ওয়ালটন-ল্যাবএইড ডিআরইউ মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টে দাপুটে জয় পেয়েছে দেশ রূপান্তর। বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাজধানীর পল্টন আউটার স্টেডিয়ামে দিনের শেষ ম্যাচে বিডিনিউজ২৪-কে ২৯ রানে হারিয়েছে দলটি।
ব্যাট হাতে ফয়সাল খানের ঝোড়ো ৪৫ রানের ইনিংস জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ জয়ে গ্রুপ পর্বের ফাইনাল নিশ্চিত করেছে দেশ রূপান্তর।
ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) আয়োজিত এ টুর্নামেন্টের ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় বিডিনিউজ২৪। ব্যাট করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করেন দেশ রূপান্তরের ওপেনার ফয়সাল খান। তবে দ্বিতীয় ওভারেই কোনো রান না করে প্যাভিলিয়নে ফেরেন অপর ওপেনার শওকত আলী পলাশ। শুরুতে উইকেট হারালেও রানের গতি ধরে রাখেন ফয়সাল।
অতিথি খেলোয়াড় মীর জসিমকে সঙ্গে নিয়ে দলের সংগ্রহ বাড়াতে থাকেন তিনি। তবে ২৪ রান করে বোল্ড হয়ে ফেরেন জসিম। এরপর আব্দুল হামিদ ক্রিজে এসে ফয়সালকে সঙ্গ দেন। কিন্তু ভুল বোঝাবুঝিতে রানআউট হয়ে সাজঘরে ফেরেন ফয়সাল। তার ব্যাট থেকে আসে দলের পক্ষে সর্বোচ্চ ৪৫ রান।
নির্ধারিত ছয় ওভারে ৯১ রান সংগ্রহ করে দেশ রূপান্তর। জবাবে ৯২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে বিডিনিউজ২৪। দেশ রূপান্তরের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে দলটি। শেষ পর্যন্ত ৬২ রানেই গুটিয়ে যায় বিডিনিউজ২৪-এর ইনিংস। ফলে ২৯ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে দেশ রূপান্তর।
ম্যাচসেরার পুরস্কার জিতেছেন দেশ রূপান্তরের ফয়সাল খান। শুক্রবার গ্রুপ পর্বের ফাইনালে দেশ রূপান্তরের প্রতিপক্ষ চ্যানেল আই। এ ম্যাচে জয়ী হলেই কোয়ার্টার ফাইনালের টিকিট পাবে দলটি।
এদিকে দিনের অন্য ম্যাচগুলোতে জয় পেয়েছে আগামীর সময়, ইন্ডিপেনডেন্ট টেলিভিশন, বাংলাদেশ প্রতিদিন, স্টার নিউজ, বাংলানিউজ২৪ ডটকম, একাত্তর টিভি ও আমাদের সময়।
ক্রীড়া সম্পাদক ওমর ফারুক রুবেলের সঞ্চালনায় খেলা শেষে ম্যাচসেরার হাতে পুরস্কার তুলে দেন ডিআরইউর সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল, অর্থ সম্পাদক নিয়াজ মাহমুদ সোহেল, সাংস্কৃতিক সম্পাদক মনোয়ার হোসেন, সদস্য নাইমুদ্দিন, সাবেক সহসভাপতি শফিকুল ইসলাম শামীম ও গাজী আনোয়ার এবং সাবেক ক্রীড়া সম্পাদক মজিবুর রহমান।
এ ম্যাচে দেশ রূপান্তর দলের নেতৃত্ব দেন ফয়সাল খান। দলের অন্য খেলোয়াড়েরা হলেন শওকত আলী পলাশ, জুনায়েদ শিশির, আরিফ শাওন, অতিথি খেলোয়াড় মীর জসিম, আব্দুল হামিদ ও ফজলুর রহমান। দলের সঙ্গে উপস্থিত ছিলেন শাহেদুর রহমান ও নাজমুল ইসলাম।