আট বছর পেরিয়ে গেলেও অস্ট্রেলিয়ান ক্রিকেটের পিছু ছাড়ছে না ২০১৮ সালের সেই ‘স্যান্ডপেপারগেট’ বা বল টেম্পারিং কেলেঙ্কারি। সাবেক ব্যাটার উসমান খাজার সদ্য প্রকাশিত আত্মজীবনী ‘সবর’-এ তোলা নতুন বিস্ফোরক দাবিতে আবারও উত্তাল অস্ট্রেলিয়ার ক্রিকেটাঙ্গন।
ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরুর ঠিক আগমুহূর্তে এই বিতর্কের আঁচ সামলাতে হলো ভারপ্রাপ্ত অধিনায়ক মিচেল মার্শকে। তবে পুরোনো সেই অধ্যায় নিয়ে কোনো মন্তব্য করতে সরাসরি অস্বীকৃতি জানিয়েছেন তিনি; উল্টো পুরো বিষয়টির জবাব দেওয়ার দায়িত্ব এখন নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্সের কাঁধে।
আজ বৃহস্পতিবার পার্থে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডের আগে সংবাদ সম্মেলনে আসেন মার্শ। সংবাদ সম্মেলনের প্রথম ছয় মিনিটজুড়েই তাঁকে ২০১৮ সালের দক্ষিণ আফ্রিকা সফরের সেই বিতর্কিত ঘটনা নিয়ে একের পর এক প্রশ্নবাণে জর্জরিত করেন সাংবাদিকেরা। সে সময় বল টেম্পারিংয়ের বিষয়ে তিনি জানতেন কি না, প্রথম এমন প্রশ্নের জবাবে কিছুটা রসিকতার সুরে মার্শ বলেন, ‘প্রথম বলেই তো ছক্কা হাঁকিয়ে দিলেন ভাই। দারুণ হয়েছে।’
তবে রসিকতা করলেও শেষ পর্যন্ত বিষয়টি নিয়ে মুখ খুলতে রাজি হননি ৩৫ বছর বয়সী এই অলরাউন্ডার। খাজার বই প্রকাশের আগে তাঁর সাথে কথা হয়েছে স্বীকার করলেও নিজের অবস্থান পরিষ্কার করে মার্শ বলেন, ‘এই সপ্তাহে বিষয়টি নিয়ে অনেক শোরগোল চলছে এবং আমি সম্মান করি যে নির্দিষ্ট কিছু মানুষ তাঁদের গল্প বলেছেন। কিন্তু আমি আজ এখানে আমার গল্প শোনাতে আসিনি। আমার সৎ উত্তর হলো, আমি ব্যক্তিগতভাবে বিষয়টি পেছনে ফেলে সামনে এগিয়ে গেছি। আমি শ্রদ্ধা করি যে অন্যরা হয়তো পারেননি, তবে আমি পেরেছি এবং আশা করি আমার এই সিদ্ধান্তকে সম্মান জানানো হবে।’
ভক্তদের কৌতূহল থাকলেও এখনই পুরোনো স্মৃতিতে ফিরতে চান না মার্শ। ভবিষ্যতে নিজের বই লিখলে হয়তো সব বলবেন জানিয়ে তিনি আরও যোগ করেন, ‘দিনশেষে ওখানে ফিরে না যাওয়াটা আমার ব্যক্তিগত সিদ্ধান্ত। কে জানে, হয়তো একদিন আমিও একটি বই লিখব।’
প্রস্তুত কামিন্স
মার্শ বিষয়টি এড়িয়ে গেলেও চুপ থাকছেন না অস্ট্রেলিয়ার টেস্ট ও নিয়মিত ওয়ানডে অধিনায়ক প্যাট কামিন্স। খাজা তাঁর বইয়ে দাবি করেছেন, কেপটাউন টেস্টের আগেই পোর্ট এলিজাবেথে বল ঘষে রিভার্স সুইং আদায়ের আলোচনা হয়েছিল এবং এই কাণ্ডে দলের সবারই দায় ছিল। ২০২১ সালে কামিন্সসহ চার মূল বোলার যৌথ বিবৃতিতে বিষয়টি না জানার দাবি করেছিলেন। এবার খাজার সেই দীর্ঘ অভিযোগের জবাব দিতে শুক্রবার সকালে সিডনিতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন কামিন্স।
সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় নিজের অবস্থানের কথা জানিয়ে কামিন্স লিখেছেন, ‘আগামীকাল সকালে শিল্ড ম্যাচের আগে ক্রিকেট সেন্ট্রালে অনুশীলন করব। সকাল সাড়ে ৯টায় এই সপ্তাহের ঘটনাগুলো নিয়ে সব সংবাদমাধ্যমের সাথে কথা বলতে আমি প্রস্তুত। উজির (খাজা) দীর্ঘ তালিকা এবং অভিযোগগুলোর পূর্ণ ব্যাপ্তি ভালোভাবে বুঝতে আমি কিছুটা সময় নিয়েছি, যেন যথাযথভাবে জবাব দিতে পারি।’
এদিকে এই বিতর্কের মাঝেও অধিনায়ক কামিন্সের ওপর পূর্ণ আস্থা রাখছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। বৃহস্পতিবার অস্ট্রেলিয়ান সংবাদমাধ্যম 'দ্য অস্ট্রেলিয়ান'-কে দেওয়া সাক্ষাৎকারে বোর্ডের অন্তর্বর্তীকালীন চেয়ারম্যান ডেভিড বুন বলেন, ‘আমরা প্যাটকে সম্পূর্ণ সমর্থন করি। অধিনায়ক হিসেবে সে একজন আদর্শ উদাহরণ, সততা ও দারুণ সাফল্যের সাথে দলকে নেতৃত্ব দিয়েছে। তাই অধিনায়ক হিসেবে তাঁর দায়িত্ব চালিয়ে যাওয়ার ব্যাপারে আমাদের আস্থায় কোনো প্রশ্নই নেই।’
মাঠের বাইরের এই উত্তাপ অবশ্য স্পর্শ করতে পারেনি সফরকারী ইংল্যান্ড শিবিরকে। শুক্রবার শুরু হতে যাওয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজের আগে ইংলিশ অধিনায়ক হ্যারি ব্রুক সংবাদমাধ্যমকে সাফ জানিয়েছেন, অস্ট্রেলিয়ার ড্রেসিংরুমে কী ঘটেছিল তা নিয়ে তাঁদের কোনো মাথাব্যথা নেই, তাঁরা কেবল নিজেদের খেলাতেই মনোযোগ দিচ্ছেন।