ইন্দোনেশিয়ায় ওষুধের বাজার বাড়ানোর আহ্বান

আপডেট : ১২ নভেম্বর ২০২৬, ১২:৪৫ এএম

বাংলাদেশের ওষুধের গুণগতমানের প্রশংসা করে ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত লিস্টিওয়াতি ইন্দোনেশিয়ায় বাংলাদেশি ওষুধের বাজার সম্প্রসারণে সেখানকার ব্যবসায়ীদের সঙ্গে আরও কার্যকর যোগাযোগ বাড়ানোর আহ্বান জানিয়েছেন।

গতকাল বুধবার সকালে চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের কনফারেন্স হলে ব্যবসায়ীদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার দ্বিপক্ষীয় বাণিজ্যে ভারসাম্য ইন্দোনেশিয়ার পক্ষে হলেও সাম্প্রতিক সময়ে বাংলাদেশ থেকে ইন্দোনেশিয়ার আমদানি প্রায় ৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে। দুই দেশের মধ্যে বিদ্যমান বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করার পাশাপাশি নতুন নতুন খাতে সহযোগিতা সম্প্রসারণের যথেষ্ট সুযোগ রয়েছে উল্লেখ করে তিনি বলেন, হালাল খাদ্যশিল্প, জ্বালানি, ওষুধ, রাসায়নিক পণ্য ও শিল্পের কাঁচামাল খাতে যৌথ উদ্যোগ গ্রহণ করা যেতে পারে। তিনি বলেন, চট্টগ্রাম বাংলাদেশের অন্যতম প্রধান অর্থনৈতিক ও বাণিজ্যিক কেন্দ্র। এ অঞ্চলের বন্দর, শিল্প ও ব্যবসায়িক সম্ভাবনাকে কাজে লাগিয়ে দুই দেশের বাণিজ্য আরও সম্প্রসারণ করা সম্ভব।

মতবিনিময়কালে চেম্বার সভাপতি মোহাম্মদ আমিরুল হক বলেন, ইন্দোনেশিয়া বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্য অংশীদার। বাংলাদেশ ইন্দোনেশিয়া থেকে উল্লেখযোগ্য পরিমাণ কয়লা, ক্লিংকার, পামওয়েল, জ্বালানি ও বিভিন্ন শিল্পের কাঁচামাল আমদানি করে। বাংলাদেশের সিমেন্টশিল্পের বিকাশে ইন্দোনেশিয়ার ক্লিংকার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। পাশাপাশি বাংলাদেশের কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের প্রধান কাঁচামাল কয়লাও ইন্দোনেশিয়া সরবরাহ করে বাংলাদেশের জ্বালানি খাতে উল্লেখযোগ্য ভূমিকা রাখছে। মতবিনিময় সভায় অন্যদের মধ্যে বক্তব্য  দেন ভিয়েতনামের অনারারী কনসাল এস এম আবু তৈয়ব, স্পেনের অনারারি কনসাল মিয়া এম আবদুর রহমান, কোরিয়ার অনারারি কনসুলেট মোহাম্মদ মহসিন, সাবেক চেম্বার পরিচালক ডা. মইনুল ইসলাম মাহমুদ, বর্তমান চেম্বার পরিচালক ইঞ্জিনিয়ার গোলাম সরওয়ার, শহীদুল আলম, সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শওকত আলী চৌধুরী প্রমুখ।

সর্বশেষ সর্বাধিক পঠিত