খাগড়াছড়ি সদর উপজেলা সমাজসেবা কার্যালয় এবং উপজেলা ভূমি অফিসের কানুনগো শাখার একটি কক্ষে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১১ নভেম্বর) দিবাগত রাত সোয়া ২টার দিকে এ ঘটনা ঘটে। আগুনে দুটি কক্ষের আসবাবপত্র, ফটোকপি মেশিনসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে গেছে।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
খাগড়াছড়ি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মুকুল কুমার নাথ জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে রাত ২টা ৩৫ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে পৌঁছায়। পরে কর্মীরা আগুন নেভানোর কাজ শুরু করেন। প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এতে দুটি কক্ষের নথিপত্র ও কয়েকটি আসবাবপত্র পুড়ে গেছে। আগুনের প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।
সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা চম্পক কান্তি চাকমা জানান, রাত পৌনে ৩টার দিকে অফিস কক্ষে আগুন লাগার খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান। সেখানে ফায়ার সার্ভিসের কর্মীদের আগুন নিয়ন্ত্রণে কাজ করতে দেখেন। আগুনে ফটোকপি মেশিনসহ বেশ কিছু কাগজপত্র পুড়ে গেছে।
তিনি বলেন, আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে অফিসের পেছনে একটি বোতল এবং আগুনে পোড়া কাগজের অংশ পাওয়া গেছে।
খাগড়াছড়ি সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসনুভা ইসলাম জানান, রাতের অগ্নিকাণ্ডে উপজেলা সমাজসেবা কার্যালয় এবং ভূমি অফিসের কানুনগো শাখার একটি কক্ষ ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুন লাগার কারণ এখনো জানা যায়নি। তদন্তের মাধ্যমে প্রকৃত কারণ উদ্ঘাটন করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন খাগড়াছড়ির পুলিশ সুপার ও জেলা পরিষদের চেয়ারম্যান। অগ্নিকাণ্ডের পেছনে কোনো নাশকতা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।
সরকারি দুটি কার্যালয়ের গুরুত্বপূর্ণ নথিপত্র ও আসবাবপত্র পুড়ে যাওয়ায় সংশ্লিষ্ট দপ্তরগুলোতে ক্ষয়ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে।