উৎসবের প্রধান লক্ষ্য সাংস্কৃতিক মিলনমেলা গড়ে তোলা

মঞ্চের আলোয় চার দশকের নিরবচ্ছিন্ন পথচলা। ‘নাটক হোক সুস্থ মননশীলতা সৃষ্টির তীর্থক্ষেত্র’ সেøাগান নিয়ে ১৯৮৬ সালের ১৪ নভেম্বর যাত্রা শুরু করা ‘বাংলাদেশ থিয়েটার’ উদযাপন করছে তাদের চার দশক পূর্তি। এ উপলক্ষে আয়োজিত ৪০ দিনব্যাপী ‘কিউট বাংলাদেশ নাট্যোৎসবে ২০২৬’-এর পর্দা উঠছে আগামীকাল ১৩ নভেম্বর। দলের গৌরবোজ্জ্বল অতীত ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলেছেন সংগঠনের সম্পাদক, অভিনেতা ও নির্দেশক খন্দকার শাহ্ আলম। সাক্ষাৎকার নিয়েছেন অপূর্ব কুমার কুন্ডু

মঞ্চে চার দশকের এই বর্ণিল অভিযাত্রা এবং দলের শেকড় গড়ার পেছনের গল্পটি কেমন ছিল?

১৯৮৬ সালের ১৪ নভেম্বর প্রতিষ্ঠিত ‘বাংলাদেশ থিয়েটার’-এর সেøাগান ‘নাটক হোক সুস্থ মননশীলতা সৃষ্টির তীর্থক্ষেত্র’। এ পর্যন্ত আমরা ১২টি মঞ্চনাটক এবং ৬টি পথনাটক মঞ্চে এনেছি। এর মধ্যে ‘নক্সীকাঁথা’, ‘বিদ্যাসুন্দর’, ‘সিরাজ যখন নবাব সিরাজদ্দৌলা’, ‘সী-মোরগ’, ‘এক্কা দোক্কা’ এবং একক নাটক ‘আমি’ বিশেষভাবে উল্লেখযোগ্য।

দীর্ঘ পথচলায় আন্তর্জাতিক মঞ্চে নাটকের স্বীকৃতি কিংবা পেছনের ফিরে তাকালে কোন বিশেষ স্মৃতির কথা মনে পড়ে?

২০০৬ সালে আমার নির্দেশনায় জসীমউদ্দীনের ‘নকশী কাঁথার মাঠ’ অবলম্বনে ‘নক্সীকাঁথা’ নাটকটি মিসরের আন্তর্জাতিক উৎসবে প্রশংসিত হয়। পরবর্তী সময়ে এটি নিয়মিত প্রযোজনার রূপ নেয়। পশ্চিমবঙ্গ, ত্রিপুরাসহ বিদেশেও আমরা নাটক মঞ্চায়ন করেছি। অসংখ্য উৎসব ও কর্মশালার মাধ্যমে বাংলাদেশ থিয়েটার সর্বদা জীবন্ত ছিল এবং আগামীতেও থাকবে।

প্রতিষ্ঠার চার দশক পূর্তিতে ‘চল্লিশ নাটক নিয়ে নাট্যোৎসব’ আয়োজনের মূল ভাবনাটা কীভাবে এলো?

দীর্ঘ চল্লিশ বছর ধরে নিয়মিত নাটক করে যাওয়া এবং নাট্যানুরাগীদের এক সুতোয় গেঁথে রাখাটাই আমাদের সবচেয়ে বড় অর্জন। প্রায় ৩৫ বছর ধরে আমরা প্রতিষ্ঠাবার্ষিকীতে উৎসবের আয়োজন করে আসছি। যার মূল উদ্দেশ্য হলো একটি প্রাণের মিলনমেলা তৈরি করা। ঢাকা পর্বের পর চট্টগ্রাম, খুলনা, রংপুর ও বরিশাল বিভাগীয় শহরেও এই উৎসব বিস্তৃত হবে।

উদ্বোধনী দিনটির কর্মপরিকল্পনা ও আয়োজনের রূপরেখা সম্পর্কে যদি একটু বিস্তারিত বলতেন?

