ফেনীর বেদেপল্লি থেকে ১৭ লাখ টাকা-মাদক জব্দ

ফেনী শহরতলির লালপোল এলাকার বেদেপল্লিতে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে নগদ ১৭ লাখ ৫১ হাজার ৬০০ টাকা, টাকা গণনার মেশিন, ৬০০ পিস ইয়াবা ও ৩০ লিটার চোলাই মদ জব্দ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ সময় ১৪ জনকে আটক করা হয়েছে। তবে মাদক কারবারের মূল নিয়ন্ত্রকেরা এবারও ধরাছোঁয়ার বাইরে রয়েছেন।

বুধবার (১১ নভেম্বর) বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত টানা তিন ঘণ্টা এ অভিযান পরিচালিত হয়। অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নিশাত তাবাসসুমের নেতৃত্বে অভিযানে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মজিবুর রহমান, ফেনী মডেল থানা পুলিশের পরিদর্শক (অপারেশন) সাজেদ কামালসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুলসংখ্যক সদস্য অংশ নেন।

ফেনী মডেল থানা পুলিশ জানায়, অভিযানে নগদ অর্থ, টাকা গণনার যন্ত্র ও মাদক ছাড়াও মাদক সেবন ও বিক্রির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে। আটক ১৪ জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

ফেনী মডেল থানা পুলিশের পরিদর্শক (অপারেশন) সাজেদ কামাল বলেন, জব্দ করা মাদক বিক্রির টাকা, মাদক ও বিভিন্ন সরঞ্জামের বিষয়ে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হবে।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার নিশাত তাবাসসুম বলেন, পুরো ফেনীর মানুষ জানেন, লালপোল বেদেপল্লিতে দীর্ঘদিন ধরে মাদকের কারবার চলছে। এ কারণে সেখানে নিয়মিত অভিযান পরিচালনা করছে পুলিশ। তবে বিপুলসংখ্যক পুলিশ সদস্য নিয়ে অভিযান চালাতে গেলে আগাম খবর পেয়ে সংশ্লিষ্ট ব্যক্তিরা পালিয়ে যান।

তিনি বলেন, সোহেল, তারেক ও শিরিন নামের তিনজন ওই এলাকার মাদক কারবার নিয়ন্ত্রণ করেন। তাঁদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

বেদেপল্লি উচ্ছেদের বিষয়ে নিশাত তাবাসসুম বলেন, এলাকাটি থেকে অবৈধ বসতি ও মাদকের আখড়া উচ্ছেদের লক্ষ্যে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাধ্যমে ইতোমধ্যে একটি কমিটি গঠন করা হয়েছে। এ-সংক্রান্ত কার্যক্রমও চলমান রয়েছে।

তিনি আরও বলেন, সেখানে অনেক মানুষের বসবাস থাকায় এক দিনে উচ্ছেদ করা সম্ভব নয়। তবে খুব দ্রুতই উচ্ছেদ অভিযান শুরু হবে। চূড়ান্ত উচ্ছেদ না হওয়া পর্যন্ত এলাকায় পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।