ছয় শিল্পপ্রতিষ্ঠানের শুল্ক-কর ফাঁকি ২৬৯ কোটি ৪৮ লাখ

টেক্সটাইল খাতে ছয় শিল্পপ্রতিষ্ঠান বন্ড সুবিধার অপব্যবহার করে ২৬৯ কোটি ৪৮ লাখ টাকার শুল্ক-কর ফাঁকি দিয়েছে বলে জানিয়েছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)।

গতকাল বুধবার সিআইআইডি এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, বন্ড সুবিধায় শুল্কমুক্ত আমদানিকৃত সুতা, কাঁচামাল ও কেমিক্যাল নিজস্ব উৎপাদন কাজে ব্যবহার না করে খোলাবাজারে বিক্রির অভিযোগে ছয় শিল্প কারখানায় একযোগে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ শুল্ক-কর ফাঁকির প্রাথমিক প্রমাণাদি পাওয়া গেছে । 

অভিযানে আমদানিকৃত কোটি কোটি টাকার সুতা, কাঁচামাল ও কেমিক্যালের হিসাবের গরমিল পাওয়া যায়। যে ছয় প্রতিষ্ঠানে শুল্ক-কর ফাঁকির প্রাথমিক তথ্য পাওয়া গেছে সেগুলো হলো সিম ফেব্রিক্স লিমিটেড, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ (প্রায় ৯০ কোটি ৭৭ লাখ টাকা), জাহিন নিটওয়্যার্স লিমিটেড, বন্দর, নারায়ণগঞ্জ (প্রায় ৬৪ কোটি ৬১ লাখ টাকা), সানজানা ফেব্রিক্স লিমিটেড, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ (প্রায় ৬০ কোটি ৩৩ লাখ টাকা), বোনাফাইড নিটিং মিলস লিমিটেড, আড়াইহাজার, নারায়ণগঞ্জ (প্রায় ৩৯ কোটি ৫০ লাখ টাকা), মোজাফফর হোসেন স্পিনিং মিলস লিমিটেড, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ (প্রায় ৪ কোটি ৮৩ লাখ টাকা) এবং জামাল উদ্দিন টেক্সটাইলস প্রাইভেট লিমিটেড, বন্দর, নারায়ণগঞ্জ (প্রায় ৯ কোটি ৪৫ লাখ টাকা)।

সিআইআইডি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ৮ অক্টোবর ২০২৬ তারিখে নারায়ণগঞ্জের রূপগঞ্জ, বন্দর ও আড়াইহাজার এলাকায় অবস্থিত ছয়টি বন্ডেড টেক্সটাইল প্রতিষ্ঠানে একযোগে অভিযান পরিচালনা করে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের একাধিক প্রিভেন্টিভ টিম। অভিযানে সংশ্লিষ্ট স্পেশাল রেসপন্স ব্যাটেলিয়ানের (এসআরবি) সহযোগিতা নেওয়া হয়।

অভিযোগ রয়েছে, প্রতিষ্ঠানগুলো বন্ড সুবিধায় শুল্ক-করমুক্তভাবে আমদানিকৃত সুতা, কাঁচামাল ও কেমিক্যাল উৎপাদনে ব্যবহার না করে অবৈধভাবে খোলাবাজারে সরবরাহ করছে। এর মাধ্যমে সরকারের বিপুল পরিমাণ রাজস্ব ফাঁকি দেওয়া হয়েছে। অভিযানকালে প্রতিষ্ঠানগুলোর গুদামে মজুত সুতা, ফেব্রিক্স, কেমিক্যাল ও অন্যান্য কাঁচামালের প্রকৃত পরিমাণ সংশ্লিষ্ট স্টক রেজিস্টার এবং কাস্টমস বন্ড ম্যানেজমেন্ট সিস্টেমের তথ্যের সঙ্গে মিলিয়ে ব্যাপক অসংগতি পাওয়া যায়।

বন্ড সুবিধার মূল উদ্দেশ্য রপ্তানিমুখী শিল্পকে প্রতিযোগিতামূলক রাখা। এ সুবিধায় আমদানিকৃত শুল্কমুক্ত কাঁচামাল অনুমোদিত উৎপাদন ও রপ্তানির পরিবর্তে খোলাবাজারে বিক্রি করা হলে সরকার বিপুল রাজস্ব থেকে বঞ্চিত হয়। একই সঙ্গে শুল্ক-কর পরিশোধকারী বৈধ ব্যবসায়ীরা অসম প্রতিযোগিতার মুখে পড়েন। কমে যায় শুল্ক-কর পরিশোধ করে এসব কাাঁচামাল আমদানি। সরকার হারায় বিপুল রাজস্ব। কাস্টমস গোয়েন্দার অভিযানে কয়েকটি প্রতিষ্ঠানে বিপুল পরিমাণ সুতা ও ফেব্রিক্সের ঘাটতি এবং অন্য কয়েকটিতে ঘোষিত হিসাবের তুলনায় অতিরিক্ত মজুত পাওয়া গেছে। এসব অসংগতি বন্ড সুবিধার সম্ভাব্য অপব্যবহার ও রাজস্ব ফাঁকির গুরুত্বপূর্ণ ঝুঁকি নির্দেশ করছে।

সিআইআইডি জানায়, অভিযানকালে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো থেকে আমদানি, উৎপাদন, মজুত ও ব্যবহারের তথ্যসহ প্রয়োজনীয় দলিলাদি সংগ্রহ করা হয়েছে। এসব তথ্যের অধিকতর যাচাই-বাছাই ও বিশ্লেষণ চলমান রয়েছে। প্রাথমিকভাবে উদ্ঘাটিত ২৬৯ কোটি ৪৮ লাখ টাকার শুল্ক-কর ফাঁকির পরিমাণ চূড়ান্ত তদন্তে পরিবর্তিত হতে পারে। তদন্ত শেষে প্রকৃত রাজস্ব ফাঁকির পরিমাণ নির্ধারণ এবং সংশ্লিষ্ট অনিয়মের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।