আগামী ১৩ নভেম্বর শুক্রবার সকাল ১০টায় উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে। ১০:৩০ মিনিটে বেলুন-পায়রা ওড়ানো, আনন্দ শোভাযাত্রা ও স্মৃতিচারণ পর্ব রয়েছে। বেলা ১১টায় ‘মঞ্চমেলা ১ম পর্ব’, দুপুর ১টায় মধ্যাহ্নভোজের বিরতি, দুপুর ২:৩০টায় ‘মঞ্চমেলা ২য় পর্ব’ এবং বিকেল ৪:৩০টায় উন্মুক্ত মঞ্চে সাংস্কৃতিক পরিবেশনা থাকবে। দিনটির মূল আকর্ষণ হিসেবে সন্ধ্যা ৭টায় মঞ্চস্থ হবে ‘সিরাজ যখন নবাব সিরাজউদ্দৌলা’-এর ৪৮তম প্রদর্শনী।

উৎসবের প্রথম পর্বে কোন দলগুলোর নাটক মঞ্চায়িত হচ্ছে?

শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা ও এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে প্রথম পর্বে অংশ নিচ্ছে ১২টি দল। নাটকগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশ থিয়েটারের ‘সিরাজ যখন নবাব সিরাজউদ্দৌলা’, থিয়েটার বেইলী রোডের ‘বারামখানা’, দেশ নাটকের ‘নৃত্য পুরাণ’, বহুবচনের ‘অনিকেত সন্ধ্যা’, নাটতীর্থের ‘দ্বীপ’, নান্দনিকের ‘নৃপতি’, স্বপ্নদলের ‘হরগজ’, নাগরিক নাট্যাঙ্গনের ‘দুই পাখি ও নন্দিনী’, ঢাকা থিয়েটারের ‘একটি লৌকিক অথবা অলৌকিক স্টিমার’, মহাকালের ‘নীলাখ্যান’, দৃষ্টিপাতের ‘কয়লা রঙের চাঁদর’ এবং নাট্যম রিপোর্টারির ‘দমের মাদার’। প্রতিদিন বিকেল ৪টা থেকে উন্মুক্ত মঞ্চে পরিবেশনা এবং সাড়ে ছয়টায় মূল নাটক শুরু হবে।

আপনার অত্যন্ত প্রশংসিত একক অভিনয় নাটক ‘আমি’-এর মঞ্চযাত্রা এবং এ ধারার চ্যালেঞ্জগুলো নিয়ে আপনার মূল্যায়ন কী?

একক অভিনয় বাংলা নাটকের আদি ঐতিহ্য। স্বাধীন বাংলাদেশে নারী শিল্পীরা একক অভিনয়ে পথ দেখালেও পুরুষ অভিনেতাদের জন্য এটি বেশ সাহসের বিষয় ছিল। সময়ের প্রয়োজনে নাট্যকার মাহবুব আলমের রচনা ও ড. আইরিন পারভীন লোপার নির্দেশনায় আমি ‘আমি’ নাটকটি মঞ্চে নিয়ে আসি। খুবই অল্প সময়ে এটি রজতজয়ন্তী পেরিয়ে এখন পঞ্চাশের দোরগোড়ায়। নবীন পুরুষ অভিনেতারা যখন আমাকে অনুপ্রেরণা হিসেবে স্মরণ করেন, তখন দায়বদ্ধতা আরও বেড়ে যায়।

উৎসবের অংশ হিসেবে কি কোনো আলোচনা অনুষ্ঠান থাকছে?

নাট্যচর্চাকে বেগবান করতে আগামী ২০ নভেম্বর শুক্রবার বিকেল ৪টায় শিল্পকলা একাডেমির সেমিনার রুমে সাম্প্রতিক নাট্যচর্চার আলোকে একটি বিশেষ সেমিনার অনুষ্ঠিত হবে।

দলের নতুন প্রযোজনা নিয়ে কী বার্তা রয়েছে?

ঢাকা পর্বের পর চট্টগ্রাম ও বরিশাল বিভাগেও উৎসব ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি, আমাদের দলের নতুন প্রযোজনা হিসেবে খুব শিগগির মঞ্চে আনতে চলেছি নতুন নাটক ‘মহাকবি ফেরদৌসী’।