পুরনো উত্তাপের দুঃসহ স্মৃতির নব সংস্করণ    

সরকার এবং বিরোধী দলের রাজনৈতিক মতপার্থক্য দিন দিন স্পষ্ট হয়ে উঠছে, রাজনীতির দুর্ভেদ্য প্রাচীর টপকে রাজপথেও এর আলামত কী ধরনের বার্তা দিচ্ছে সেটা আমাদের মতো আমজনতার চেয়ে রাজনীতিবিদরাই ভালো বলতে পারবেন। সাম্প্রতিক সময়ে জামায়াতে ইসলামী এবং এনসিপির সঙ্গে সরকারের পাল্টাপাল্টি বক্তব্য ঘিরে সামনের দিনগুলোতে রাজনৈতিক মাঠ আরও উত্তপ্ত হওয়ার আলামত দেখা যাচ্ছে। বিরোধী দলগুলো সরকারকে ভারত বিষয়ে সতর্ক করার পাশাপাশি আগামী ডিসেম্বর মাসে সাবেক প্রধানমন্ত্রীর দেশে প্রত্যাবর্তনের সম্ভাবনাকে ঘিরে নিজেরাও জনমত তৈরিতে ব্যস্ত সময় পার করছে বলে মনে হচ্ছে। বিরোধী দলগুলো, বিশেষ করে এনসিপি বলছে, শেখ হাসিনা দেশে ফিরলে তার জন্য ফাঁসির মঞ্চ প্রস্তুত, তাকে সরাসরি বিমানবন্দর থেকে সেখানে নিয়ে যাওয়া হবে। অন্যদিকে যারা সরকার পরিচালনা করছেন, তাদের দায়িত্বশীল অংশের কেউ বলছেন তাকে দেশে ফেরার ট্রাভেল পাস দেওয়া হবে না, আবার কেউ বা বলছেন দেশে ফিরে এলে তাকে সরাসরি কারাগারে পাঠিয়ে পরবর্তীতে আইনানুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। শেখ হাসিনাকে ঘিরে এতসব কথার মাঝে সরকার দলের পক্ষ থেকে সাম্প্রতিক সময়ে দেশে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা এবং নাশকতার জন্য দেশের একটি রাজনৈতিক দলকে (বলার অপেক্ষা রাখে না দলটি জামায়াত এবং তাদের জোট) দায়ী করে পাশর্^বর্তী দেশে অবস্থানরত অপশক্তির সঙ্গে আঁতাত করার অভিযোগ করা হয়েছে। এখানে স্পষ্ট যে, উভয়েই এখন একে অন্যকে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সঙ্গে সম্পর্ক রাখার অভিযোগে অভিযুক্ত করছে।

রাজনৈতিক এসব পাল্টাপাল্টি অবস্থার মাঝে সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে ভাঙচুর, অগ্নিসংযোগ এবং ককটেল বিস্ফোরণের মতো ঘটনা ঘটে যাচ্ছে। গত কিছুদিন ধরে প্রায় প্রতিদিনই এসব ঘটনা ঘটছে। মাঝে সাভারে মাত্র ২৫ ঘণ্টা সময়ের মধ্যে ৩টি বাসে অগ্নিসংযোগ করা হয়েছে। গত ১০ দিন সময়ের মধ্যে ঢাকা শহরে ৮টি শক্তিশালী ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এর মাঝে গাজীপুর এবং সাভারে গার্মেন্টস শ্রমিকদের আন্দোলন এবং পুলিশি অ্যাকশনে কমপক্ষে ২ জন শ্রমিকের মৃত্যু হয়েছে। মাত্র সাড়ে ১২ হাজার টাকার নিম্নতম মজুরির এসব শ্রমিকদের পরিবার নিয়ে ন্যূনতম জীবনযাপন করা যেখানে দুঃসাধ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে, দ্রব্যমূল্যের ঊর্ধŸগতি এবং মুদ্রাস্ফীতির চাপে তারা দিশেহারা, মালিকপক্ষের অতি মুনাফা অর্জনের প্রবণতা, এসব কিছুকে ছাপিয়ে তাদের এই আন্দোলনকে হেয় করে দেখার সুযোগ নেই। আন্দোলনের শুরুতেই সরকারের পক্ষ থেকে এ বিষয়ে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে, তাদের জন্য মজুরি বোর্ড গঠন করে দ্রুততম সময়ে প্রতিবেদন পেশ করার নির্দেশনা দিয়ে এটাও আশ্বস্ত করা হয়েছে যে, আগামী জানুয়ারি মাস থেকে তারা বোর্ডের সুপারিশ অনুযায়ী বর্ধিত হারে বেতন পাবেন। যদিও এ ধরনের বোর্ড গঠনের পর প্রতিবেদন পাওয়ার জন্য কমপক্ষে ৬ মাস অপেক্ষা করতে হয়, পরিস্থিতির গুরুত্ব অনুধাবন করে এক্ষেত্রে সময় সংক্ষেপ করা হয়েছে। বাস্তবে দেখা গেল, মজুরি বোর্ড গঠনের পরও কিছু জায়গায় থেকে থেকে আন্দোলন পরিচালিত হয়ে আসছিল, যদিও পরে সব কর্মীই তাদের কাজে যোগদান করেছেন। এখানে একটি বিষয় আমাদের স্পষ্ট হওয়া দরকার, সরকারের আইনশৃঙ্খলা বাহিনী এবং গোয়েন্দা সংস্থাগুলো রয়েছে। যদি সে রকম কিছুই ঘটে থাকে তাহলে আইনকে চলতে দিতে হবে আইনের গতিতে। যদি বিদেশ থেকে কেউ এখানে ইন্ধন দিয়ে থাকে এবং তারা আইনের নাগালের বাইরে থেকে যান, তাহলে দেশের ভেতর যারা জড়িত রয়েছে বলে সরকার দাবি করছে। তাদের কেন আইনের আওতায় আনা হচ্ছে না এটা একটা বড় প্রশ্ন।

