স্ত্রীকে হত্যার মামলায় স্বামীসহ পাঁচজনের বিচার শুরু

আপডেট : ১১ নভেম্বর ২০২৬, ১০:১৮ পিএম

দক্ষিণখানে স্ত্রী আফরোজাকে হত্যা করে কানাডায় পালিয়ে যাওয়ার মামলায় স্বামী আশরাফুল আলম সুমনসহ পাঁচ আসামির বিচার শুরু হয়েছে। আজ বুধবার (১১ নভেম্বর) ঢাকার শিশু নিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ সরওয়ার আলম উভয় পক্ষের শুনানি শেষে আসামিদের অব্যাহতির আবেদন নাকচ করে অভিযোগ গঠন করেন। একই সঙ্গে ১৪ ডিসেম্বর সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেন।

মামলার অন্য আসামিরা হলেন আশরাফুলের বাবা শামছুদ্দিন আহমেদ, ভাই সজীব আলম, ভাইয়ের স্ত্রী তাহমিনা বাশার এবং খালা আইনজীবী পান্না চৌধুরী। অভিযোগ গঠনের সময় আশরাফুলকে কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। জামিনে থাকা বাকি চার আসামি আদালতে উপস্থিত ছিলেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০২৩ সালের ২৭ মে ঢাকার দক্ষিণখানের নদ্দাপাড়ায় শ্বশুরবাড়ি থেকে নিখোঁজ হন ৪০ বছর বয়সী আফরোজা। চার দিন পর, ৩১ মে রাতে ওই বাড়ির সীমানার ভেতর মাটির নিচ থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ।

আফরোজার খোঁজ না পেয়ে তাঁর ভাই আরিফুল ইসলাম দক্ষিণখান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। ওই জিডির তদন্ত করতে গিয়ে পুলিশ শ্বশুরবাড়ির সদস্যদের কথাবার্তায় অসংগতি খুঁজে পায়। পরে তাঁদের সঙ্গে যোগাযোগ রেখে তথ্য সংগ্রহের একপর্যায়ে পুলিশ জানতে পারে, আফরোজাকে হত্যা করে বাড়ির সীমানার ভেতর মাটিচাপা দেওয়া হয়েছে।

তদন্ত কর্মকর্তা দক্ষিণখান থানার উপপরিদর্শক (এসআই) রেজিয়া খাতুন ২০২৩ সালের ডিসেম্বরে আশরাফুলসহ পাঁচজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন।

অভিযোগপত্রে বলা হয়, ঘটনার পর আশরাফুল স্ত্রীর মরদেহ মাটিচাপা দিয়ে কানাডায় চলে যান। চলতি বছরের ১২ ফেব্রুয়ারি কানাডা থেকে দেশে ফেরেন আশরাফুল। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত