আইপিও পর্যালোচনায় চালু হচ্ছে সিঙ্গেল উইন্ডো পদ্ধতি

আপডেট : ১০ নভেম্বর ২০২৬, ১০:১৩ পিএম

প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) আবেদন পর্যালোচনা ও অনুমোদন প্রক্রিয়া সহজ করতে সিঙ্গেল উইন্ডো রিভিউ পদ্ধতি চালুর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। 

নতুন এই ব্যবস্থায় কমিশন ও স্টক এক্সচেঞ্জের পর্যবেক্ষণ একসঙ্গে বিবেচনা করে আইপিও আবেদন পর্যালোচনা করা হবে। এতে প্রক্রিয়াগত জটিলতা ও সময়ক্ষেপণ কমবে বলে আশা করছে নিয়ন্ত্রক সংস্থাটি।

মঙ্গলবার (১০ নভেম্বর) বিএসইসির চেয়ারম্যান মাসুদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

পুঁজিবাজারের কার্যক্রম সহজ করা এবং নতুন কোম্পানির তালিকাভুক্তির প্রক্রিয়া গতিশীল করার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

বিএসইসি সূত্রে জানা গেছে, নতুন পদ্ধতিতে কোনো কোম্পানির আইপিও আবেদন পর্যালোচনার দায়িত্বে থাকা স্টক এক্সচেঞ্জকে কমিশন প্রয়োজনীয় পর্যবেক্ষণ জানাতে পারবে। স্টক এক্সচেঞ্জ নিজেদের পর্যবেক্ষণের পাশাপাশি কমিশনের মতামতও যাচাই করে দেখবে। সব ধরনের পর্যালোচনা শেষে আইপিও আবেদনের বিষয়ে কমিশনের কাছে সুপারিশ জমা দেবে সংশ্লিষ্ট স্টক এক্সচেঞ্জ।

অর্থাৎ, আগে আইপিও আবেদন পর্যালোচনায় বিভিন্ন পর্যায়ে কমিশন ও স্টক এক্সচেঞ্জের পর্যবেক্ষণ বিবেচনার বিষয়টি নতুন ব্যবস্থায় সমন্বিত করা হচ্ছে। পুরো পর্যালোচনা কার্যক্রম স্টক এক্সচেঞ্জের মাধ্যমে সম্পন্ন হবে। ফলে একই বিষয়ে একাধিক পর্যায়ে পর্যালোচনার প্রয়োজনীয়তা কমে আসবে বলে মনে করছে কমিশন।

বিএসইসির প্রত্যাশা, সিঙ্গেল উইন্ডো পদ্ধতি কার্যকর হলে আইপিও আবেদন নিষ্পত্তিতে সমন্বয় বাড়বে এবং অপ্রয়োজনীয় দীর্ঘসূত্রতা কমবে। এতে আইপিওর মাধ্যমে পুঁজিবাজার থেকে মূলধন সংগ্রহে আগ্রহী কোম্পানিগুলোও তুলনামূলক সহজ প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে পারবে। পাশাপাশি নতুন কোম্পানির পুঁজিবাজারে প্রবেশের পথ আরও গতিশীল হবে।

আইপিওর মাধ্যমে কোনো কোম্পানি প্রথমবারের মতো সাধারণ বিনিয়োগকারীদের কাছে শেয়ার বিক্রি করে পুঁজিবাজার থেকে অর্থ সংগ্রহ করে। এ জন্য আবেদন জমা দেওয়া থেকে শুরু করে পর্যালোচনা ও অনুমোদন পর্যন্ত কয়েকটি ধাপ অতিক্রম করতে হয়। নতুন পদ্ধতিতে এসব ধাপের মধ্যে সমন্বয় বাড়িয়ে পুরো প্রক্রিয়াকে আরও সময়সাশ্রয়ী করতে চায় বিএসইসি। 

 

সর্বশেষ সর্বাধিক পঠিত