এক্ষেত্রে জননিরাপত্তার স্বার্থে সরকার বা সরকারি দল যদি ভয় থেকে কোনো পদক্ষেপ নিতে না পারেন তাহলে এটা হবে তাদের জন্য বড় ধরনের নৈতিক দুর্বলতা। আর যদি কোনো পদক্ষেপ না নেওয়া হয়, তাহলে এটাও একটা বার্তা হিসেবে জনগণের কাছে যেতে পারে যে, সরকার কেবল রাজনৈতিক উদ্দেশ্যে এক ধরনের অপবাদ দিচ্ছে, এর কোনো বাস্তব ভিত্তি নেই। তাহলে আরেকটা মৌলিক প্রশ্ন দাঁড়ায়, আর তা হলো যদি দেশের কার্যকর কোনো রাজনৈতিক দল এসবের সঙ্গে সম্পৃক্ত না থাকে তাহলে নিষিদ্ধ ঘোষিত একটি দলের পক্ষে, যাদের প্রায় সব গুরুত্বপূর্ণ মানুষ হয় দেশের বাইরে, নয়তো কারাগারে, তারা কীভাবে এককভাবে এমন হামলা চালানোর মতো সুযোগ পাচ্ছে? এও সেক্ষেত্রে সরকারের আইনশৃঙ্খলা এবং গোয়েন্দা নজরদারির ব্যর্থতা হিসেবে চিহ্নিত করা যেতে পারে।

আমাদের দেশের দীর্ঘদিনের পুরনো একটি রাজনৈতিক সংস্কৃতি হচ্ছে রাজনৈতিক অপরাধের ক্ষেত্রে কেবল বিরোধী দলগুলোকেই সরকারের পক্ষ থেকে দায়ী করা হয়ে থাকে। এক্ষেত্রে বেশিরভাগ সময়ই সরকারের দলের লোকদের দায়মুক্তির বিষয়টি প্রচলিত। যদিও গত কিছুদিনে সরকার প্রধান কিছু ঘটনার জন্য একজন সংসদ সদস্য এবং একজন প্রতিমন্ত্রীকে তাদের স্ব স্ব দায়িত্ব থেকে পদত্যাগ করতে বাধ্য করে এক ধরনের বার্তা দেওয়ার চেষ্টা করেছেন, তৃণমূলে ঘটে যাওয়া স্কুল-কলেজের অনিয়ম থেকে শুরু করে স্থানীয় পর্যায়ের প্রভাব বলয় থেকে দলকে মুক্ত রাখতে কি পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে? এর উত্তর হচ্ছে না, আর কারণ হচ্ছে সরকার গঠনের ৯ মাস পরও দল হিসেবে বিএনপি এখনো সেভাবে সংগঠিত হতে পারেনি, অন্ততপক্ষে তাদের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীরা যতটা সংগঠিত অবস্থায় রয়েছে তাদের তুলনায়। আমরা একটা কথা প্রায়ই ভুলে যাই, দল এবং সরকার এক নয়, দুটি ভিন্ন সত্ত্বা। দল যখন সরকারের ভেতর মিশে যায়, তখন বিপদ হয়, যেমনটা হয়েছিল বিগত সরকারের বেলায়। একসময় ত্যাগী এবং রাজপথের লড়াকু সৈনিকের জন্য বিখ্যাত আওয়ামী লীগের সরকারের দায়িত্বশীল পর্যায় থেকে এমনকি তৃণমূলের নেতারা পর্যন্ত পালিয়ে বেড়াচ্ছেন। অন্যদিকে জামায়াতে ইসলামীকে যত কোণঠাসা করার চেষ্টা করা হয়েছে, তারা তত বেশি সংগঠিত হয়েছে, একই বিষয় নবগঠিত এনসিপির ক্ষেত্রেও প্রযোজ্য।

