ডিএসইতে যোগ দিলেন দুই স্বতন্ত্র পরিচালক

আন্তর্জাতিক অঙ্গনে প্রায় চার দশকের কর্ম-অভিজ্ঞতাসম্পন্ন বিশিষ্ট ব্যাংকার ও আর্থিক সেবা খাতের জ্যেষ্ঠ নির্বাহী সেলিম বারকাত এবং ব্রিগেডিয়ার জেনারেল মো. হুমায়ুন কবির, এসইউপি (বিএআর), এসএসপি, এনডিসি, পিএসসি, এমফিল ১০ নভেম্বর ২০২৬ তারিখে অনুষ্ঠিত ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি. (ডিএসই)-এর ১১২৭তম পরিচালনা পর্ষদ সভায় স্বতন্ত্র পরিচালক হিসেবে যোগদান করেন।

সেলিম বারকাত বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে ব্যাংকিং ও আর্থিক সেবা খাতে প্রায় চার দশকের অভিজ্ঞতাসম্পন্ন একজন বিশিষ্ট ব্যাংকার ও জ্যেষ্ঠ নির্বাহী। তার কর্মজীবনে দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নেতৃত্ব, ঋণ ও কাউন্টারপার্টি ঝুঁকি ব্যবস্থাপনা, পুঁজিবাজার, আর্থিক প্রতিষ্ঠান এবং নিয়ন্ত্রক সংস্থার সঙ্গে কার্যক্রম পরিচালনায় গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা অর্জন করেছেন।

১৯৮৯ থেকে ২০০০ সাল পর্যন্ত তিনি সিটি ব্যাংক এনএ বাংলাদেশে কর্মরত ছিলেন এবং দেশে ব্যাংকটির প্রথম শাখা প্রতিষ্ঠার মূল দলের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তী সময়ে ২০০১ থেকে ২০১৯ সাল পর্যন্ত যুক্ত রাষ্ট্রের নিউ ইয়র্কে সিটি গ্রুপের বিভিন্ন জ্যেষ্ঠ পদে দায়িত্ব পালন করেন। এ সময়ে তিনি বৈশ্বিক বিনিয়োগ ব্যাংক, ব্রোকার-ডিলার, স্টক এক্সচেঞ্জ, ক্লিয়ারিং হাউজ, ডিপোজিটরি ও বীমা খাতের পোর্টফোলিও ব্যবস্থাপনা এবং বৈশ্বিক ঋণ ও ঝুঁকি ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

অন্যদিকে ব্রিগেডিয়ার জেনারেল মো. হুমায়ুন কবির, এসইউপি (বিএআর), এসএসপি, এনডিসি, পিএসসি, এমফিল ১৯৯৬ সালে বাংলাদেশ সেনাবাহিনীর পদাতিক কোরে কমিশন লাভের মাধ্যমে তার সামরিক কর্মজীবন শুরু করেন। প্রায় তিন দশকের কর্মজীবনে তিনি কৌশলগত পরিকল্পনা, সামরিক পরিচালনা, প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনা ও সাংগঠনিক উন্নয়নে ব্যাপক অভিজ্ঞতা অর্জন করেছেন। সেনাসদর দপ্তরে গুরুত্বপূর্ণ পরিচালক পদে দায়িত্ব পালনের পাশাপাশি বর্তমানে তিনি ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের কমান্ডার হিসেবে কর্মরত রয়েছেন। তিনি রংপুর ক্যাডেট কলেজের প্রাক্তন শিক্ষার্থী। ১৯৯২ সালের এসএসসি ও ১৯৯৪ সালের এইচএসসি পরীক্ষায় সম্মিলিত মেধা তালিকায় যথাক্রমে ষষ্ঠ ও সপ্তম স্থান অর্জন করেন। তিনি বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস থেকে মিলিটারি স্টাডিজে স্নাতকোত্তর, যুক্তরাজ্যের কিংস কলেজ লন্ডন থেকে ডিফেন্স স্টাডিজে মাস্টার্স এবং ভারতের মাদ্রাজ বিশ্ববিদ্যালয় থেকে এমফিল ডিগ্রি অর্জন করেন। এ ছাড়া যুক্তরাজ্যের চার্টার্ড ম্যানেজমেন্ট ইনস্টিটিউট থেকে কৌশলগত ব্যবস্থাপনা ও নেতৃত্ব বিষয়ে উচ্চতর যোগ্যতা অর্জন করেন।