জয়া শ্রাবন্তী

দুই বাংলার দুই জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান ও শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে এবার দেখা যাবে একই সিনেমায়। প্রথমবারের মতো জুটি বাঁধছেন তারা। অর্জুন দত্ত পরিচালিত নতুন সিনেমা ‘আরএসভিপি মার্ডার’-এ অভিনয় করবেন দুই তারকা। পাহাড়ি এলাকায় রহস্যময় এক হত্যাকা-কে ঘিরে নির্মিত হচ্ছে সিনেমাটি।

একটি পার্টির আয়োজন থেকেই গল্পের শুরু। আনন্দঘন পরিবেশে হঠাৎ আসা একটি বার্তা বদলে দেয় সবকিছু। এরপর সামনে আসতে থাকে একের পর এক রহস্য। বন্ধুত্বের আড়ালে স্বার্থের দ্বন্দ্ব, দাম্পত্য জীবনের টানাপড়েন এবং পারিবারিক সম্পর্কের জমে থাকা ক্ষোভ গল্পে নতুন মাত্রা যোগ করবে।

সিনেমাটিতে নিজের চরিত্র নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন শ্রাবন্তী। তিনি জানিয়েছেন, পরিচালক অর্জুন দত্তের সঙ্গে কাজের সুযোগ পেয়ে আনন্দিত। চরিত্রটি তার কাছে একেবারেই নতুন অভিজ্ঞতা। অন্যদিকে জয়া আহসানও সিনেমাটিকে বিশেষ বলে উল্লেখ করেছেন। তার মতে, ‘অর্জুন আমার অত্যন্ত পছন্দের একজন পরিচালক। ‘আরএসভিপি মার্ডার’ একটি মার্ডার মিস্ট্রি আর এই সিনেমার অংশ হতে পেরে আমি রোমাঞ্চিত। চরিত্রটি ফুটিয়ে তোলার মধ্যে আলাদা একটা চ্যালেঞ্জ রয়েছে।’

জয়া-শ্রাবন্তীর সঙ্গে আরও অভিনয় করবেন শিলাজিৎ মজুমদার, কনীনিকা বন্দ্যোপাধ্যায়, বিবৃতি চট্টোপাধ্যায়, অনুরাধা মুখোপাধ্যায়, লোকনাথ দে ও গৌরব রায়চৌধুরী।

‘শ্রী অভিজ্ঞান ড্রিমওয়ার্কস প্রাইভেট লিমিটেড’-এর ব্যানারে ছবিটি প্রযোজনা করছেন অভিজিৎ চট্টোপাধ্যায়। চিত্রনাট্য লিখেছেন আশীর্বাদ মৈত্র ও অর্জুন দত্ত। সংগীত পরিচালনায় রয়েছেন মৈনাক মজুমদার ও অভিজিৎ চট্টোপাধ্যায়।