নারায়ণগঞ্জে বাড়িতে গাঁজা চাষ, গাছসহ গ্রেপ্তার ১

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নিজ বসতবাড়িতে গাঁজা চাষের অভিযোগে মো. মোবারক হোসেন ওরফে কালে খান (২৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে এসআরবি-১১। এ সময় তার বাড়ি থেকে প্রায় ছয় ফুট উচ্চতার একটি জীবিত গাঁজা গাছ উদ্ধার করা হয়।

বুধবার দিবাগত রাতে সিদ্ধিরগঞ্জের আদমজী শিমুলপাড়া বিহারি ক্যাম্প এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় এসআরবি-১১।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ওই এলাকায় এক ব্যক্তি নিজ বসতবাড়িতে অবৈধভাবে গাঁজা চাষ করছেন—এমন তথ্যের ভিত্তিতে এসআরবি-১১-এর সদর কোম্পানির একটি দল অভিযান চালায়। এ সময় পালানোর চেষ্টা করলে মোবারক হোসেনকে আটক করা হয়। পরে তার বসতঘরের সীমানাপ্রাচীরের ভেতরে দরজার সামনে রোপণ করা গাঁজা গাছটি উদ্ধার করা হয়।

উদ্ধার করা গাছটির উচ্চতা ৫ ফুট ৭ ইঞ্চি এবং ডালপালা ও পাতাসহ ওজন ৩ কেজি ২০০ গ্রাম।

গ্রেপ্তার মোবারক হোসেন সিদ্ধিরগঞ্জের শিমুলপাড়া বিহারি ক্যাম্প এলাকার মৃত আনোয়ার হোসেন ও রাজিয়া খাতুনের ছেলে। প্রাথমিক অনুসন্ধান ও জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘদিন ধরে নিজ বাড়িতে গোপনে গাঁজা চাষ করে আসছিলেন বলে জানা গেছে।

এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সিদ্ধিরগঞ্জ থানায় নিয়মিত মামলা করা হয়েছে।