বিশ্বজুড়ে যুদ্ধ, বাণিজ্য বিরোধ ও ভূরাজনৈতিক উত্তেজনার কারণে জলবায়ু পরিবর্তন মোকাবিলার প্রচেষ্টা যেন আড়ালে পড়ে না যায়, সে বিষয়ে সতর্ক করেছেন বিশ্বনেতারা। বুধবার তুরস্কে অনুষ্ঠিত জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ৩১-এ তাঁরা এ আহ্বান জানান। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় দ্রুত ও সমন্বিত পদক্ষেপ নেওয়ার ওপরও গুরুত্ব দেন তাঁরা। খবর রয়টার্সের।
সম্মেলনের আয়োজক দেশ তুরস্ক চূড়ান্ত চুক্তিতে বিদ্যুতের ব্যবহার বাড়ানোর লক্ষ্যমাত্রাকে গুরুত্ব দিচ্ছে। তবে সমালোচকদের মতে, জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমানোর সুস্পষ্ট পরিকল্পনা ছাড়া এ উদ্যোগ বৈশ্বিক উষ্ণতা নিয়ন্ত্রণে খুব বেশি কার্যকর হবে না।
বুধবার (১১ নভেম্বর) সম্মেলনে ধারাবাহিকভাবে বক্তব্য দেন বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানেরা। গত বছর জলবায়ু সম্মেলনের আয়োজক দেশ ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা বলেন, বৈশ্বিক আলোচ্যসূচিতে জলবায়ু পরিবর্তনের গুরুত্ব দিন দিন কমে যাচ্ছে।
তিনি বলেন, ‘ভবিষ্যৎ প্রজন্মের অস্তিত্বের চেয়ে আমরা এখন অস্ত্র ও শুল্ক নিয়ে বেশি আলোচনা করছি। আধিপত্য বিস্তারের লড়াইয়ের কাছে পৃথিবীকে জিম্মি করা যায় না।’
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানও একই ধরনের উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, যুদ্ধ, সংকট, অভিবাসন, দুর্ভিক্ষ ও দারিদ্র্য প্রতিদিন আন্তর্জাতিক সংহতির প্রয়োজনীয়তা বাড়িয়ে তুলছে।
এদিকে চলতি বছর ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের প্রভাবে মধ্যপ্রাচ্য থেকে অপরিশোধিত তেল সরবরাহে বিঘ্ন ঘটেছে। এর ফলে বিশ্বজুড়ে জ্বালানির দাম বেড়েছে। নির্ভরযোগ্য জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে বিভিন্ন দেশ নতুন করে তৎপরতা শুরু করেছে।
এ পরিস্থিতিতে অনেক দেশের সরকারের কাছে জলবায়ু পরিবর্তন মোকাবিলার বিষয়টি জরুরি অগ্রাধিকারের তালিকায় পিছিয়ে পড়েছে। তবে জলবায়ু আন্দোলনকারীদের মতে, তেলের বিকল্প হিসেবে পরিচ্ছন্ন জ্বালানির ব্যবহার দ্রুত বাড়ানোর প্রয়োজনীয়তা এই সংকট আরও স্পষ্ট করেছে।
তবে এ বিষয়ে ভিন্ন অবস্থান তুলে ধরেছেন সৌদি আরবের জ্বালানিমন্ত্রী প্রিন্স আবদুল আজিজ বিন সালমান। তাঁর মতে, বর্তমান ভূরাজনৈতিক পরিস্থিতি সব ধরনের জ্বালানির অবাধ সরবরাহ নিশ্চিত করার গুরুত্ব তুলে ধরছে।
তিনি বলেন, জলবায়ু সুরক্ষার লক্ষ্যে নেওয়া কোনো পদক্ষেপ যেন দেশগুলোর জন্য বাধা হয়ে না দাঁড়ায় কিংবা তাদের অর্থনৈতিক উন্নয়ন ব্যাহত না করে।
কপ৩১ সম্মেলনে প্রায় ২০০ দেশের প্রতিনিধিরা বিদ্যুতের ব্যবহার বাড়ানোর বিষয়ে তুরস্কের একটি প্রস্তাব নিয়ে আলোচনা করছেন। প্রস্তাব অনুযায়ী, ২০৩৫ সালের মধ্যে বৈশ্বিক জ্বালানি ব্যবহারে বিদ্যুতের অংশ বর্তমানের ২০ শতাংশের কিছু বেশি থেকে বাড়িয়ে ৩৫ শতাংশে উন্নীত করতে হবে। পাশাপাশি জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমানোর স্থবির হয়ে পড়া উদ্যোগগুলো আবারও গতিশীল করার চেষ্টা চলছে।
বুধবার দিনের শুরুতে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বিশ্বনেতাদের সতর্ক করে বলেন, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় আন্তর্জাতিক সম্প্রদায়ের ধীরগতির পদক্ষেপ পৃথিবীকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। এ পরিস্থিতি থেকে উত্তরণে দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়া জরুরি।