তাইওয়ান নিয়ে চীনের পরিকল্পনা স্পষ্ট করলেন শি

তাইওয়ানের সঙ্গে চীনের এক হওয়া অবশ্যম্ভাবী এবং ইতিহাসের গতিরোধ করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বৃহস্পতিবার (১২ নভেম্বর) বেইজিংয়ে দেওয়া এক বক্তব্যে তিনি তাইওয়ানের সঙ্গে শান্তিপূর্ণ পুনরেকত্রীকরণের আহ্বান জানান। তবে এ ক্ষেত্রে সামরিক শক্তি প্রয়োগের বিষয়ে কোনো কথা বলেননি তিনি। শির বক্তব্যের পরপরই তা প্রত্যাখ্যান করেছে তাইওয়ান সরকার। খবর রয়টার্সের। 

গণতান্ত্রিকভাবে পরিচালিত তাইওয়ানকে নিজেদের ভূখণ্ড বলে দাবি করে চীন। তবে বেইজিংয়ের এ দাবি বরাবরই প্রত্যাখ্যান করে আসছে তাইপে। দ্বীপটির ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় চীন দীর্ঘদিন ধরে 'এক দেশ, দুই ব্যবস্থা' নীতির প্রস্তাব দিয়ে আসছে। তবে তাইওয়ানের কোনো প্রধান রাজনৈতিক দলই এ প্রস্তাব সমর্থন করে না।

বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে দেওয়া বক্তব্যে শি জিনপিং বলেন, তাইওয়ান প্রশ্নের সমাধান করা চীনের কমিউনিস্ট পার্টির একটি অবিচল ঐতিহাসিক দায়িত্ব।

তিনি বলেন, 'ইতিহাসের গতিরোধ করা যায় না। মাতৃভূমির পূর্ণ পুনরেকত্রীকরণ অবশ্যই বাস্তবায়ন করতে হবে এবং তা নিশ্চিতভাবেই বাস্তবায়িত হবে।' 

শির বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জানিয়েছে তাইওয়ানের সরকার। দেশটির মেইনল্যান্ড অ্যাফেয়ার্স কাউন্সিল বলেছে, 'এক দেশ, দুই ব্যবস্থা' নীতি তাইওয়ান সরকার কিংবা জনগণ—কেউই মেনে নিতে পারে না। এ নীতি শেষ পর্যন্ত চীনের কমিউনিস্ট পার্টির কর্তৃত্ববাদী শাসনের অধীনে যাওয়ারই নামান্তর।

বিপ্লবী নেতা সান ইয়াত-সেনের ১৬০তম জন্মবার্ষিকী উপলক্ষে দেওয়া বক্তব্যে এসব কথা বলেন শি জিনপিং। ১৯১১ সালের বিপ্লবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন সান ইয়াত-সেন। ওই বিপ্লবের মধ্য দিয়ে চীনে কয়েক শতাব্দীর রাজতান্ত্রিক শাসনের অবসান ঘটে এবং চীন প্রজাতন্ত্রের যাত্রা শুরু হয়।

শি বলেন, চীন শান্তিপূর্ণ পুনরেকত্রীকরণ এবং 'এক দেশ, দুই ব্যবস্থা' নীতিতে অটল রয়েছে। 'এক চীন' নীতির ভিত্তিতে তাইওয়ানের সঙ্গে আলোচনায় বসতেও বেইজিং প্রস্তুত।

তিনি আরও বলেন, তাইওয়ানসহ সব চীনা নাগরিকের উচিত একযোগে তাইওয়ানের স্বাধীনতাকামী বিচ্ছিন্নতাবাদী শক্তির বিরোধিতা করা এবং দুই ভূখণ্ডের সম্পর্কের শান্তিপূর্ণ উন্নয়নে কাজ করা।

যদিও শি এবার সামরিক শক্তি প্রয়োগের কথা উল্লেখ করেননি, তবে তাইওয়ানের বিরুদ্ধে প্রয়োজনে বলপ্রয়োগের পথ কখনোই পুরোপুরি বন্ধ করেনি বেইজিং। দ্বীপটির আশপাশে চীনের সামরিক বাহিনীর নিয়মিত তৎপরতা রয়েছে। পাশাপাশি প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলেও নিজেদের সামরিক উপস্থিতি ও প্রভাব বাড়াচ্ছে দেশটি।