জয়পুরহাটে দুই দিনব্যাপী আদিবাসীদের সহরায় উৎসব

‘স্বতন্ত্র ভাষা ও সংস্কৃতি একটি জাতির আত্মপরিচয়’—এই স্লোগানকে সামনে রেখে জয়পুরহাটে শুরু হয়েছে আদিবাসীদের ঐতিহ্যবাহী দুই দিনব্যাপী ৩৩৩তম সহরায় সাংস্কৃতিক উৎসব। সদর উপজেলার পালী আদিবাসী গ্রামের ঐতিহ্যবাহী বুড়ি কালী সহরায় মন্দির চত্বরে এ উৎসবের আয়োজন করা হয়েছে। উৎসবে আদিবাসী শিল্পীরা নিজেদের ভাষার গান ও ঐতিহ্যবাহী নৃত্য পরিবেশন করেন। এ উপলক্ষে মন্দিরের আশপাশে বসেছে গ্রামীণ মেলা।

আয়োজকেরা জানান, প্রতিবছর কালীপূজার দুই দিন পর জয়পুরহাট সদর উপজেলার পালী আদিবাসী গ্রামে এ উৎসব অনুষ্ঠিত হয়। এতে জয়পুরহাটসহ আশপাশের বিভিন্ন জেলা থেকে আসা অর্ধশতাধিক আদিবাসী দল অংশ নেয়। লাল, সাদা ও সবুজ শাড়ি পরে মাথায় ফুল গুঁজে নিজস্ব ভাষার গানের সঙ্গে নৃত্য পরিবেশন করেন শিল্পীরা। ঢাক ও শাঁখের তালে উৎসবের আনন্দ আরও প্রাণবন্ত হয়ে ওঠে। তাদের পরিবেশনা উপভোগ করতে বিভিন্ন এলাকা থেকে দর্শনার্থীরা আসেন। অনুষ্ঠান শেষে বিজয়ী তিনটি দলকে পুরস্কার দেওয়া হয়।

উৎসব উপলক্ষে বুড়ি কালী মন্দিরের চারপাশে বসেছে গ্রামীণ মেলা। মেলায় মণ্ডা-মিঠাই, হরেক রকমের খেলনা ও বিভিন্ন সামগ্রীর পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আল মামুন মিয়া, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, শহর বিএনপির সভাপতি আমিনুর রহমান বকুল, ভাদসা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শাহ আলম, জাতীয় আদিবাসী পরিষদ জেলা শাখার সভাপতি রতন সিং, বাংলাদেশ আদিবাসী সংঘের সাবেক সভাপতি কার্ত্তিক সিং এবং সহরায় সাংস্কৃতিক উৎসব উদ্‌যাপন কমিটির সভাপতি দিলীপ সিংসহ অনেকে।