প্লাস্টিক, সিরামিক, চামড়াজাত পণ্যসহ বেশকিছু খাতে যৌথ বিনিয়োগে বড় সম্ভাবনা দেখছেন বাংলাদেশে এবং কুয়েতের ব্যবসায়ী ও উদ্যোক্তারা। পাশাপাশি দুই দেশের দ্বিপাক্ষিক বাণিজ্য, যৌথ বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতার সম্পর্ক জোরদারে আগ্রহ প্রকাশ করেছে উভয় পক্ষ।
গতকাল বুধবার ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) উদ্যোগে কুয়েত চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সঙ্গে বাংলাদেশের ব্যবসায়ী প্রতিনিধি দলের অনলাইন সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন এফবিসিসিআইয়ের প্রশাসক মো. ফজলুল হক। সভায় কুয়েত চেম্বারের প্রতিনিধিসহ এফবিসিসিআইয়ের প্রতিনিধি, কূটনীতিক এবং দেশের শীর্ষ শিল্প উদ্যোক্তারা অংশ নেন।
সভার শুরুতে এফবিসিসিআই‘র প্রশাসক মো. ফজলুল হক দুই দেশের সম্পর্কের ওপর জোর দিয়ে কুয়েতের উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান। বাংলাদেশের চামড়া, প্লাস্টিক, সিরামিক, প্রক্রিয়াজাত খাদ্য, পোশাক ও আইসিটি খাতের উচ্চমানের সক্ষমতার কথা তুলে ধরে দ্রুত অর্থনৈতিক সুযোগ কাজে লাগাতে যৌথ উদ্যোগের তাগিদ দেন তিনি।
কুয়েতের ভোক্তাদের উচ্চ ক্রয়ক্ষমতা ও বাজার সম্ভাবনার কথা তুলে ধরে দেশটিতে নিয়োজিত বাংলাদেশে কাউন্সেলর (পলিটিক্যাল এবং এইওসি) মোহাম্মদ মনিরুজ্জামান জানান, কুয়েতে তৈরি পোশাক, চামড়া ও চামড়াজাত পণ্য, আইসিটি এবং প্লাস্টিকসহ বিভিন্ন খাতে বাংলাদেশি পণ্যের বিশাল সম্ভাবনা রয়েছে। দুই দেশের উদ্যোক্তা ও বিনিয়োগকারীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও অংশীদারিত্ব জোরদার করতে কুয়েতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস কাজ করছে।
মুক্ত আলোচনায় অংশ নিয়ে কুয়েতের উদ্যোক্তাদের বাংলাদেশে পেট্রোকেমিক্যাল শিল্পে বিনিয়োগের আহ্বান জানান বাংলাদেশ প্লাস্টিক গুডস ম্যানুফেকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মো. শামীম আহমেদ। প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আহসান খান চৌধুরী বলেন, বাংলাদেশ কুয়েত থেকে প্রচুর পরিমাণে পেট্রোকেমিক্যাল ও পেট্রোলিয়াম পণ্য ক্রয় করে। তবে যৌথ বিনিয়োগ এ ক্ষেত্রে বড় সুযোগ তৈরি করতে পারে। এ সময় দুই দেশের ব্যবসা আরও সহজ করতে ভিসা জটিলতা দূর করার অনুরোধ জানান তিনি।
অন্যদিকে, কুয়েতি উদ্যোক্তাদের বাংলাদেশে সিরামিক খাতে বিনিয়োগের আহ্বান জানান বাংলাদেশ সিরামিক ম্যানুফেকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মাইনুল ইসলাম। এ সময় তিনি বাংলাদেশে বিদ্যুৎ ও গ্যাসের অপ্রতুলতার সার্বিক পরিস্থিতি বিবেচনায় কুয়েতে টেবিলওয়্যার সিরামিক কারখানা স্থাপনে যৌথ ব্যবসায়িক সহযোগিতার সম্ভাবনা তুলে ধরেন। পক্ষান্তরে কুয়েত চেম্বারের প্রতিনিধি আব্দুল আজিজ তার দেশে আবাসন শিল্পের জন্য বাংলাদেশি ফিনিশিং পণ্যের (সিরামিক) সম্ভাবনার কথা জানান।