আমাদের নিশ্চয়ই মনে আছে, ময়মনসিংহের সিনেমা হলগুলোতে গ্রেনেড হামলা, উদীচীর সভায় হামলা, ২০০৪ সালে তৎকালীন বঙ্গবন্ধু অ্যাভিনিউতে গ্রেনেড হামলা এবং ২০০৫ সালে ৬৩ জেলায় সিরিজ বোমা হামলার সঙ্গে কারা জড়িত ছিল। এদের কয়জনকে বিচারের আওতায় আনা সম্ভব হয়েছিল এবং কয়জনের বিচারের রায় কার্যকর হয়েছিল? আমাদের এটাও স্মরণ রাখা দরকার যে, ২০২৪ সালে জুলাই আন্দোলনকে ঘিরে নরসিংদীর জেলা কারাগার থেকে কয়েকশ বন্দির পালিয়ে যাওয়া এবং থানাগুলো থেকে অস্ত্র লুটের ঘটনা। এদেরই বা কজনকে আবারও কারাগারে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে এবং লুট হওয়া অস্ত্রের কিছু অংশ উদ্ধার করা সম্ভব হয়েছে, এসব কিছুই এখনো অজানা। একটা পুরনো কথা আছে, ‘ঘরের শত্রু বিভীষণ’, শত্রু খুঁজতে আমরা যদি কেবল বাইরের দিকে তাকিয়ে থাকি, তাহলে তো ঘর শূন্য হয়ে যাবে! নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ততা নিয়ে সরকারি এবং বিরোধী দলগুলো ক্রমেই একে অন্যকে দোষারোপ করে গেলেও রাজনীতিতে আওয়ামী লীগ যাতে আর প্রত্যাবর্তন করতে না পারে দিন শেষে সরকার এবং বিরোধী দলের সুর একই রকমের। সেটা করতে গিয়ে অন্য কোনো অপশক্তির উদ্ভব ঘটতে যাচ্ছে কি না বা অন্যদের দেশ ও স্বাধীনতা বিরোধী এবং আমাদের সাংস্কৃতিক ঐতিহ্য বিরোধী কর্মকান্ডে আরও সুযোগ করে দেওয়া হচ্ছে কি না সেটা গভীরভাবে ভেবে দেখার বিষয়।

৯ নভেম্বরে জানা গেল সাবেক প্রধানমন্ত্রী দেশে ফিরে আসতে নতুন পাসপোর্ট এবং জাতীয় সনদের জন্য দিল্লিস্থ বাংলাদেশ হাইকমিশনে আবেদন করেছেন। কথা হচ্ছে সরকার তো তাকে ফেরত চায়। এ নিয়ে একাধিকবার ঢাকার বার্তা দিল্লিকে পৌঁছে দেওয়া হয়েছে। এ নিয়ে দিল্লির নীরবতা ঢাকাকে ব্যথিত করেছে। দুদেশের দ্বিপাক্ষিক সম্পর্কের টানাপড়েন কমছেই না। এখন তিনি যদি নিজে থেকেই ফেরত এসে আইনের কাছে নিজেকে সোপর্দ করেন, সরকারের সেই সুযোগ দেওয়া উচিত। তার ফিরে আসা নিয়ে যদি ভারত আপত্তি না করে, তাহলে ভারতকেও দোষ দেওয়ার কিছু থাকবে না। অন্তর্বর্তী সরকারের দীর্ঘ দেড় বছরের দুঃসহ শাসনের পর একটি নির্বাচিত সরকার দায়িত্ব গ্রহণের ৯ মাস পরও যদি অন্তর্বর্তী সরকারের ছায়া থেকে যায়, তাহলে সামনের দিনগুলোতে সরকারের পক্ষ্যে তাদের নির্বাচনী ওয়াদা পূরণ করে যাওয়া কঠিন হয়ে দাঁড়াবে। সরকারের কথায় এটা স্পষ্ট যে, তারা রাষ্ট্র পরিচালনায় বিরোধী দলগুলোর কাছ থেকে সহযোগিতা পাওয়ার পরিবর্তে ক্রমাগতভাবে প্রতিহিংসার শিকার হচ্ছে। সরকারকে ব্যর্থ প্রমাণ করতে যে নাশকতাগুলো এখন পরিচালিত হচ্ছে, এর শেকড় কতটা দেশের বাইরে এবং কতটা ভেতরে, সেটা বের করা খুব প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে। একদিকে অর্থনৈতিক সংকট এবং এক্ষেত্রে সুশাসনের অভাব, অন্যদিকে ধারাবাহিকভাবে সরকারবিরোধী ষড়যন্ত্র মোকাবিলার একমাত্র দাওয়াই হচ্ছে নির্মোহভাবে আইনের শাসনের ওপর নির্ভর করা। এর ব্যতিক্রম সরকারকে ক্রমেই ষড়যন্ত্রের জালে আরও গভীরভাবে আঁকড়ে ধরবে।

লেখক : রাজনীতি ও কূটনীতি বিশ্লেষক।  অধ্যাপক, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ, চট্টগ্রাম বিশ্ববদ্যালয়।  

mfulka@yahoo.com