গবেষণার মান ও নৈতিকতা নিয়ে জবিতে সেমিনার

গবেষণার মান, প্রকাশনার নৈতিকতা এবং আন্তর্জাতিক জার্নালে গবেষণা প্রকাশের বিভিন্ন দিক নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) সেমিনার ও স্বীকৃতি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ সাজিদ ভবনের নিচতলায় শিক্ষক লাউঞ্জে ইউনিভার্সিটি টিচার্স লিংক (ইউটিএল) জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে এ সেমিনার অনুষ্ঠিত হয়। ‘ন্যাভিগেটিং অ্যাকাডেমিক ইন্টেগ্রিটি: হাই-ইমপ্যাক্ট আর্টিকেল পাবলিকেশন অ্যান্ড দ্য রাইজ অব রিট্র্যাকশনস’ শীর্ষক সেমিনারে গবেষণার মান ও প্রকাশনার নৈতিকতার বিভিন্ন দিক তুলে ধরা হয়।

সেমিনারে মূল বক্তব্য দেন রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এবং ইউটিএলের সভাপতি অধ্যাপক ড. মো. আতিয়ার রহমান। তিনি বলেন, গবেষণার ক্ষেত্রে শুধু প্রকাশনার সংখ্যা বাড়ানোর দিকে মনোযোগ না দিয়ে মানসম্মত ও নৈতিক গবেষণাকে গুরুত্ব দিতে হবে।

তিনি আরও বলেন, ভালো জার্নালে গবেষণা প্রকাশের মাধ্যমে একজন গবেষক আন্তর্জাতিক স্বীকৃতি, সাইটেশন ও পেশাগত সুযোগ পেতে পারেন। অন্যদিকে, নিম্নমানের বা ভুয়া জার্নালে গবেষণা প্রকাশ করলে গবেষকের গ্রহণযোগ্যতা নষ্ট হতে পারে।

অধ্যাপক ড. মো. আতিয়ার রহমান বলেন, গবেষণা শুরুর আগে গবেষণা প্রশ্নের নতুনত্ব, যৌক্তিকতা, তাৎপর্য ও গ্রহণযোগ্যতা যাচাই করা জরুরি। পাশাপাশি গবেষণার পুনরুৎপাদনযোগ্যতা (রিপ্রোডিউসিবিলিটি), মান এবং প্রকাশনার নৈতিকতা নিশ্চিত করতে হবে। এ ছাড়া তিনি গবেষণার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

প্রধান অতিথির বক্তব্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী বলেন, দেশকে এগিয়ে নিতে হলে শুধু রাজনীতি নয়, গবেষণা ও বিজ্ঞানভিত্তিক কাজেও মনোযোগ দিতে হবে। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) আমাদের প্রতিদ্বন্দ্বী নয়। সঠিকভাবে ব্যবহার করতে পারলে এটি গবেষণা ও শিক্ষা খাতের উন্নয়নে সেরা সহকারী বা স্লেভ হিসেবে বিশাল ভূমিকা রাখতে পারে।

ইউটিএল জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক অধ্যাপক ড. আবু লায়েকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. পেয়ার আহমেদ এবং ইউটিএলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যাপক ড. মোহাম্মদ বিলাল হোসাইন।

এ ছাড়া বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে ইউটিএল আয়োজিত প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, জকসুর সাধারণ সম্পাদক এবং সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।