সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের কাছে ৪–০ গোলে বড় ব্যবধানে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে শ্রীলঙ্কা। তবে মাঠের হার ছাপিয়ে ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনকে উত্তপ্ত করে তোলেন লঙ্কান কোচ আবদুল্লাহ আল মুতাইরি। সাংবাদিকদের কোনো প্রশ্ন করার সুযোগ দেওয়ার আগেই তিনি সাফের আইন বিভাগের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন।
মাঝরাতে পাঠানো একটি ই-মেইলকে কেন্দ্র করে সাফের বিচারিক প্রক্রিয়া, দ্বৈতনীতি এবং আরবদের প্রতি বৈষম্যমূলক আচরণের গুরুতর অভিযোগ তোলেন কুয়েতের এই কোচ। একই সঙ্গে তিনি ঘোষণা দেন, সাফ অঞ্চলে এটিই তার শেষ টুর্নামেন্ট।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনের শুরুতেই প্রতিপক্ষ বাংলাদেশকে সৌজন্যমূলক অভিনন্দন জানালেও মুহূর্তের মধ্যেই ক্ষোভে ফেটে পড়েন মুতাইরি। সাফের আইন বিভাগের প্রধান তানজিম আহমেদ খানের পাঠানো একটি মধ্যরাতের ই-মেইলের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘মধ্যরাতে কেন আমাকে ই-মেইল পাঠালেন? সকাল ৯টা পর্যন্ত অপেক্ষা করতে পারতেন না? সকাল ৯টা পর্যন্ত অপেক্ষা করলে কী সমস্যা হতো? এত তাড়াহুড়ো কিসের? আমি কি ভুটানের কোনো খেলোয়াড়কে স্পর্শ করেছি? আমি কি ভুটান সম্পর্কে খারাপ কিছু বলেছি? রেফারির সঙ্গে কি ঝগড়া করেছি? তাহলে মধ্যরাতে আমাকে ই-মেইল পাঠানোর কারণ কী? এমনকি আমার স্ত্রীও মধ্যরাতে আমার সঙ্গে কথা বলেন না! তাহলে আপনারা কেন মধ্যরাতে আমাকে ই-মেইল পাঠালেন?’
সাফের পক্ষ থেকে পাঠানো ওই ই-মেইলে তার বিরুদ্ধে রেফারির সিদ্ধান্তের সমালোচনা করা এবং ভিএআরের দাবি তোলার মতো বিষয় উল্লেখ ছিল বলে জানান লঙ্কান কোচ। এমনকি তাকে ছয় মাস থেকে এক বছরের নিষেধাজ্ঞা এবং ১০ হাজার ডলার জরিমানার মুখে পড়তে হতে পারে বলেও ইমেইলে সতর্ক করা হয়েছিল। এর বিপরীতে মাত্র ১০ ঘণ্টার মধ্যে ১৪ দফায় লিখিত ব্যাখ্যা পাঠানোর পরও সাফের এমন দ্রুত পদক্ষেপ নেওয়ার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন তিনি।
২০২৩ সালের সাফ চ্যাম্পিয়নশিপে ভারত-পাকিস্তান ম্যাচের একটি ঘটনার কথা উল্লেখ করে তিনি সাফের কঠোর দ্বৈতনীতির সমালোচনা করেন তিনি। ‘ভারত-পাকিস্তান ম্যাচের কথা মনে আছে? ভারতের কোচ পাকিস্তানের একজন খেলোয়াড়কে স্পর্শ করেছিলেন। তখন সাফ কী বলেছিল জানেন? ‘না, না, সে আগে বিশ্বকাপে খেলেছে, কোনো সমস্যা নেই।’ কিন্তু আমার ছোট্ট কিছু কথার জন্য মধ্যরাতে ই-মেইল পাঠানো হচ্ছে।’
এছাড়া ভারতের কোচের বিরুদ্ধে লঘু শাস্তির প্রসঙ্গ টেনে তিনি আরও যোগ করেন, ‘পাকিস্তানের বিপক্ষে ম্যাচে ভারতের কোচ লাল কার্ড দেখেছিলেন। তখন বলা হলো, সমস্যা নেই, এক ম্যাচের নিষেধাজ্ঞা। তাকে শাস্তি দিতে চায়নি তারা। তিনি ইউরোপীয়, ভারতের কোচ, কে তাকে থামাবে? এরপর তৃতীয় ম্যাচে কুয়েতের খেলোয়াড়দের সঙ্গে তার ঝামেলা হলো। সাফ কী করলো? দুটি লাল কার্ড, ঠিক আছে, ৫০০ ডলার জরিমানা। আর আমাকে বলছে ছয় মাস, এক বছরের জন্য নিষিদ্ধ করবে। কেন?’
২০২১ সালের সাফ আসরের স্মৃতিচারণ করে মুতাইরি জানান, সেবারও দুটি হলুদ কার্ডের অজুহাতে তাকে ফাইনাল ম্যাচ থেকে দূরে রাখা হয়েছিল, যা টুর্নামেন্টের নিয়মের মধ্যে ছিল না। এমনকি তৎকালীন সাধারণ সম্পাদক ভুল স্বীকার করেছিলেন বলেও দাবি করেন তিনি। বর্তমান আসরেও শ্রীলঙ্কার ডিসিপ্লিনারি কমিটির চেয়ারম্যানকে এই বিষয়ে আলোচনার সুযোগ দেওয়া হয়নি বলে অভিযোগ করেন লঙ্কান কোচ।
সংবাদ সম্মেলনের একেবারে শেষ পর্যায়ে এসে সাফের বিরুদ্ধে বর্ণবাদী আচরণের গুরুতর অভিযোগ তোলেন কুয়েতের এই ফুটবল কোচ। সাফ অঞ্চলে আর কখনো কাজ না করার ঘোষণা দিয়ে তিনি স্পষ্ট ভাষায় বলেন, ‘আমি সব দলের জন্যই গর্বিত এবং খুশি। তবে একটা কথা দিচ্ছি, সাফ অঞ্চলে এটাই আমার শেষ আসা। কারণ, আমি বিশ্বাস করি সাফের সমস্যা আছে, আরবদের প্রতি বর্ণবাদ আছে। তারা আরবদের পছন্দ করে না। ২০২১ সালে তারা ফাইনালে থাকার অধিকার কেড়ে নিয়েছিল। আর এবার মধ্যরাতে ই-মেইল পাঠিয়েছে। কেন এত তাড়াহুড়ো?’
নিজের এই ক্ষোভের সমাপ্তি টেনে শ্রীলঙ্কার কোচ আবদুল্লাহ আল মুতাইরি আরও জানান, ফুটবল খেলায় ভালো কিংবা খারাপ ফল আসতেই পারে এবং সবকিছু মেনে নেওয়ার মানসিকতা একজন পেশাদার কোচের থাকতে হয়, তবে সাফের এমন পক্ষপাতদুষ্ট ও আক্রমণাত্মক আচরণই তাকে এই চরম সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে।