ইসলামী ব্যাংকের টাকা আত্মসাৎ, দুই কর্মকর্তার ১০ বছর কারাদণ্ড

ইসলামী ব্যাংকের যশোর শাখা থেকে প্রতারণা, জালিয়াতি ও দুর্নীতির মাধ্যমে ১ কোটি ১৪ লাখ ২ হাজার ৬৯৩ টাকা আত্মসাতের মামলায় দুই ব্যাংক কর্মকর্তাসহ চারজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত। দণ্ডপ্রাপ্ত দুই সাবেক ব্যাংক কর্মকর্তাকে সর্বোচ্চ ১০ বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে আত্মসাৎ করা অর্থ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্তের নির্দেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) যশোরের স্পেশাল জজ (জেলা ও দায়রা জজ) আদালতের বিচারক এস এম নূরুল ইসলাম এ রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) বিশেষ সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট সিরাজুল ইসলাম।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন চট্টগ্রামের ডাবলমুরিং থানার আসকারাবাদ মিস্ত্রিপাড়ার হক ভিলা, ১২৮৫ নম্বর বাড়ির জিয়াউল হক ও তার ছেলে এনামুল হক। অন্য দুজন হলেন খুলনার রূপসা উপজেলার রাজাপুর গ্রামের আব্দুল হামিদের ছেলে ইসলামী ব্যাংকের যশোর শাখার সাবেক সিনিয়র অফিসার ও বিনিয়োগ কর্মকর্তা শেখ জামিল আহমেদ এবং যশোরের চৌগাছা উপজেলার সুখপুকুরিয়া গ্রামের মোকসেদ আলীর ছেলে সাবেক গুদামরক্ষক মোয়াজ্জেম হোসেন। শেখ জামিল ও মোয়াজ্জেম দুজনই চাকরিচ্যুত।

আদালতের রায়ে এনামুল হক ও জিয়াউল হককে দণ্ডবিধির ৪০৬ ধারায় দুই বছর, ৪২০ ধারায় তিন বছর, ৪৬২(ক) ধারায় দুই বছর এবং ৪৬২(খ) ধারায় দুই বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। প্রতিটি ধারায় তাদের দুই হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

অন্যদিকে শেখ জামিল আহমেদ ও মোয়াজ্জেম হোসেনকে দণ্ডবিধির ৪২০ ধারায় তিন বছর, ৪০৯ ধারায় ১০ বছর, ৪৬২(ক) ও ৪৬২(খ) ধারায় দুই বছর করে এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় তিন বছর সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। ৪২০, ৪৬২(ক) ও ৪৬২(খ) ধারায় প্রত্যেককে দুই হাজার টাকা করে এবং ৪০৯ ধারায় পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে এসব ধারায় পৃথকভাবে আরও তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

রায়ে আত্মসাৎ করা ১ কোটি ১৪ লাখ ২ হাজার ৬৯৩ টাকা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্তের নির্দেশ দেওয়া হয়েছে। বিচারক উল্লেখ করেছেন, শেখ জামিল আহমেদ ও মোয়াজ্জেম হোসেনের স্থাবর-অস্থাবর সম্পত্তি থেকে এ অর্থ আদায়যোগ্য। আসামিদের সাজা একই সঙ্গে কার্যকর হবে। দণ্ডপ্রাপ্ত চারজনই বর্তমানে পলাতক।

মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, ১৯৯১ সালের ৫ ডিসেম্বর এনামুল হক ইসলামী ব্যাংকের যশোর শাখায় ৫০ লাখ টাকা বিনিয়োগ সুবিধা চেয়ে আবেদন করেন। পরবর্তী সময়ে ১৯৯২ সালের ১৯ এপ্রিল তার অনুকূলে এক কোটি টাকার বিনিয়োগ সুবিধা অনুমোদন করা হয়। এ ক্ষেত্রে চট্টগ্রামের একটি সম্পত্তি বন্ধক দেখিয়ে যশোরের ঠিকানা ব্যবহার করা হয়েছিল। অভিযোগ অনুযায়ী, বন্ধক রাখা সম্পত্তি যথাযথভাবে যাচাই না করেই বিনিয়োগ সুবিধা দেওয়া হয়।

পরবর্তী সময়ে ব্যাংকের গুদামে টায়ার ও টিউব মজুত দেখিয়ে নয়টি ডিলের মাধ্যমে মেসার্স কনফিডেন্স টায়ার হাউজের নামে ৯৬ লাখ ৭৫ হাজার ২৫০ টাকা পরিশোধ করা হয়। তবে ব্যাংকের গুদামে নামমাত্র কিছু টায়ার-টিউব রাখা হয়েছিল। অধিকাংশ পণ্য সরবরাহের নামে অর্থ আত্মসাৎ করা হয় বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে।

পরে গুদামে থাকা কিছু পণ্য নিলামে বিক্রি করে তিনটি বিনিয়োগ হিসাব সমন্বয় করা হয়। তবে বাকি ছয়টি হিসাবে ৭৬ লাখ ৭৫ হাজার ২৫০ টাকা অনাদায়ী থেকে যায়। সুদ, কমিশন ও অন্যান্য হিসাব যুক্ত হয়ে ১৯৯৫ সালের ২৬ এপ্রিল পর্যন্ত আত্মসাৎ করা অর্থের পরিমাণ দাঁড়ায় ১ কোটি ১৪ লাখ ২ হাজার ৬৯৩ টাকা।

এ ঘটনায় তৎকালীন জেলা দুর্নীতি দমন কর্মকর্তা এম এ সোবহান বাদী হয়ে ২০০০ সালের ২১ মে যশোর কোতোয়ালি থানায় মামলা করেন। পরে দুদকের তদন্ত শেষে ২০১৩ সালের ২৮ জানুয়ারি চার আসামিকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেন তদন্তকারী কর্মকর্তা ও দুদকের উপসহকারী পরিচালক আবদুল ওয়াদুদ। দীর্ঘ সাক্ষ্যগ্রহণ শেষে আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত এ রায় ঘোষণা করেন।