথমিক চিকিৎসা, পরিবেশ ব্যবস্থাপনা ও অনলাইন বিপণনে স্থানীয় তরুণদের প্রশিক্ষণ দিতে পারে পর্যটন বোর্ড, কারিগরি প্রতিষ্ঠান ও বেসরকারি উদ্যোক্তারা। শ্রমিকদের ন্যায্য মজুরি ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত না করলে পর্যটন বৃদ্ধির সুফল দীর্ঘস্থায়ী হবে না। আশার কথা, বাংলাদেশে কাজের কিছু ভিত্তি ইতিমধ্যে রয়েছে। আন্তর্জাতিক শ্রম সংস্থা এবং কানাডা সরকারের সহায়তায় তৈরি কক্সবাজারের ২০২৫-২০২৭ মেয়াদি গন্তব্য উন্নয়ন পরিকল্পনায় পরিবেশ, স্থানীয় জনগোষ্ঠী এবং নারী-তরুণদের অর্থনৈতিক সুযোগকে গুরুত্ব দেওয়া হয়েছে। এসব উদ্যোগকে সরকারের বৃহত্তর মহাপরিকল্পনার সঙ্গে যুক্ত করে বাস্তবায়ন ও ফলাফল পরিমাপ করা বেশি জরুরি। নীতির বাস্তব পরীক্ষা হতে পারে কক্সবাজার, মহেশখালী ও কুয়াকাটায় সীমিত পরিসরের তিনটি পরীক্ষামূলক গন্তব্য ব্যবস্থাপনা উদ্যোগ। স্থানীয় সরকার, পর্যটন বোর্ড, পরিবেশ অধিদপ্তর, ব্যবসায়ী ও বাসিন্দাদের নিয়ে সমন্বয় কমিটি গঠন, বর্জ্য ব্যবস্থাপনা ও সেবার মান নির্ধারণ এবং কর্মসংস্থানভিত্তিক প্রশিক্ষণ চালু করা যায়। পরের ধাপে কাজের ফল দেখে অন্য অঞ্চলে সম্প্রসারণ করা উচিত। সাফল্য মূল্যায়নেও পরিবর্তন দরকার। শুধু পর্যটকের সংখ্যা বা নতুন হোটেল গণনা নয়; স্থানীয় পরিবারগুলোর আয়, নারী ও তরুণদের কর্মসংস্থান, বর্জ্য পরিশোধনের হার, পরিবেশের অবস্থা, পর্যটকের সন্তুষ্টি এবং অভিযোগ নিষ্পত্তির সময় প্রকাশ করতে হবে। পর্যটনের লক্ষ্য শুধু বাইরে থেকে মানুষ আনা নয়; বরং এমন একটি গন্তব্য তৈরি করা, যেখানে অতিথি ভালো অভিজ্ঞতা পান, স্থানীয় মানুষ ন্যায্য সুফল পান এবং প্রকৃতি ভবিষ্যৎ প্রজন্মের জন্য টিকে থাকে।

লেখক : সিনিয়র লেকচারার ও গবেষক, সানমিং বিশ্ববিদ্যালয়, ফুচিয়ান, চীন এবং সিনিয়র রিসার্চ ফেলো, বেল্ট অ্যান্ড রোড রিসার্চ সেন্টার, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, বাংলাদেশ