বিশ্ব চীনা ভাষা সম্মেলনে অংশ নিতে চীনের রাজধানী বেইজিং গেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য অধ্যাপক মো. ফরিদুল ইসলামের নেতৃত্বে ৩ সদস্যের প্রতিনিধি দল।
বুধবার (১১ নভেম্বর) রাতে উপাচার্য বেইজিংয়ের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন জানিয়েছেন জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক এস এম কামরুজ্জামান। সম্মেলনটি বেইজিংয়ের চায়না ন্যাশনাল কনভেনশন সেন্টারে আগামী ১৩ থেকে ১৫ নভেম্বর অনুষ্ঠিত হবে।
আন্তর্জাতিক এ আয়োজনটিতে বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়ের শীর্ষস্থানীয় ব্যক্তিবর্গ, নীতিনির্ধারক, শিক্ষাবিদ, গবেষক ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশগ্রহণ করবেন। সম্মেলনে চীনা ভাষা শিক্ষার প্রসার, সাংস্কৃতিক বিনিময় এবং আন্তর্জাতিক শিক্ষা ও গবেষণা সহযোগিতা জোরদার করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হবে।
এ সম্মেলনে রাবির উপাচার্যের অংশগ্রহণের মাধ্যমে চীনের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে শিক্ষা ও সাংস্কৃতিক সম্পর্ক আরও সুদৃঢ় করার সুযোগ সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে।
সম্প্রতি রাবিতে কনফুসিয়াস ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয়েছে। এই ইনস্টিটিউটের অন্যতম লক্ষ্য হলো চীনা ভাষা শিক্ষা ও সংস্কৃতির প্রসার, পারস্পরিক সাংস্কৃতিক বোঝাপড়া বৃদ্ধি এবং বাংলাদেশ ও চীনের মধ্যে শিক্ষা ও গবেষণা সহযোগিতা জোরদার করা। এ প্রেক্ষাপটে বিশ্ব চীনা ভাষা সম্মেলনে রাবি উপাচার্যের অংশগ্রহণ বিশেষ তাৎপর্য বহন করবে বলে আশাবাদী বিশ্ববিদ্যালয় প্রশাসন।