বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার মধ্যে বাণিজ্য ঘাটতি কমাতে চায় ইন্দোনেশিয়া। সে জন্য দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে যোগাযোগ ও সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেছেন বাংলাদেশে নিযুক্ত ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত মিস লিস্টিওয়াতি।
চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের কনফারেন্স হলে বুধবার (১১ নভেম্বর) ব্যবসায়ীদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, দুই দেশের মধ্যে বিদ্যমান বাণিজ্যিক সম্পর্ক জোরদারের পাশাপাশি হালাল খাদ্যশিল্প, জ্বালানি, ওষুধ, রাসায়নিক পণ্য ও শিল্পের কাঁচামাল খাতে যৌথ উদ্যোগ গ্রহণের যথেষ্ট সুযোগ রয়েছে। রাষ্ট্রদূত বাংলাদেশের ওষুধের গুণগত মানের প্রশংসা করে ইন্দোনেশিয়ায় এ দেশের ওষুধের বাজার সম্প্রসারণে কার্যকর ব্যবসায়িক যোগাযোগ বাড়ানোর আহ্বান জানান। খবর বাসস।
তিনি দুই দেশের ব্যবসায়ী প্রতিনিধিদলের সফর বিনিময়, সমুদ্র ও বিমান যোগাযোগ উন্নয়ন এবং ভিসা প্রক্রিয়া সহজীকরণে দূতাবাসের সহযোগিতার আশ্বাস দেন।
চেম্বার সভাপতি মো. আমিরুল হক বলেন, ইন্দোনেশিয়া বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্য অংশীদার। বাংলাদেশ দেশটি থেকে কয়লা, ক্লিংকার, পামওয়েল, জ্বালানি ও শিল্পের বিভিন্ন কাঁচামাল আমদানি করে। তবে দুই দেশের বাণিজ্যে বাংলাদেশের বড় ধরনের ঘাটতি রয়েছে। এটা এখন কমিয়ে আনার চেষ্টা শুরু করতে হবে।
চেম্বার সভাপতি বাংলাদেশি ব্যাংকের ঋণপত্র (এলসি) সরাসরি গ্রহণের ক্ষেত্রে ইন্দোনেশীয় কোম্পানিগুলোর অনীহার বিষয়টি তুলে ধরে এ সমস্যা সমাধানে দুই দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় বাড়ানোর আহ্বান জানান। পাশাপাশি বাংলাদেশি ব্যবসায়ীদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা এবং ঢাকা-জাকার্তা সরাসরি বিমান ও নৌ-যোগাযোগ চালুর প্রস্তাব দেন।
সভায় আরও উপস্থিত ছিলেন ভিয়েতনামের অনারারি কনসাল এস এম আবু তৈয়ব, স্পেনের অনারারি কনসাল মিয়া এম আবদুর রহমান, কোরিয়ার অনারারি কনসুলেট মোহাম্মদ মহসিন, চেম্বারের সাবেক ও বর্তমান পরিচালক, ব্যবসায়ী নেতা এবং ইন্দোনেশীয় দূতাবাসের কর্মকর্তারা।