এটিএন ফোক স্টুডিওতে কাজল আরিফের গান

এটিএন ফোক স্টুডিও থেকে নতুন আঙ্গিকে প্রকাশ পেল সংগীতশিল্পী কাজল আরিফের গান ‘কেমন ভালোবাসো বন্ধু’। গানটির কথা লিখেছেন হুমায়ুন কবীর। সুরকার মান্নান মোহাম্মদ। নতুন করে সংগীত আয়োজন করেছেন সানি মোহাম্মদ।

এ প্রসঙ্গে কাজল আরিফ বলেন, আমি খুবই খুশি ও আনন্দিত। অসংখ্য জনপ্রিয় গানের গীতিকার সুরকার সংগীত পরিচালক শ্রদ্ধেয় মান্নান মোহাম্মদের সুরে ও তত্ত্বাবধানে নতুন করে ‘কেমন ভালোবাসো’ গাইতে পেরে। গানটি এরই মধ্যে প্রকাশ পেয়েছে। আশা করি সবার ভালো লাগবে।

এর আগে ২০২৩ সালে ম্যাক্স ব্যাগ এন্টারটেইনমেন্টের ব্যানারে প্রকাশ পায় গানটি। তখন সংগীত পরিচালনা করেছিলেন সালমান জাইম। মিউজিক ভিডিও নির্মাণ করেছিলেন সৌমিত্র ঘোষ ইমন। সে সময় বেশ প্রশংসিত হয়েছিল গানটি।

কাজল আরিফের সংগীতযাত্রা ২০১৩ সালে প্রথম একক অ্যালবাম ‘নতুন একটা প্রেমে পড়ো’র মাধ্যমে। এরপর প্রকাশ হয়েছে ‘স্বপ্নছেঁড়া’, ‘রবে না এ ধন’, ‘কেমন ভালোবাস’ ‘বর্ষাবরণ’ প্রমুখ গান।