অধিনায়কত্ব ও মাঠে নিজের সামর্থ্যের পুরোটা ঢেলে দিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশকে ৪-০ গোলের বিশাল জয় এনে দিয়েছেন হামজা চৌধুরী। ভুটান ম্যাচের কষ্টের জয়ের পর লঙ্কানদের বিপক্ষে এই দাপুটে পারফরম্যান্সে গোটা দল যখন প্রশংসায় ভাসছে, তখন দলের ইংলিশ প্রবাসী তারকা মিডফিল্ডারের মুকুটে সবচেয়ে বড় রত্নটি পরিয়ে দিয়েছেন কোচ টমাস ডুলি।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে বিন্দুমাত্র কালক্ষেপণ না করে বাংলাদেশ কোচ সাফ জানিয়ে দিয়েছেন, অধিনায়ক হামজাকে তিনি দিচ্ছেন ‘দশে দশ’।
ম্যাচ শেষে গতকাল আয়োজিত সংবাদ সম্মেলনে বাংলাদেশ কোচ ডুলি খোলামেলা আলোচনা করেন হামজাকে তাঁর চিরচেনা ডিফেন্সিভ মিডফিল্ডের গণ্ডি থেকে বের করে একটু ওপরে ‘১০ নম্বর’ পজিশনে খেলানোর কৌশল নিয়ে। তাঁর মতে, এই ট্যাকটিক্যাল পরিবর্তনের সুবাদেই প্রতিপক্ষ শিবিরে স্থায়ী আতঙ্ক তৈরি করা সম্ভব হয়েছে।
হামজার খেলা নিয়ে ডুলি বলেন, ‘দশে দশ দিব। মানে, এটা চমৎকার ছিল। আপনি আর কী চান সে করবে? সে পাঁচটা গোল করবে?’
ক্লাব ফুটবলে মূলত রক্ষণভাগের সামনে বা ডিফেন্সিভ মিডফিল্ডে দায়িত্ব পালন করা হামজাকে জাতীয় দলে আক্রমণভাগের কাছাকাছি খেলানোর সুফল সম্পর্কে ডুলি আরও ব্যাখ্যা করে বলেন, ‘আমি আশা করছিলাম ১০ নম্বর পজিশনে তাঁর উপস্থিতির কারণে প্রতিপক্ষ দল তাঁকে নিয়ে একটু বেশি সতর্ক থাকবে। হামজা যখন ডিফেন্সিভ মিডফিল্ডে খেলে, তখন সে অনেক বেশি ওপরে উঠে যায় কারণ সে সব জায়গায় সাহায্য করতে চায়। আজ আমরা তাঁকে ওপরে খেলাতে পেরেছি, ফলে তাঁর ফুটবল প্রজ্ঞার কারণে সে সতীর্থদের সাহায্য করতে পেরেছে। ২০ গজ দূর থেকে শট নেওয়া এবং বক্সের ভেতরে ঢুকে পড়া, সামনে সে আমাদের জন্য সত্যিই এক বিপজ্জনক ব্যক্তি।’
অধিনায়ক হিসেবে হামজার নেতৃত্বগুণ ও মাঠের প্রাণশক্তি কোচকে মুগ্ধ করেছে সবচেয়ে বেশি। বিপক্ষ দলের ফুটবলাররাও যে হামজার গতির সামনে অসহায় হয়ে পড়েছিলেন, সেটির স্বীকৃতিও মিলল কোচের কণ্ঠে। ‘ম্যাচ শেষে প্রতিপক্ষ দলের খেলোয়াড়দের সাথে কথা বলছিলাম, ওদের জার্মানি থেকে আসা প্রায় তিনজন খেলোয়াড় ছিল, ওরাও বলছিল এবং ওরা ভীষণ মুগ্ধ। বলছিল, হামজাকে নিয়ে ওদের কতটা সতর্ক থাকতে হয়েছিল। যে গতি ওর রয়েছে এবং যে ওয়ান-অন-ওয়ান পরিস্থিতিতে সে যে প্রেসিং করে; এটা সত্যিই অসাধারণ এবং তা আমাদের সাহায্য করে।’
দলের তরুণ ও অভিজ্ঞ খেলোয়াড়দের মেলবন্ধন এবং মাঠে হামজার সপ্রতিভ উপস্থিতি নিয়ে ডুলি আরও যোগ করেন, ‘খেলোয়াড়দের মাঠে অনুসরণ করার মতো নেতা সে। রেফারির সঙ্গে কথা বলা এবং মাঠে তাঁর উপস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর যে প্রাণশক্তি ও স্প্রিন্ট সে দেখায়, তা পেশাদার ফুটবলে অমূল্য।’
শমিত সোম, ফারহান আলী ওয়াহিদ ও রাকিব হাসানদের দুর্দান্ত সব গোলের পাশাপাশি হামজার এই সামনে থেকে নেতৃত্ব দেওয়া এবং কোচের ট্যাকটিক্যাল ছক মাঠে শতভাগ বাস্তবায়িত হওয়ায় সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের শিরোপা জয়ের স্বপ্ন এখন আরও উজ্জ্বল হয়ে উঠেছে।
শ্রীলঙ্কার জালে হালি উৎসবে গ্রুপসেরা বাংলাদেশ